কম দামে ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত স্থগিত করল সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশনের নয়জন কর্মকর্তা ও কাউন্সিলরের নামে কম দামে ফ্ল্যাট বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত করেছেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ জানুয়ারি সিটি করপোরেশনের ভূমি বিভাগ থেকে কম দামে ১০টি ফ্ল্যাট বরাদ্দের প্রস্তাবসংবলিত ফাইলটি মেয়রের অনুমোদনের জন্য নেওয়া হয়। এ সময় মেয়র তা স্থগিত রাখার জন্য লিখিত আদেশ দেন। জানতে চাইলে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘ফ্ল্যাটগুলোর বরাদ্দ নিয়ে চারদিকে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই সেগুলোর বরাদ্দ স্থগিত করা হয়েছে।’ গত বৃহস্পতিবার প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘সিটি করপোরেশনের কোটি টাকা ক্ষতি/কম টাকায় ফ্ল্যাট কিনছেন কর্মকর্তা ও কাউন্সিলররা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সিটি করপোরেশনের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা হয়। করপোরেশনের ক্ষতি করে কর্মকর্তারা ফ্ল্যাট নেওয়ার খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। বিশেষ করে কর্মকর্তাদের চট্টগ্রাম শহরেই একাধিক বাড়ি ও ফ্ল্যাট থাকা সত্ত্বেও কম টাকায় করপোরেশনের ফ্ল্যাট কেনার আগ্রহ দেখে তাঁদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। জানা যায়, যেসব কর্মকর্তা ও কাউন্সিলর কম দামে ফ্ল্যাট কেনার জন্য আবেদন করেন, তাঁদের অনেকেরই ফ্ল্যাট কেনার জন্য পরিশোধযোগ্য বৈধ আয় নেই। এর পরও কোন উৎস থেকে টাকা নিয়ে এসব ফ্ল্যাট কেনা হচ্ছে সে প্রশ্ন কেউই তোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের দৈনন্দিন কাজ ও উন্নয়ন প্রকল্পের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে চালাচালি করতে অনেক দেরি হয়। কিন্তু ফ্ল্যাট কেনার এ ফাইলটি অবিশ্বাস্য দ্রুততায় সাধারণ সভায় পাসসহ মেয়রের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়।