অনেক দিন পর লেখা আনার জন্য গেলাম আবদুল মান্নান সৈয়দের গ্রিন রোডের বাড়িতে। প্রায়ই এ ধরনের কাজে আমার কবি-লেখকদের বাড়ি যেতে হয়। অবশ্য এবার, লেখাটা আনার কথা ছিল অন্য একজন অফিস সহকারীর। সে না যাওয়াতেই আমি গেলাম। অভ্যর্থনা থেকে ইন্টারকমে বলা হলো, প্রথম আলো থেকে লোক এসেছে। পাঠিয়ে দেওয়ার জন্য বললেন আবদুল মান্নান সৈয়দ। বাসার দরজাটা খোলা ছিল। দেখলাম, তিনি লেখাটা পড়ছেন। আমি জুতা খুলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি ইশারায় তাঁর পাশে বসতে বললেন। এরপর বললেন, ‘কখনো জুতা বাইরে রেখে আসবেন না; দেখবেন, নিমেষে হাওয়া।’ তাঁকে জিজ্ঞেস করলাম, ‘স্যার, আপনার শরীর কেমন?’ বললেন, ‘ভালো না। আমার হার্টের সমস্যা আছে। আগে দুবার হাসপাতালে ছিলাম, একবার সিসিইউতে ছিলাম।’ জিজ্ঞেস করলাম, ‘স্যার, সিসিইউটা কী? এটা কি কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার যন্ত্র?’ তিনি বললেন, ‘না, এর এক ধাপ আগেরটা। এটা হলে তো আর বাঁচানো যায় না। আমাকে ডাক্তাররা অপারেশন করতে বলেছিল। আমি বলেছি, অপারেশন করব না। বেশি দিন বাঁচার ইচ্ছা আমার নাই। আর এসব অপারেশন করানোর অনেক খরচ। এত টাকাপয়সাও আমার নাই।’টাকার অভাবে স্যার চিকিৎসা হবে না? ‘লোকে তো মনে করে, আবদুল মান্নান সৈয়দ এত বড় বাড়িতে থাকে, আরও কত কিছু। এ জায়গা আমরা পেয়েছি পৈতৃক সূত্রে। বাবা করে রেখে গেছেন, নতুবা আমার পক্ষে এটা করা সম্ভব ছিল না। আমাকে দিয়ে কিছু হবে না।’কেন স্যার? আপনাদের মতো স্বনামধন্য লোক সমাজে কজন আছে?‘সুনাম? ওটা তো হলো লেখালেখির কারণে। ক্ষমতায় যারা থাকে, তাদের সঙ্গে লাইনঘাট না থাকলে কিছু হয় না। আমার পক্ষে সেটা সম্ভব না। আর ধন-সম্পদের প্রতি অত লোভও আমার নেই। বাবা যা রেখে গেছেন, তা-ই ধরে রাখতে পারলাম না। বাবা অবশ্য একটা কথা বলে গেছেন, কোনো সম্পদই তিন পুরুষের বেশি থাকে না। আমরাই রাখতে পারলাম না।’স্যার, আপনাদের আগের বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। ঘর ছাড়াও অনেক জায়গা ছিল বাড়িতে। মধ্যখানে এই বাড়িটা ছেড়ে আপনি অন্য একটা বাড়িতে ছিলেন।‘তুমি কি ওই বাড়িতেও গিয়েছিলে?’জি, স্যার।‘তাহলে তো তুমি অনেক পুরোনো লোক।’জি স্যার, আমি ভোরের কাগজ-এর শুরু থেকেই ছিলাম।‘তাহলে প্রথম আলোয় জয়েন করলে কবে?’এখানেও স্যার শুরু থেকেই আছি। স্যার, আপনার ওই বাড়িটা কিন্তু অনেক বড় ছিল।