কবিতায় স্বাধীনতার কথা
কবিতার ধ্বনিতে উচ্চারিত হলো স্বাধীনতার কথা। ‘স্বাধীনতার পরে স্বাধীনতার খোঁজে’ শিরোনামে ১ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৃজনশীল সংগঠন ঐকতানের উদ্যোগে অনুষ্ঠিত হয় আবৃত্তি সন্ধ্যা। এ আয়োজনের প্রথম পর্বে ছিল আলোচনা সভা।
এতে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল এবং আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। ঐকতানের সদস্য লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সুমন কান্তি দে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে জাতি তাদের ক্ষমা করবে না।’
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলোর সদস্যদের পরিবেশনা। এতে একক আবৃত্তি পরিবেশন করেন মিশফাক রাসেল, মশরুর হোসেন, লিটন সরকার, মামুরা মমতাজ, শামীমা ইয়াসমিন, তৈয়বা জহির, এহতেশামুল হক, সমুদ্র টিটো, এ্যানি দে, সাইদুল করিম ও ইউসুফ হাসান।
আয়োজনে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমি ও নির্মাণ আবৃত্তি অঙ্গনের সদস্যরা। সবশেষে ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন ঐকতানের শিল্পীরা।