কম সময়ে ঈদের নাটক নির্মাণের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আসছে ঈদ। সেই সঙ্গে শুরু হয়েছে টিভি চ্যানেলগুলোর জন্য অনুষ্ঠান নির্মাণের ধুম। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে আছে বিভিন্ন ব্র্যান্ডের মজার মজার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে দেখানো হবে নাটক। আর এই নাটক নির্মাণ করতেই ঘাম ছুটে যায় অনেকের। সীমিত সময়ে ও কম বাজেটে কীভাবে ঈদের নাটক নির্মাণ করবেন, তার উপায় বাতলে দিচ্ছেন রাফি আদনান
.
.

প্রথম ধাপ

নাটক নির্মাণের প্রথম ধাপ হিসেবেই থাকছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট আগে থেকে তৈরি থাকলে আপনি প্রথম ধাপ এড়িয়ে যেতে পারেন। সরাসরি চলে যান দ্বিতীয় ধাপে। স্ক্রিপ্ট নিয়ে এখনো কিছুই না ভাবলে এবং ক্রমেই হতাশ হয়ে পড়লে ভাববেন না। ইউটিউবে ডুবে যান। জাপানি, কোরিয়ান, চীনাসহ বিভিন্ন ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখুন মনোযোগ দিয়ে। একটু সময় নিয়ে কাজ করতে চাইলে কোরিয়ান, চীনা এবং জাপানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো একসঙ্গে খিচুড়ি বানিয়ে কাজে নেমে পড়ুন। অল্প সময়ে অধিক কাজ করতে চাইলে যেকোনো একটার স্ক্রিপ্ট কপি পেস্ট করুন। মানুষ বুঝবে না। বুঝলেও কাকতালীয় বলে চালাতে পারবেন।

দ্বিতীয় ধাপ
সুন্দর করে স্ক্রিপ্ট সাজানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাটকের অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা। এ ক্ষেত্রে অভিনেতাদের একাধিক গুণ থাকতে হবে। যেমন অভিনেতারা ছেলে হলেও মেয়েলি ধাঁচের অভিনয় যেন করতে পারেন। অভিনেত্রীদের কিছু না জানলেও চলবে। ফেসবুকে যাঁর ফ্যান-ফলোয়ার বেশি, নিঃসন্দেহে তাঁকে নিয়েই নাটকের কাজ করা যায়। অভিনেতা-অভিনেত্রী নির্বাচনে কেন কৌশলী হবেন, জানতে হলে সপ্তম ধাপটা পড়ুন।

তৃতীয় ধাপ
নাটকের প্রয়োজনে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভাড়া করতে হবে এবং একটি ডুপ্লেক্স বাসা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধু দুটি ছেলেমেয়ে হাঁটাহাঁটি করবে এবং ডুপ্লেক্স বাসায় বেশ সুসজ্জিতভাবে এক বা একাধিক ছেলে ব্যাচেলর জীবন যাপন করবে। তাদের বাসায় ঝাড়বাতি, বড় পর্দার টেলিভিশন, ওভেনসহ আরও কিছু জিনিস থাকতেই হবে। নাটকের মাধ্যমে যেন দর্শক বুঝে যান ব্যাচেলরদেরও উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিবিভাগ আছে।

চতুর্থ ধাপ
ঢাকার দর্শনীয় কিছু স্থানের দৃশ্য রেকর্ড করে নিতে হবে। যেখানে কোনো অভিনেতা বা অভিনেত্রী লাগবেই না। এ ক্ষেত্রে যুগের সঙ্গে তাল মিলিয়ে ড্রোন দিয়ে একটা শট নিলে নাটকটি হিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শত গুণ।

পঞ্চম ধাপ
নাটকের শুটিং শেষ করে ফেলুন এক দিনেই। এক জোড়া ছেলেমেয়ে হাত ধরে হাঁটছে, একটা বাসায় আড্ডা দিচ্ছে কয়েকজন তরুণ এবং দামি গাড়ি থেকে স্মার্ট-করপোরেট গোছের এক ব্যক্তি নেমে এসে এক তরুণীর সামনে দাঁড়াচ্ছে—এমন কিছু দৃশ্য ক্যামেরাবন্দী করলেই শুটিং প্যাকআপ করে দিন।

ষষ্ঠ ধাপ
শুটিং শেষ হলে ভিডিও সম্পাদনার কাজ। এক এক করে ভিডিওগুলো সম্পাদনা করে নিন। দু-তিনটি শটের মাঝখানে দর্শনীয় স্থানের ড্রোন শট জুড়ে দিন। নাটকের কাজ নব্বই ভাগ শেষ।

সপ্তম ধাপ
প্রচারেই প্রসার নীতিতে নাটকের ট্রেইলার বানান। যেখানে খুব মর্মস্পর্শী কিছু থাকবে। অভিনেতা ও অভিনেত্রীর ছবিসহ নাটকের নাম লিখে একটি মানসম্পন্ন স্থিরচিত্র তৈরি করুন। স্থিরচিত্রটি যেন নাটকটির সঙ্গে যুক্ত সবাই ফেসবুক-টুইটারে শেয়ার করে—এ ব্যাপারে কড়া নজর দিন। বিশেষ করে নায়িকার ব্যাপারে খেয়াল রাখুন বিশেষভাবে। নায়িকা আপনার নাটকের ব্যাপারে কিছু শেয়ার করা মানে দর্শক বেড়ে যাবে বহুগুণ।

নবম ধাপ
নাটকটি চ্যানেলে জমা দিয়ে আসুন। এরপর আরেকটি নাটকের কাজে নেমে পড়ুন ঠিক প্রথম ধাপ থেকে শুরু করে একই নিয়মে।

দশম ধাপ
টেলিভিশনে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটকটি প্রচার করা শেষ হলেই ইউটিউবে শেয়ার করে ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়ে দিন। শুভেচ্ছা! আপনি সাফল্যের সঙ্গে একটি বাংলা নাটক নির্মাণ করেছেন। ভক্তরা আপনাকে কমেন্টের মাধ্যমে অবিরাম ভালোবাসা জানিয়ে যাবেন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ একইভাবে আরও অনেক ঈদের জন্য নাটক নির্মাণ করে যান।