কম টেস্টোস্টেরনে বেশি বিষণ্নতা

যে সব পুরুষের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম তাঁদের বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণার বরাতে এ খবর জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
২০ থেকে ৭৭ বছর বয়সী ২০০ পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়। স্বাস্থ্য পরীক্ষায় যাদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ২০০ থেকে ৩৫০ এনজি/ডিএল (ন্যানোগ্রামস পার ডেসিলিটার) অর্থাৎ ‘বর্ডার লাইন’ বা ‘ন্যূনতম সীমায়’ রয়েছে।
গবেষণায় দেখা গেছে যে, এই পুরুষদের ৫৬ শতাংশই বিষণ্নতায় ভুগছেন বা তাঁদের মধ্যে বিষণ্নতায় নানা উপসর্গ রয়েছে। আরও দেখা গেছে, এই পুরুষদের চার ভাগের এক ভাগই বিষণ্নতা থেকে মুক্তির ওষুধ খাচ্ছেন। তাঁদের শারীরিক সক্রিয়তা কম এবং তাঁদের অনেকেই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন।
টেস্টোস্টেরন হরমোনের স্বল্পতায় ভুগছেন এমন পুরুষদের সাধারণ উপসর্গগুলো হলো-‘ইরেকটাইল ডিসফাংশন’ বা পুরুষাঙ্গ উত্থানের সমস্যা, যৌন তাড়না কমে যাওয়া, শারীরিক দুর্বলতা ও ঘুমের সমস্যা। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি সেক্সুয়াল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।