কবিতায় শাণিত হোক সবার শুভবোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃস্তব্ধ নিরবতা। সবাই শুনছেন জিহাদের গল্প। ছোট্ট শিশু আইসিস যখন বলে উঠল...অন্ধকারের গর্ত থেকে দেশটাকে তোরা বাঁচা। মনের অজান্তেই সবার দুই হাত বারবার একত্র হলো। করতালির শব্দে ভরে গেল বণিক সমিতির মিলনায়তন।
ছোট্ট শিশুটির পেছনের ব্যানারে লেখা ছিল কবিতায় শাণিত হোক সবার শুভবোধ। সবার শুভবোধকে শাণিত করার জন্যই রাজশাহী বন্ধুসভা ১১ মার্চ আয়োজন করেছিল কবিতা সন্ধ্যার।
এই কাবিতা সন্ধ্যায় বন্ধুসভার লিখিয়ে বন্ধুদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রাজশাহী শহরের বড় বড় সব কবি-সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী। তাঁরা সবাই কবিতা পাঠ ও আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রুহুল আমিন প্রামাণিক, কামরুল ইসলাম, নুসরাত জাহান, মনিরা রহমান, আবুল কালাম মুহম্মদ আজাদ, মোস্তাক রহমান, নাদিম মাহমুদ, আশফাকুল আশেফিন, শামীম হোসেন, আশিফা আশরাফী, শফিক আজিজ ও কবিকুঞ্জের কবিরা এবং মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে রাজশাহী আবৃত্তি পরিষদের শিশুশিল্পী রূপন্তি, তিনা, পিংকি, প্রাপ্তি।
কবিতার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজাউল করিম, হামিদুল ইসলাম। সঞ্চালনা করেন বন্ধুসভার সাবেক সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি আজমিরা বিজলী।
কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক নিজের লেখা কবিতা পাঠের আগে নিজ জীবনের একটি উদাহরণ দেন এবং কবিতা কী জিনিস, তা সবাইকে বোঝাতে সক্ষম হন। তিনি বললেন, উনসত্তরের গণ-আন্দোলনের সময় ছাত্রনেতা ছিলেন। নাওয়া-খাওয়া ঠিকমতো করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন। যান চিকিৎসকের কাছে। ওষুধ হাতে ফেরার পথে রবিঠাকুরের একটি গান শুনতে পান। মনের অজান্তেই থমকে দাঁড়ান। হাতের ওষুধ হাতে, পেটের ক্ষুধা পেটে গান থামলে নিজেকে আবিষ্কার করেন একটি সুস্থ মানুষের চোখে জল।
কবি ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক কামরুল ইসলাম কবিতার শক্তি নিয়ে আলোচনা করেন।
আবৃত্তিশিল্পী মনিরা রহমান সাঁওতালি ভাষায় একটি কবিতা আবৃত্তি করেন। কবিতায় একটি সাঁওতালি মাঝির মেয়ে কীভাবে নিজ গোত্র ও বংশপরিচয় হারাল, সে বর্ণনা শুনে একেক জনের গা শিউরে উঠছিল।