কম খরচে উন্নত সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ওয়্যারলেস মোড় পেরিয়েই সবুজ গাছগাছালির ছায়া সুনিবিড় বেষ্টনীর মাঝে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল। সুন্দর পরিবেশ ও সেবাদান কার্যক্রম দেখে যেকোনো রোগীর মন জুড়িয়ে যাবে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘চিকিৎসকদের আল্লাহ একটি বিশেষ সুযোগ দিয়েছেন। আশরাফুল মাখলুকাত অর্থাৎ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের নিঃস্বার্থ সেবা করা’—এ চিন্তা মাথায় রেখে ১৯৭৫ সালে বিশিষ্ট চিকিৎসক মো. ইব্রাহীম প্রথম ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন এনায়েতবাজারে। শুরুতে নিজস্ব ভবন বা অবকাঠামোগত সুবিধা ছিল না। আবাসন অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া একটি ভবনে সীমিত লোকজন নিয়ে শুরু হয় হাসপাতালের কার্যক্রম। পরবর্তী সময়ে সুধীজন ও বিত্তবানদের সহযোগিতায় এর কার্যক্রম বর্তমান জায়গায় সম্প্রসারণ করা হয়, গড়ে ওঠে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি। শুরুতে ছিল বহির্বিভাগ। পর্যায়ক্রমে ৫০ আসনের আন্তবিভাগ চালু এবং ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে সংযোজন করা হয় বিভিন্ন অত্যাধুনিক রোগ নিরূপণী যন্ত্রপাতি। ডায়াবেটিসের রোগীদের চিকিৎসা ছাড়াও বিভিন্ন রোগ নিরূপণ এবং দন্ত, চক্ষু, বায়োকেমিস্ট্রি, ইকোকার্ডিওগ্রাফি, ফিজিওথেরাপি, পুষ্টি ইত্যাদি চিকিৎসাসেবাও দেওয়া হয় এখানে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানান, ডায়াবেটিসের রোগটি শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে যুক্ত। তাই ডায়াবেটিসের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গের চিকিৎসাও দেওয়া হয়। আর এ জন্য এটির অন্য নাম বহুমূত্র রোগ। সূত্র জানায়, এ হাসপাতালে বিভিন্ন কক্ষ (কেবিন) ও রোগ নিরূপণ ফি অন্য বেসরকারি হাসপাতাল বা রোগ নিরূপণকেন্দ্রের তুলনায় শতকরা প্রায় ৪০ ভাগ কম। এখানে বহির্বিভাগে ১৪টি কক্ষ আছে। এর মধ্যে সাধারণ কক্ষ ৪০০ টাকা, ডিলাক্স ৬০০ টাকা, শীতাতপ-নিয়ন্ত্রণসহ ডিলাক্সের জন্য এক হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া ইসিজি ১৮০ টাকা, ফিজিওথেরাপি ৫০ থেকে ২০০ টাকা ও আলট্রাসনোগ্রাফি ফি নেওয়া হয় ৪০০-৬০০ টাকা। এখানে রয়েছে পুষ্টি বিভাগ। জ্যেষ্ঠ পুষ্টি কর্মকর্তা হাসিনা আকতার বলেন, ‘আমাদের বিভাগটি ১২ বছর ধরে কাজ করছে। এর মূল কাজ কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা রোগীদের খাবার ও ওষুধ-পথ্যের তালিকা তৈরি করে দিই যাতে তাঁরা তা যথাযথভাবে মেনে চলেন।’ চিকিৎসক মোকাম্মেল এলাহি মুরাদ ও মুজিবুল হক চৌধুরী জানান, ‘এখানে রোগীদের জীবনমান সম্পর্কেও উপযুক্ত দিকনির্দেশনা দেওয়া হয়। কারণ তাঁদের জীবন চলবে থ্রি-ডি প্রক্রিয়ায় অর্থাৎ ডায়েট, ডিসিপ্লেন, ড্রাগ। প্রতিদিনের ব্যায়াম তো আছেই।’ প্রশাসনিক সূত্র জানায়, হাসপাতালে একটি জাকাত ও দরিদ্র তহবিল রয়েছে। এ তহবিল থেকে প্রতিমাসে গরিবদের বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে প্রায় ৩০ লাখ টাকা দামের ইনসুলিন দেওয়া হয়। এ ছাড়া, প্রসূতিদের জন্য খুব শিগগিরই চালু করা হবে ‘মাতৃঘর’। চলতি মাসে চালু হবে অস্ত্রোপচার কক্ষ (ওটি) ও লিফট। লিফটের জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছে একে খান ফাউন্ডেশন। রোগীদের জন্য বঙ্গবন্ধুর ফুফাত ভাই শেখ হাফিজুর রহমান দিয়েছেন একটি গাড়ি (অ্যাম্বুলেন্স)।রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, সুপেয় পানি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পরিচ্ছন্ন ক্যানটিন ওষুধ-পথ্যের দোকান এবং ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ রুটির ব্যবস্থা থাকায় তাঁরা সন্তুষ্ট।তিন দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন রাউজানের নূরজাহান বেগম। তিনি বলেন, ‘এখানকার চিকিৎসাসেবা, পরিবেশ খুবই ভালো।’ সন্দ্বীপ থেকে আসা রোগী আমেরিকা প্রবাসী দিদারুল আলম বলেন, ‘আমি যেহেতু প্রবাসে থাকি তাই কোনো কিছু বলা কঠিন। তবে আমি বিভিন্ন সময় প্রয়োজনে অন্য হাসপাতালে গেছি এবং সেখানকার অবস্থা দেখেছি—সে হিসেবে মনে হয়েছে এখানকার সেবা শতভাগ ভালো।’