২১ জানুয়ারি সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সংস্কৃতি–বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব রণজিৎ কুমার বিশ্বাসের একক আবৃত্তিসন্ধ্যা।
অনুষ্ঠানের শুরুতে আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কথামালা। এতে অংশ নেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎরক্ষিত, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বজিৎ পাল।
কথামালার পর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাফা কামাল। তারপর প্রমা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রণজিৎ বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আসরে রণজিৎ কুমার বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রথম পঙ্ক্তি, প্রশ্ন, প্রেম ও পূজা পর্যায়ের বেশকিছু কবিতা আবৃত্তি করেন। এরপর একে একে পাঠ করেন সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, নজরুলের ‘ক্ষমা কর হজরত’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’, সিকান্দর আবু জাফরের ‘বাংলা ছাড়ো’ ও নির্মলেন্দু গুাণের ‘কসাই’ কবিতাসহ বেশ কয়েকটি কবিতা। আবৃত্তির ফাঁকে ফাঁকে গানও শুনিয়েছেন তিনি।