কবিতায় যুদ্ধ ও স্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিংসার জন্যই হিংসা নয়/আমি বলি ভালোবাসা...।’ আবিদ আজাদের ‘গ্রেনেড’ কবিতা আবৃত্তি করছিলেন লুসি রাবি বড়ুয়া। কবিতায় ভালোবাসার এ আহ্বান ছড়িয়ে গেল দর্শকদের মননে। তাঁদের কবিতায় ফিরে ফিরে এসেছে যুদ্ধ, স্বাধীনতা ও যুদ্ধাপরাধ। বোধন আবৃত্তি স্কুলের সমাবর্তন ৮ আগস্ট সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্পন্ন হলো। শুরুতেই ছিল খ বিভাগের শিক্ষার্থীদের একক আবৃত্তি। এতে অংশ নেন ২৪ জন শিক্ষার্থী। কবিতার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানালেন তাঁরা। এরপর ২৪ শিশু একে একে মঞ্চে এসে মজার কবিতা ও ছড়া শোনায়। এবার মঞ্চে আসন গ্রহণ করেন অতিথিরা। প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াক্ফ) ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, বোধন আবৃত্তি স্কুলের সভাপতি আব্দুল হালিম দোভাষ ও স্কুলের অধ্যক্ষ রণজিৎ রক্ষিত। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এবার ক বিভাগে ৬১ জনের মধ্যে ৪৫ জন ও খ বিভাগে ৬৫ জনের মধ্যে ৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবার বৃন্দ আবৃত্তি। সোহেল আনোয়ারের গ্রন্থনায় শিশুরা পরিবেশন করে ‘হাসির সুতোয় বোনা’। মহড়া পরিচালনা করেন নাঈমা নাজনীন। এরপর ‘কাজলরেখা’ নিয়ে মঞ্চে আসেন খ বিভাগের শিক্ষার্থীরা। ‘কাজলরেখা’র গ্রন্থনা করেছেন কুমার প্রীতিশ বল ও নাজমা নিগার। মহড়া পরিচালনা করেন মাইনুল আজম চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আরাফাত রূপক ও বীথিকা বসাক।