কবির তোরণের বিজয়লক্ষ্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ছিল, হাতে ছিল অস্ত্র। আত্মরক্ষার জন্য তাঁরা পালিয়ে যেতে পারতেন। আর আশ্রয়দাতার ঠিকানা নির্দিষ্ট, নিরস্ত্র ও প্রশিক্ষণহীন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত বাড়ির মহিলারা চরম ঝুঁকির মধ্যে থাকতেন। তবুও ওঁরা অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছেন। জীবনের প্রতি মায়া ত্যাগ করে মুক্তিযোদ্ধাদের সন্তানের মতো আগলে রেখেছিলেন। এ জন্য কবির তোরণ বাড়িটির প্রতিটি মানুষকে পাকসেনাদের বর্বর নির্যাতনের শিকার হতে হয়েছে। তার পরও তাঁরা পিছু হটেননি। কারণ ওই বাড়ির প্রতিটি মানুষ বিশেষ করে নারীরাও জনযুদ্ধের গণযোদ্ধা হয়ে উঠেছিলেন।’ কথাগুলো বলছিলেন মুক্তিযোদ্ধা রাইসুল হক বাহার। আসামের হাফলং থেকে প্রশিক্ষণ শেষ করে তিনি চট্টগ্রাম নগরের মোগলটুলির ‘কবির তোরণ’ বাড়িতে আশ্রয় নেন। হাজেরা খাতুনের ওই বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ও যোগাযোগকেন্দ্র। এটি এলাকায় মাতব্বর বাড়ি নামে পরিচিত ছিল। যুদ্ধের নয় মাস এ বাড়িটি বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) প্রধান কার্যালয় ও অস্ত্রাগার হিসেবে ব্যবহূত হতো। এ বাড়ির গরীবুল্লাহ ও তাঁর তিন ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। আনোয়ার উল্লাহকে ধরে নিয়ে হাত ভেঙে দেয় পাক সেনারা। ওই বাড়ির মহিলারা প্রায় ৩০০ মুক্তিযোদ্ধাকে খাইয়েছেন, কাপড় ধুয়েছেন এমনকি বিভিন্ন অভিযানে অস্ত্র সরবরাহ করেছেন। ১৪ ডিসেম্বর পাকিস্তানিরা বাড়িটি ঘেরাও করে। শত নির্যাতনের মুখেও মুক্তিযোদ্ধাদের নাম বা অবস্থানের কথা জানতে পারেননি পাকসেনারা। কাউকে ধরতে না পেরে এক কর্মকর্তা হাজেরার মুখে লাথি মারে। এর ফলে তাঁর মুখের পেশি ছিঁড়ে যায়। ওই পরিস্থিতিতে ঠিকমতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। মুখের ক্যানসারে মারা যান তিনি। হাজেরার পুত্রবধূ হাফেজা খাতুন, নুরুন্নাহার বেগম, আছিয়া খাতুনও মুক্তিযোদ্ধাদের জন্য অসম সাহস দেখিয়েছেন। এসব নারী অস্ত্র আনা-নেওয়ার কাজও করেছেন। নুরুন্নাহার ছাড়া আর সবাই মারা গেছেন। হাজেরা খাতুনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন হাজেরার ছেলে গরীবুল্লাহ মাতব্বর। তিনি বলেন, ‘এই বাড়ি থেকে অসংখ্য অপারেশনের পরিকল্পনা ও যাত্রা হয়েছে। আমার মা সাহায্য না করলে এটি সম্ভব হতো না।’ এখানে থেকে যুদ্ধ করেছেন মাহফুজুর রহমান ও সাইফুদ্দীন (বর্তমানে দুজনই চিকিৎসক)। সাইফুদ্দীন জানান, ‘ওই বাসার মহিলারা আমাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতেন, আমাদের নিরাপত্তার বিষয়টি দেখতেন। অথচ ৫০০ গজ দূরেই ছিল পাকসেনাদের আস্তানা।’মাহফুজুর রহমান বলেন, ‘উনারা সন্তানের মতো আমাদের দেখাশোনা করতেন। সব ধরনের সাহায্য করতেন।’ স্মৃতিচারণা করতে গিয়ে নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার তখন মাত্র বিয়ে হয়েছে। পাঞ্জাবিরা আমার স্বামীকে মারার জন্য খুঁজছিল। উনি ভারতে পালিয়ে গিয়েছিলেন। খুব টেনশন হতো। অপারেশনের সময় চামড়ার স্যুটকেসে ভরে অস্ত্র নিতাম। কখনো বোরকার নিচে অস্ত্র লুকিয়ে রাখতাম। আমাদের বাড়ি অনেকবার ঘেরাও হয়েছে—পাকিস্তানিরা অনেকবার বাড়ি তল্লাশি করেছে। একবার আমরা মুখে কালি মেখে হালিশহর নানাশ্বশুরের বাড়ি চলে গিয়েছিলাম। সেই দিনগুলোর কথা এখনো আমি ছেলেমেয়েদের বলি।’