কম তেল, কম ভাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম-বেশি সবাই এখন স্বাস্থ্যসচেতন। তেল-চর্বি এড়িয়ে চলা, ক্যালরিযুক্ত খাবার বেশি না খাওয়া—এসব যেন জীবনের অংশ হয়ে গেছে। মূল খাবারের তালিকার পাশাপাশি নাশতাও হওয়া চাই স্বাস্থ্যকর। পেটও ভরবে, শরীরে চর্বিও জমবে না। এর জন্য শুরুতেই বাইরের ফাস্টফুড খাওয়া বাদ দিতে হবে। খিদে পেটে হাতের কাছে কিছু পেলেই গপাগপ গিলে ফেললে হবে না। বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে একেবারে তেলবিহীন খাবার খাওয়াও ঠিক নয়। শরীর ভালো রাখার জন্য চর্বির প্রয়োজন আছে। কিছু ভিটামিন দ্রবণীয় হওয়ার জন্য অল্প পরিমাণে হলেও তেল খাবারে দিতে হবে। তাই তেলবিহীন নাশতা হতে হবে, এমন কোনো কথা নেই। খাবার যা-ই হোক না কেন, তা পরিমিত পরিমাণে খেতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, সকালে নাশতার ওপরেই সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। ভরপেট নাশতা করলে কোনো সমস্যা থাকে না। হালকা গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে। এরপর ডিম সেদ্ধ বা ভাজা—যা-ই খান না কেন, হলুদ অংশ মানে কুসুম বাদ দিয়ে খেলে ভালো। সকালে ময়দার রুটির পরিবর্তে আটার রুটি খেতে পারেন। সঙ্গে সালাদ এক বাটি বা সেদ্ধ সবজি খেলেই পেট ভরপুর। সেদ্ধ সবজিতে সামান্য গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। যাঁরা সেদ্ধ সবজি খেতে পছন্দ করেন না, তাঁরা সামান্য তেলে অল্প আঁচে সবজি রান্না করতে পারেন। আর সকালের নাশতায় অবশ্যই একটা ফল থাকতে হবে। কেউ রুটি-সবজি খেতে পছন্দ না করলে ঝোল ছাড়া মুরগির মাংস খেতে পারেন। দুধের সঙ্গে মিশিয়ে ওটস খেলেও সকালের নাশতা বেশ স্বাস্থ্যকর হবে।সকালের নাশতার পরে আর কিছু খাব না, এটি ঠিক নয়। তাহলে দেখা যাবে দুপুরে বেশি খাওয়া হয়ে গেছে। ফলে ঘড়ির কাঁটা বেলা ১১-১২টার দিকে থাকলে হালকা কোনো খাবার খেতে পারেন। সাধারণত শিঙাড়া, মুড়ি বা বিস্কুটই বেছে নেন সবাই। যদি স্বাস্থ্যকর খাবারের কথাই আসে, তাহলে মুড়িকেই প্রাধান্য দিতে হবে। মুড়ির ক্যালরি যেকোনো বিস্কুট ও শিঙাড়ার থেকে কম। তবে ঝালমুড়ি খেলে কিন্তু হবে না। আবার সমুচা, শিঙাড়া বা নানা ধরনের চিপস, পাঁপড় না খেয়ে পপকর্ন খেতে পারেন।সন্ধ্যায় বা বিকেলের কোনো অনুষ্ঠানে কিংবা নিত্যদিনের অফিসে একই খাবার খেতে ভালো লাগে না। স্বাস্থ্যসচেতন হলেও সুস্বাদু খাবার খেতে মন কার না চায়। চাইলে মেয়োনিজ বা মাখনে ভরপুর বারগার স্যান্ডউইচ না খেয়ে সবজি বা গ্রিলড মুরগির স্যান্ডউইচ খাওয়া যেতে পারে। শুধু গ্রিলড মুরগিও খেতে পারেন। রেসিপিবিদ ফারজানা হালিম হাই বলেন, বাড়িতে কাঁচা ছোলা ভিজিয়ে রাখুন। পরদিন কাঁচা ছোলা, টকদই খেতে পারেন। সালাদে বাজারে কেনা ড্রেসিং না দিয়ে টকদই, তেঁতুলের পানি ব্যবহার করতে পারেন। কাঁচা টমেটো খেতে ভালো না লাগলে একটু সেদ্ধ করে বা গ্রিলড করে সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খাওয়া যেতে পারে।না খেয়ে থাকা কোনো সমাধান নয়। খাবার সঠিক সময়ে ও পরিমিত পরিমাণে খেলে কোনো সমস্যা হবে না।সেদ্ধ সবজির সালাদউপকরণ: ব্রকলি সেদ্ধ এক কাপ, ফুলকপি সেদ্ধ এক কাপ, গাজর সেদ্ধ আধা কাপ, টমেটো আধা কাপ, শসা আধা কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, মধু ১ চা-চামচ, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, এলাচি গুঁড়া আধা চা-চামচ, আদা কুঁচি ১ চা-চামচ, জলপাই তেল ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া স্বাদমতো।প্রণালি: শসা ও টমেটোর বিচি ছাড়িয়ে আধা ইঞ্চি আকারে কেটে নিতে হবে। আলাদা বাটিতে লেবুর রস, টক দই, মধু, দারুচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, আদা কুঁচি, লবণ, গোলমরিচ গুড়া খুব ভালোভাবে মেলাতে হবে। এরপর জলপাইয়ের তেল মিশিয়ে আরও নাড়তে হবে। এখন এ মিশ্রণটি সেদ্ধ সবজির সঙ্গে ভালোভাবে মেশাতে হবে। এরপর পরিবেশন।শসা ও টক দইয়ের ঘন স্যুপউপকরণ: রসুন কুঁচি ১ চা-চামচ, কচি পেঁয়াজ কুঁচি ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, শসা কুঁচি ৪ কাপ, ধনেপাতা কুঁচি ২ টেবিল-চামচ, দই ১ কাপ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ আধা চা-চামচ।প্রণালি: গরম পানিতে রসুন ও পেঁয়াজ কুঁচি দিয়ে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। এরপর সাড়ে ৩ কাপ শসা কুঁচি দিয়ে জ্বাল দিতে হবে ৫-৬ মিনিট। শসা সেদ্ধ হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। পুরো মিশ্রণটির সঙ্গে ধনেপাতা, কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। এরপর বাটিতে ঢেলে এর সঙ্গে টক দই মেশাতে হবে। বাকি আধা কাপ শসা কুঁচি ও আধা চা-চামচ ধনেপাতা কুঁচি মিশিয়ে পরিবেশন করুন।পুরভরা টমেটোউপকরণ: টমেটো বড় ৮টি, ডিম সেদ্ধ ১টি, বড় আলু সেদ্ধ ১টি, ঢাকাই পনির ২ টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ও বিটলবণ সামান্য, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচি স্বাদমতো।প্রণালি: টমেটো গরম পানিতে ১ মিনিট সেদ্ধ করে নিন। এরপর খোসা ছাড়িয়ে নিন। কাঁটাচামচ বা ছুরি দিয়ে গোল করে টমেটোর ভেতরের অংশ তুলে নিন। বাকি সব উপকরণ হালকাভাবে হাত দিয়ে মেখে নিন। এবার টমেটোর ভেতরে এই পুর ঠেসে দিন। প্লেটে সাজিয়ে পরিবেশন।কাবুলি ছোলার চাটউপকরণ: কাবুলি ছোলা সেদ্ধ দেড় কাপ, আলু সেদ্ধ আধা কাপ, কোয়েল পাখির ডিম ৭-৮টা সেদ্ধ, লেবুর রস এক টেবিল-চামচ, তেঁতুল গোলা এক টেবিল-চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, খেজুরের গুড় দুই চা-চামচ, ধনেপাতা কুচি দুই টেবিল-চামচ, রসুন কুচি দুই টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি এক চা-চামচ, পুদিনাপাতা ও লেটুসপাতা সাজানোর জন্যপ্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা। লেটুস ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন।