কবিদের সম্মাননা জানাল প্রেসক্লাব
ঢাকের বোল, কবিতার পঙিক্তমালা আর গানের ছন্দ-সুরে ১৪ এপ্রিল জমকালোভাবে উদ্যাপিত হলো চট্টগ্রাম প্রেসক্লাবের বৈশাখী উৎসব। এবারের উৎসবে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় কবি ও সাংবাদিকদের।কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় দিনব্যাপী বৈশাখী উৎসবে পরিবারের সদস্য নিয়ে প্রেসক্লাবে হাজির হয়েছিলেন সাংবাদিকেরা। উৎসবের শুরুতে কবিদের উত্তরীয় পরিয়ে দেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। সংবর্ধিত কবিরা হলেন অরুণ দাশগুপ্ত, স্বপন দত্ত, নূর মোহাম্মদ রফিক, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, আবু তাহের মুহাম্মদ, সৈয়দ আবদুল ওয়াজেদ, নাজিমুদ্দীন শ্যামল ও রাশেদ রউফ। ক্লাবের পক্ষ থেকে কবিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ব্যবস্থাপনা কমিটির সদস্য মনজুর কাদের।এর আগে সকাল নয়টায় ঢোলের তালে তালে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন আলী আব্বাস। ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈশাখী উৎসবের কর্মসূচি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে র্যাফল ড্র।উৎসবে খই, মোয়া, নাড়ু, বাতাসাসহ চিরায়ত বাঙালির ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন মানস পাল চৌধুরী, আলাউদ্দিন তাহের, সুবর্ণা রহমান, রাজীব ভট্টাচার্য, শাপলা পাল, লিটন সেন, মুক্তা বিশ্বাস প্রমুখ।সবশেষে র্যাফল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।