পশু-পাখি পোষার ঝোঁকটা ছেলেবেলা থেকেই। সেই ছোট্ট বয়সেই ঘরে পুষতেন সাপ-বেজি। বিশ্বাস করুন আর না-ই করুন! তাঁর বলার ভঙ্গি এবং মনোবল দেখে আপনাকে অবশ্য বিশ্বাস করতে হবে কথাটা। তাঁর কবুতরবাড়িতে গেলে সাপ-বেজি পোষার ব্যাপারটা মোটেও অবিশ্বাস্য মনে হবে না। ৫৫ বছর বয়স্ক এই মানুষটা এখন আর সাপ-বেজি না পুষলেও আগলে রেখেছেন নিজের শখের কবুতরগুলোকে। তাঁর বাসার ছাদে বাড়তি একটা ঘরই আছে শুধু কবুতরদের জন্য। প্রায় ২০ রকমের ৫০ জোড়া কবুতর রয়েছে তাঁর শখের ঘরে। কোনোটাই দেশি চেনা প্রজাতির কবুতর না। অবশ্য এর মধ্যে অধিকাংশ তিনি নিজে ‘গবেষণা’ করে বের করেছেন। এবার নিশ্চয় অবাক হচ্ছেন। কবুতরের জাত আবার গবেষণা করে বের করে কী করে? তিনি কি প্রাণীবিদ! অথবা গবেষক! এর কোনোটাই তিনি নন। কিন্তু একটার সঙ্গে আরেকটা মিলিয়ে নতুন জাত এবং নানাবিধ রঙের কবুতর জন্ম দেওয়ার কাজে তিনি সিদ্ধহস্ত। সংক্ষেপে হয়তো সংকর প্রজাতির কবুতরও বলা যায়। কিন্তু তিনি সংকর বলতে নারাজ। একটা উদাহরণ দেওয়া যাক, ইসম্যেকার উদ্দিন সিল্কি কবুতরের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে রীতিমতো এর রং এবং শারীরিক গঠন পরিবর্তন করে দিয়েছেন। একই রকম গবেষণা চালিয়েছেন ফানটেল কবুতরের ওপর। পরিবর্তন হয়েছে এই জাতেরও। ইসম্যেকার উদ্দিনের এই গবেষণার ব্যাপারটি ঢাকা শহরের কবুতরপ্রেমীদের কাছে বেশ আলোচিত। কবুতরের রাজ্যেদোতলা দালানের ছাদে কবুতরের থাকার ব্যবস্থা। ঘরটা বেশ বড়সড়। তবে ঘরের ভেতরে প্রবেশ করতে হয় ছোট্ট দরজা দিয়ে। প্রবেশ করলেই চোখ চলে যায় থরে থরে সাজানো খাঁচার দিকে। প্রতিটি খাঁচার মধ্যে জোড়ায় জোড়ায় নানা প্রজাতির কবুতর। কোনোটা ডানা ঝাপটাচ্ছে, কোনোটা ঠোঁট দিয়ে চুলকে নিচ্ছে নিজের পিঠ। কোনোটা ময়ূরের মতো পেখম মেলে ধরেছে। কোনোটা আদর করে বাচ্চার ঠোঁটে খাবার তুলে দিচ্ছে। আবার কোনোটা ট্রেতে দেওয়া খাবারের স্বাদ নিচ্ছে ঠুকরে ঠুকরে। যেমন জ্যাকোবিন কবুতরের কথাই ধরা যাক। দেহের গড়নটা চিকন-লম্বা। কিন্তু গলায় রয়েছে সিংহের মতো কেশর। দু-পেয়ে ছোট সিংহ বলে ভ্রম হতে পারে। আবার বুখারায় মাথায় কিশোরীর মতো ঝুঁটি করা। শরীরের সঙ্গে মিলিয়ে পায়ে মোজার মতো পালক। পটারের দিকে তাকালে চোখ আটকে যায়। যেন একটা ফুটবল ঝুলিয়ে রেখেছে গলায়। যাঁরা চোখ দেখে প্রেমে পড়ে যান, তাঁরা নিশ্চিত বার্ব হোমারের দিকে তাকাবেনই। এমন মায়াকাড়া চোখ মানুষেরও হয় না হয়তো। এ রকম হাজারটা উদাহরণ দেওয়া যাবে ইসম্যেকার উদ্দিনের কবুতরের রাজ্য নিয়ে। একেকটা একেক রকম। আলাদা গায়ের রং। ভিন্ন ভিন্ন চেহারা। কবুতর যদি শান্তির প্রতীক হয়, তবে এ যেন শান্তির আশ্রম।ফানটেল-জ্যাকোবিন দম্পতিএক খাঁচার ভেতর ফানটেল ও জ্যাকোবিন কবুতর। দুটোর চেহারা দুই রকম। গায়ের রংও। কিন্তু দুটোর বেশ ভাব। একটা আরেকটার ঘাড়ে ঠোঁট দিয়ে ঠুকরে দিচ্ছে। যেন বহুদিনের প্রেম। ইসম্যেকার উদ্দিন বললেন, এই দুটোকে কিছুদিন আগে এক খাঁচায় রাখা হয়েছে। নতুন একটি জাত উদ্ভাবন করতে। এরই মধ্যে এই নতুন দম্পতি ডিম দিয়েছে। কদিন হলো ডিম ফুটে বাচ্চা হয়েছে। নতুন বাচ্চা নিয়ে বেশ সুখেই আছে ফানটেল-জ্যাকোবিন দম্পতি। তবে তাদের বাচ্চা কি রঙের বা গড়নের হবে সেটা তখনো জানেন না ইসম্যেকার উদ্দিন। এ রকম নানা ধরনের জাত তৈরি করেছেন তিনি। নামও দিয়েছেন আলাদা। তিনি বলেন, ‘আমার কাছে এমন অনেক রং এবং গড়নের কবুতর রয়েছে যেগুলো এ দেশে অন্য কারও কাছে নেই।’ তিনি দাবি করেন, কালো বা লাল রঙের পালক এবং সাদা লেজের ফানটেল পাওয়া কঠিন। এ রকম নানা জাতের কবুতর রয়েছে তাঁর সংগ্রহশালায়। যেমন স্ট্রেচার, পলিস্মেক, খয়েরি ফানটেল, জ্যাকোবিন, পটার, বার্ব হোমার, বুখারা, উজবেক টামলার, লক্ষ্যাসহ নানা জাতের এবং রঙের কবুতর। এসব কবুতরের বাসস্থান প্রতিদিন নিয়ম করে নিজ হাতে পরিষ্কার করেন, খাবার দেন। প্রতিদিন কমপক্ষে তিন-চার ঘণ্টা ব্যয় করেন প্রিয় কবুতরের সঙ্গে। ২০ বছরের সাধনাইসম্যেকার উদ্দিন প্রায় ২০ বছর ধরে কবতুর পালন করছেন। এই ২০ বছরে অনেক জাত হারিয়ে যেতে দেখেছেন। দেখেছেন নতুন জাতের আগমন। একই সঙ্গে মিশেছেন অনেক কবুতরপ্রেমীর সঙ্গেও। কথা প্রসঙ্গে অনেকটা আক্ষেপ ঝাড়েন, এখন যাঁরা কবুতর পালন করেন, তাঁরা নিজের ইচ্ছেমতো দাম বাড়ান-কমান এবং একজন আরেকজনকে বিপদে ফেলতে বেশি তৎপর থাকেন। শখের বাইরে ইসম্যেকার উদ্দিন পেশা হিসেবে নিয়েছেন ব্লক-বাটিক প্রিন্টের ব্যবসা। স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে নিয়ে থাকেন মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শেষ বাড়িটায়। দোতলা বাড়ির ছাদেই তাঁর শখের কবুতরের বসবাস।