‘তুমি ঠিকই বলেছ। ওই বাড়ির ড্রয়িংরুমের সমান আমার পুরো বাসাটা। এখন অবশ্য এসব বাসা মুরগির খোপের মতো। আলো-বাতাস নাই। খেলার জায়গা নাই বাচ্চাদের। এইগুলি নিয়ে আর ভাবি না। যখন ডাক আসবে, চলে যাব।’স্যার, অনেক দিন পর আপনার লেখা নিতে এলাম। আপনি লেখেন না কেন? আপনার লেখার পাঠক আছে।‘আমি তোমাদের ওখানে লিখলেও যে টাকা পাব, অন্য পত্রিকায়ও তা-ই পাই। যারা আমাকে সম্মান করে, তাদের ওখানেই লিখি। মতি ভাই কী কারণে জানি আমাকে খুব পছন্দ করেন। তাঁর অনুরোধেই আমি আবার লিখতে শুরু করেছি। যাক, তুমি আবার অফিসে এসব নিয়ে আলোচনা কোরো না।’স্যার, কোনো একটা লেখায় পড়েছিলাম, আপনার মা-বাবার নামে আপনি স্মরণিকা বের করতেন?‘এটা এখনো করি। তাঁদের মৃত্যু দিবসে এটা করি, খুব অল্প করে। এটা যখন প্রথম শুরু করি, তখন খরচ হতো, বারো শ থেকে পনেরো শ টাকা। সেটার খরচ দাঁড়িয়েছে এখন পঁয়ত্রিশ শ থেকে চার হাজার টাকা। রঙিন করলে আরও খরচ হয়। এটা করতেই আমি হিমশিম খাই। মানুষের কত পয়সা! এই যে ব্যাংক ডাকাত, জমি ডাকাত, এদের বিরুদ্ধে কিন্তু কেউ লিখবে না। কারণ ব্যবসায়িক স্বার্থ আছে তো।’না স্যার, আপনি হয়তো আমাদের পত্রিকা পড়েন না। আমরা কিন্তু ভূমিদস্যু, ঋণখেলাপিদের বিরুদ্ধে সিরিজ রিপোর্ট করেছি এবং করছি।‘তাই নাকি, তাহলে তো খুবই ভালো কথা। পত্রিকাগুলো তো সাধারণ মানুষের খবর খুব বেশি প্রকাশ করে না। সমাজের উঁচু ও রাজনৈতিক ব্যক্তিদের খবর প্রথম ও শেষ পাতাসহ পুরো পত্রিকায়। মধ্যখানে থাকে সাধারণ মানুষের খবর। খুব কম। আমি স্বপ্ন দেখি, প্রথম পাতায় না থাকলেও শেষ পাতাসহ বেশির ভাগ পাতায় সাধারণ মানুষের খবর থাকবে এমন একটা পত্রিকা। আমি মনে হয় তোমাকে দেরি করিয়ে দিচ্ছি।’না স্যার, ঠিক আছে। স্যার, আপনি নিয়মিত লিখবেন। আপনার লেখার পাঠক আছে। তারা আপনার লেখা পড়তে চায়।‘আমার লেখা কি তোমার ভালো লাগে?’হ্যাঁ, স্যার। ‘আমার খুব ভালো লাগল শুনে। আমি তোমাদের মতো মানুষের জন্য লিখি। আমার লেখা প্রায় শেষ।’আবদুল মান্নান সৈয়দ স্ত্রীকে তাঁর বাবা ও মায়ের ওপর লেখা দুটি স্মরণিকা দিতে বললেন। ‘এটা পড়ে দেখো, আমি কেমন পরিবার থেকে এসেছি। এটা পড়ে তাঁদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তুমি পোড়ো, ভালো থেকো।’ বললাম—আসি স্যার। স্যারের কাছ থেকে লেখাটি আনার কদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। লেখক: প্রথম আলোর অফিস সহকারী। তিনি প্রথম আলোর ‘ঈদ উপহার’ বিশেষ সংখ্যার লেখা আনতে কবির কাছে গিয়েছিলেন