দরিরামপুর স্কুল থেকে নামাপাড়ার বিচুতীয়া বেপারীবাড়ি। এর মধ্যে একটিমাত্র মাঠ, শুকনির বিল নামে যা পরিচিত। ময়মনসিংহের ত্রিশালে এ জায়গাগুলোর প্রতিটি স্থানে জড়িয়ে আছে কবি কাজী নজরুল ইসলামের শৈশবস্মৃতি। আর তাই বিখ্যাত সেই শুকনির বিলের পাশেই গড়ে উঠেছে আমাদের জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়টি।আজ ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে। কবির ১১২তম জন্মদিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির জন্মোৎসব পালন করা হয় তিন দিন ধরে। উৎসবের প্রস্তুতি দেখতেই ত্রিশালে আসা। মূল ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকতেই চমৎকার এক সুরের মূর্ছনা। সমবেত সুরে ‘একি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী...’ গানটি যেন এই পরিবেশে যথার্থ হয়ে উঠেছে। ভেতরে এসেই উন্মোচিত হলো আরও দুয়ার। নাট্যকলার শিক্ষার্থী ওয়াসিফ বলেন, ‘দর্শকদের জন্য তিন দিনের হলেও আমাদের জন্য এ জন্মোৎসব কম করে হলেও এক মাস আগে থেকে শুরু হয়।’সত্যিই তাই। ক্যাম্পাসজুড়ে চলছে জাতীয় কবির জন্মদিন যথাযথভাবে বরণ করে নেওয়ার জোর প্রস্তুতি। গোলাপ, বেলি, হাসনাহেনা ফুলের ফুটে ওঠা এরই জানান দিচ্ছে। দুই দিন আগে ক্যাম্পাসে এসে জানা গেল, প্রায় সব বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবেন। তাই নিজেদের মধ্যে চলছে অলিখিত প্রতিযোগিতা।বিবিএর শিক্ষার্থী সোমা বলেন, ‘আমরা বেশি ভালো করতে পারা মানে আমাদের কবির প্রতি বেশি ভালোবাসা।’ অবশ্য তাঁর কথার পাত্তাই দিলেন না নাট্যকলা বিভাগের আরেক শিক্ষার্থী মনির। তিনি বলেন, ‘কে কতটা ভালো করল, এটা তাদের দক্ষতার ব্যাপার। তবে আমার বিশ্বাস, সব অনুষ্ঠান হবে চমৎকার।’ মাহফুজ বলেন, ‘নাট্যকলা বিভাগের যাত্রা শুরু হলো এ বছর থেকে। তাই বলে তো আর আমরা বসে থাকতে পারি না। আমরা মঞ্চস্থ করব কবির লেখা নাটক আলেয়া।’ এরই প্রস্তুতি দেখা গেল একটি রুমে। মোজাম্মেল বলেন, ‘সবাই তো আর অভিনয় করবে না। যেমন আমি কাজ করব প্রপস ও মঞ্চসজ্জা নিয়ে। সব পরিকল্পনা শেষ করে নিয়েছি রাফি, আসিফ, ফরহাদ, মহিতুরকে সঙ্গে নিয়ে।’ নাটকটি অনেকবার মঞ্চস্থ হলেও অনেক বিষয়ে বৈচিত্র্য থাকবে বলে জানালেন নাট্যকলার শিক্ষক শাহমান মৈশান।ইংরেজির শিক্ষার্থী আনোয়ার জানান, নজরুলের জন্মোৎসব ত্রিশালবাসীর কাছে শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত। তা না হলে এই উৎসবের জন্য কি কেউ নতুন করে পোশাক কেনে? নাটকের মহড়া থেকে গেলাম সংগীত বিভাগে। এখানেও চলছে গান, যা দূর থেকে কানে এসে লাগছিল। সমবেত কণ্ঠে গাইছেন সবাই, ‘রুম ঝুম, রুম ঝুম নূপুরও বাজে...’। মহড়ার ভেতরই তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৃদুল জানালেন, তাঁরা সমবেত সংগীত করবেন ১০-১২টা। রাশেদ যোগ করলেন, তা ছাড়া দ্বৈত ও একক সংগীত তো থাকবেই। সংগীতের প্রথম ব্যাচের শিক্ষার্থী ওরিন নাশিদ বলেন, ‘ছোটবেলা থেকে গান শিখতাম, আর এই আগ্রহে এখানে গান নিয়ে পড়ছি।’ আরেক শিক্ষার্থী তুলি সরকারের গানের মহড়া শেষ হতে না হতেই কানে এল নূপুরের রুনুঝুনু শব্দ। বিভিন্ন বিভাগের একঝাঁক ছেলেমেয়ে অংশ নেবেন এই নৃত্যে। সবার সহযোগিতায় সব কটি নৃত্যের কোরিওগ্রাফি করছেন বিবিএর শিক্ষার্থী তারানা। ‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’ দ্বৈত নৃত্যে তারানার সঙ্গে অংশ নেবেন নাহিদ।তিন দিনের উৎসবের দায়িত্বে থাকা সংগীত বিভাগের প্রধান রশিদুন নবী বলেন, ‘আলেয়া ছাড়া আরও দুটি নাটক থাকবে। পুতুলের বিয়ে ও ম্যায় ভুখা হু। এসব নাটকে অভিনয় করবেন অন্য বিভাগের শিক্ষার্থীরাও।’বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান হলেও সবার অংশগ্রহণের জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করে কবিতা, ছড়া, গান, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার, যার কারণে এই উৎসব হয়ে ওঠে পুরো এলাকার উৎসব।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ জানান, তিন দিনের এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও থাকবে নজরুলের রচনা ও জীবনবিষয়ক বিভিন্ন আলোচনা, যা শিক্ষার্থীদের শেখার ক্ষেত্র বাড়াবে। কবির জন্মোৎসবের তিন দিনের এই উৎসবে যোগ দিতে আপনিও আসতে পারেন ত্রিশালে। এ সময় এখানে আপনার জন্য রয়েছে এক ঢিলে তিন পাখি মারার সুযোগ। কারণ, জন্মদিন ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে নজরুল একাডেমি আয়োজন করেছে তিন দিনের অনুষ্ঠান, নজরুল কলেজে চলছে মেলা। সব মিলিয়ে দারুণ উপভোগ্য হবে।