কম দামেই নকশাদার আসবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘর সাজাতে চাই আসবাব। আর সে আসবাব যদি নকশাদার না হয়, তা হলে কেমন হয় বলুন তো। কাঠের আসবাবে নকশা করা যায়, কিন্তু দামটা সব সময় সাধ্যের মধ্যে থাকে না। সে ক্ষেত্রে লেমিনেটেড বোর্ডের আসবাব দামে সাশ্রয়ী। কিন্তু ঘরের লেমিনেটেড বোর্ডের আসবাবে সেই নতুন আর ভিন্নতার সুযোগটা কই? নকশাবিহীন আসবাবগুলো কেমন যেন প্রাণহীন মনে হয়। নকশার আভিজাত্যটা এত দিন কাঠের আসবাবের একক আধিপত্যেই ছিল। তবে, নকশা ছাড়া লেমিনেটেড বোর্ড আসবাবের দিন বুঝি ফুরিয়ে এসেছে। দেশের আসবাবপত্র নির্মাণকারী প্রতিষ্ঠান অটবি গত ২৫ সেপ্টেম্বর থেকে বাজারে নিয়ে এসেছে নকশাদার লেমিনেটেড বোর্ডের গ্রুভ আর্ট প্রযুক্তির আসবাব। একসময়ের সাদামাটা আসবাবগুলোকেই এখন মনে হবে আরও বেশি বর্ণিল আর নান্দনিক। অটবির প্রচলিত সাধারণ লেমিনেটেড বোর্ডের আসবাবগুলোকেই এখন নিয়ে আসা হয়েছে নকশা দিয়ে। আলমারির কথাই ধরা যাক। সাদামাটা আলমারির দরজাগুলো খুলতে গেলেই মনে হতো, ‘আহ! যদি দরজাগুলোতে সুন্দর কিছু নকশা থাকত!’ এ রকম দীর্ঘশ্বাস ফেলতে হবে না এখন। আলমারি ও দরজাগুলোতে এখন শোভা পাচ্ছে গাছের ডালপালা আর পাতার নকশা। আবার কোনোটাতে পাওয়া যাবে ত্রিভুজ বা চতুর্ভুজের নকশার কারুকাজ। নকশাময় আসবাব বিষয়ে অটবির পরিচালক সোহানা নূর বলেন, ‘লেমিনেটেড বোর্ডের আসবাবে কয়েক বছর ধরে বিশেষ কোনো নতুনত্ব ছিল না। এ কারণে আমরা ভোক্তাদের নতুন কিছু উপহার দিতে চেয়েছিলাম। বেশ কয়েক মাস ধরে গবেষণা করে দেশে এ ধরনের আসবাব আনতে পেরেছি।’ আসবাবগুলোতে সূক্ষ্ম নকশার কাজ কম্পিউটার নিউমারি কন্ট্রোল (সিএনসি) নামক বিশেষ প্রযুক্তির সাহায্যে করা হয়েছে বলেজানালেন সোহানা নূর। বললেন, ‘সাধারণত লেমিনেটেড বোর্ডের আসবাবে নকশা করতে গেলে এর শক্তিমাত্রা ও স্থায়িত্ব কমে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু সিএনসি প্রযুক্তিতে এমনভাবে নকশা করা হয়েছে, যাতে বোর্ডের শক্তিমাত্রায় কোনো প্রভাব ফেলেনি। নয় মাস ধরে নানা পরীক্ষার মাধ্যমে এর মান নিশ্চিত করা হয়েছে।’অটবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানান, গ্রুভ আর্ট প্রযুক্তির নকশা মূলত আধুনিক প্রযুক্তি আর শৈল্পিকতার সংমিশ্রণ। এখানে জ্যামিতিক আসবাবে রৈখিক ছন্দ তৈরি করা হয়েছে। নতুন কারিগরি নকশার এ আসবাবগুলোর চাহিদা এখন তুলনামূলক বেশি।সোহানা নূর আরও জানান, মূলত মধ্যবিত্ত চাকরিজীবী ও নবদম্পতিরা লেমিনেটেড বোর্ড আসবাবের প্রধান ক্রেতা। তবে বিশেষ নকশার আসবাবগুলো এখন উচ্চবিত্তদেরও আকৃষ্ট করছে।তিন ধরনের নকশা আর দুটি ভিন্ন রঙে আসবাবগুলো পাওয়া যাবে। এগুলোর মধ্যে আছে ডবল খাট, আলমারি ও ড্রেসিং টেবিলসহ তিনটি শোবারঘর সেট এবং ডাইনিং টেবিল, ডিনার ওয়াগন, সাইডবোর্ডসহ ডাইনিং রুম সেট। আলাদাভাবেও কেনা যাবে এগুলোর প্রতিটি। খাটের দাম পড়বে ১৬ থেকে ২০ হাজার টাকা। ড্রেসিং টেবিল সাড়ে আট থেকে ১১ হাজার টাকা। আর আলমারি কিনতে খরচ করতে হবে ১৮ থেকে ২২ হাজার টাকা। ঘরের সাজ আর আসবাবে নতুনত্ব ও নান্দনিকতার ছোঁয়া পেতে বেছে নিতে পারেন এ ধরনের আসবাব। পাওয়া যাবে অটবির সব শাখায়।