
সম্প্রতি নগরে পর পর বেশ কয়েকটি কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ের সহিংসতার প্রতিবাদ জানিয়ে আসরগুলোতে কবিতা পাঠ করেন বিভিন্ন সংগঠনের আবৃত্তিকারেরা।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ: রাজনৈতিক সহিংসতা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গত ৩০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।
আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিত ও কবি কামরুল হাসান।
অনুষ্ঠানে আবৃত্তি করেন মিলি চৌধুরী, রাশেদ হাসান, ফারুক তাহের, আয়েশা হক, অনুপম অপরাজিতা প্রমুখ। এরপর অঞ্চল চৌধুরীর নির্দেশনায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সদস্যরা ‘মুক্তির গান’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। রাশেদ হাসানের নির্দেশনায় ‘চিরকালের প্রমিথিউস’ পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন এবং তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা পরিবেশন করেন মো. মুজাহিদুল ইসলামের গ্রন্থ্থনা ও নির্দেশনায় ‘মশালের লাল ওই জ্বলছে’।
স্বপ্নযাত্রী: ‘কবিতায় ধ্বনিত হোক শান্তির বাণী’ এই স্লোগানে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে স্বপ্নযাত্রীর আয়োজনে অনুষ্ঠিত হয় কবিতা সন্ধ্যা। শুরুতেই ছিল স্বপ্নযাত্রীর সদস্যদের বৃন্দ পরিবেশনা। এরপর আবৃত্তি পরিবেশন করেন রণজিৎ রক্ষিত, মুজাহিদুল ইসলাম ও মশরুর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি খালিদ আহসান এবং নাজমুন নাহার।
শৈশব: গত ২৭ ডিসেম্বর শুক্রবার নগরের শহীদ মিনারে আবৃত্তি সংগঠন শৈশবের আয়োজনে অনুষ্ঠিত হয় আবৃত্তির আসর ‘উচ্চারণে একাত্তর’। বিকেল তিনটায় শুরু হওয়া এ আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। শৈশবের সাধারণ সম্পাদক মিলি চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি ও একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান মাইনুদ্দীন দুলাল। আসরে শৈশবের শিল্পীরা পরিবেশন করেন ‘যমুনাবতী’ শিরোনামের বৃন্দ আবৃত্তি। এই পরিবেশনার পর ‘বুকের ভেতর বারুদ ছিল’ শিরোনামের বৃন্দ আবৃত্তি করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা। এরপর একে একে আবৃত্তি করেন অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান, ফারুক তাহের, দেবাশীষ রুদ্র, মিশফাক রাসেল প্রমুখ।
চট্টগ্রাম আবৃত্তি একাডেমি: চট্টগ্রাম আবৃত্তি একাডেমির আয়োজনে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় মেহেদীবাগের বিশদ বাঙলায় অনুষ্ঠিত হয় আবৃত্তি সন্ধ্যা। শুরুতে আবৃত্তি করে রাইদা কেফায়েত, প্রনম্য অনিন্দ্য, আদ্রিতা বড়ুয়া, দেবজ্যুতি ভট্টাচার্য, আবরার হানিফ, রাদিয়া নুরাঈন, নাঈম উদ্দীন চৌধুরীসহ খুদে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও কবিতা আবৃত্তি করেন প্রিয়ম পাড়িয়াল, রুদ্রিতা বড়ুয়া, সায়েম আহমদ ও আজামাইন মোহাম্মদ। শেষে পরিবেশিত হয় ‘ভালোবাসি বাংলাদেশ’ শিরোনামের বৃন্দ প্রযোজনা। অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন নাঈমা নাজনীন।