কবে শেষ হবে থানচি-ঘুমধুম সড়কের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লামা উপবিভাগীয় প্রকৌশলীর লাইনঝিরি কার্যালয়ে সাত লাখ ইট ২০ বছর ধরে পড়ে আছে। বান্দরবান থেকে থানচি-আলীকদম হয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত নির্মীয়মাণ সড়কের জন্য এসব ইট আনা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত অর্থবরাদ্দের অভাবে সড়কের নির্মাণকাজ দেড় যুগ ধরে বন্ধ রয়েছে। ফলে ইটগুলো অব্যবহূত অবস্থায় পড়ে রয়েছে বলে সওজ কর্মকর্তারা জানিয়েছেন। কবে নাগাদ সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু ও শেষ হবে সওজের লোকজন জানেন না। বান্দরবানে সওজের এক প্রকৌশলী জানিয়েছেন, আশির দশকে জেলার সঙ্গে সব উপজেলার সংযোগ স্থাপনের জন্য সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রায় ২০০ কিলোমিটার বান্দরবান-থানচি-আলীকদম-বাইশারি-নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক নির্মাণকাজ শুরু করে সওজ। ১৯৯০-৯১ অর্থবছরে সড়কের কিছু অংশে কাজ করার পর বাকি কাজের জন্য প্রায় আট লাখ প্রথম শ্রেণীর ইট কেনা হয়। পরবর্তীকালে সড়ক উন্নয়নের জন্য কিছু বরাদ্দ পাওয়া গেলেও তা অপ্রতুল এবং নির্ধারিত স্থানের জন্য না হওয়ায় ইটগুলো ব্যবহার করা যায়নি। সরেজমিনে সওজের লামা উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে দেখা যায়, সওজের বিশাল এলাকাজুড়ে খোলা আকাশের নিচে ইটের সারি। ইটগুলোর ওপর শেওলা জমেছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় ইটগুলোর গুণগতমান কমে গেছে কি না জানতে চাইলে সওজের লামা কার্যালয়ের তত্ত্বাবধায়ক আবু তাহের জানান, ‘আরও ২০ বছর এভাবে পড়ে থাকলেও এসব ইটের গুণগতমানের হেরফের হবে না।’ এ বছর সড়কের জন্য বেশি অর্থবরাদ্দ পাওয়া যাবে এবং ইটগুলো কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি আশা করেন। সওজের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) জাফর আলম ও শাখা কর্মকর্তা মমতাজুর রহমান জানান, সড়কটির নির্মাণকাজ শেষ হলে দুর্গম বান্দরবান জেলার সব উপজেলায় যোগাযোগ সহজ হবে। ইতিমধ্যে ২০০ কিলোমিটার সড়কের বিভিন্ন প্যাকেজে সেনাবাহিনীর প্রকৌশল কোরের সহযোগিতায় কমবেশি প্রায় চার-তৃতীয়াংশের কাজ হয়েছে। সেনাবাহিনী চিম্বুক থেকে থানচি এবং থানচি থেকে আলীকদমের প্রায় ১২৮ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শেষ করেছে। আলীকদম-বাইশারি-নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম অংশের প্রায় ৭২ কিলোমিটার অংশের অধিকাংশ কাজ এখনো বাকি। এর মধ্যে আলীকদম-বাইশারি অংশের ৩২ কিলোমিটার সড়কের মাত্র সাড়ে ছয় কিলোমিটারে মাটির কাজ করা হয়েছে। বাকি প্রায় ২৬ কিলোমিটার এলাকায় এখনো মাটি ও জঙ্গল কাটার কাজও হয়নি। এ ছাড়া বাইশারি-নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম অংশে ৪০ কিলোমিটার এলাকায় সড়কের প্রায় ২৯ কিলোমিটার অংশে ইট বিছানোর কাজ বাকি। সওজের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রকৌশলী জানিয়েছেন সড়কটির জন্য অর্থবরাদ্দ হয় রক্ষণাবেক্ষণ খাত থেকে। এ খাতে সাধারণত বরাদ্দ কম থাকে। ফলে এ সড়কের জন্যও প্রতিবছর অত্যন্ত কম বরাদ্দ পাওয়া যায়। এ জন্য প্রায় দেড় যুগ ধরে সড়কটির নির্মাণকাজ ধীরগতিতে চলছে। কখন কাজ শেষ হবে তা কেউ জানেন না বলে মন্তব্য করেন ওই প্রকৌশলী।