কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের স্থানীয় কৃষকেরা এবার কম খরচে নয়টি দেশীয় জাতের আউশের চাষ করে ভালো ফলন পেয়েছেন। এসব জাতের আউশ চাষে সার, কীটনাশকসহ কোনো ধরনের খরচ হয়নি। আর ফলনও পাওয়া যাচ্ছে অন্য ধানের চাইতে কম সময়ে। এ নিয়ে হাসি ফুটেছে সংশ্লিষ্ট কৃষকদের মুখে। এসব জাতের ধান চাষে সার্বিক সহায়তা দিচ্ছে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) আন্দোলনের কর্মীরা। মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি গ্রামের কৃষক নুরুল আলম, পশ্চিমপাড়ার লিয়াকত আলী, মোখতার আহমেদ, জে এম ঘাটের আবুল বাশারসহ ১০ জন কৃষকের সঙ্গে। তাঁরা জানান, নয়া কৃষি আন্দোলনের আওতায় তাঁরা দেশীয় নয়টি জাতের আউশ ধানের চাষ করেছেন। এতে কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সারের ব্যবহার ছাড়াই স্বল্পখরচে ফলন ভালো হয়েছে। এতে তাঁরা খুশি। কৃষক লিয়াকত আলী বলেন, ‘আমি পরীক্ষামূলকভাবে দেড় শতক করে মোট ১৫ শতক জমিতে নয়টি জাতের আউশ চাষ করেছি। এতে ফলন ভালো হওয়া ছাড়াও পোকা মাকড়ের আক্রমণ কম।’ কয়েকদিন পর এসব ধান কাটা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি প্রতি কানি (৪০ শতক) জমিতে ৮০ আড়ি ধান পাওয়া যাবে।’ উবিনীগ আন্দোলনের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক জানান, একসময় এ দেশে ১৫ হাজারের বেশি স্থানীয় জাতের ধান চাষ হতো। আধুনিক কৃষি তথা সবুজ বিপ্লবের জোয়ারে এসব ধানের জাত বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া এসব ধান পুনরুদ্ধারের জন্য দেশব্যাপী কাজ করছে উবিনীগ। তিনি জানান, এ আন্দোলনের অংশ হিসেবে শাপলাপুর এলাকায় পরীক্ষামূলকভাবে নয়টি জাতের আউশ ধানের চাষ করা হয়েছে। এগুলো হচ্ছে শনি, কালাবকরি, কালোমানিক, ভাতুরি, শঙ্খপটি, ভইরা, ষাইটা, মুলকে আউস ও খাড়া জামরি। এসব ধান গাছের উচ্চতা সর্বোচ্চ ৬২ ইঞ্চি, ধানের ছড়া ১২ ইঞ্চি এবং প্রতি ছড়ায় ২৪৮টি ধান পাওয়া যায়। উবিনীগের পক্ষ থেকে কৃষকের মধ্যে ধানের বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলকভাবে করা দেশীয় জাতের আউশ চাষের ফলন খরচের তুলনায় ভালোই হয়েছে। আগামী দিনে এসব ধানের চাষ পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।