কম সুবিধায় বেশি দক্ষতা দেখিয়েছে চট্টগ্রাম বন্দর
সম্প্রতি ‘এশিয়ার ৬৯টি বন্দরের তুলনামূলক দক্ষতা মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় উৎপাদন দক্ষতায় চট্টগ্রাম বন্দরের ১ নম্বর অবস্থানের চিত্র উঠে আসে। এই গবেষণাকর্মটি করেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক গুরচরণ সিংহ এবং মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীলা মুনিস্বামী। কোন মানদণ্ড এবং বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরকে শীর্ষস্থান দেওয়া হলো তা জানতে ই-মেইলে যোগাযোগ করা হয় ওই দুই গবেষকের সঙ্গে। পাঠানো প্রশ্নের ভিত্তিতে গত ২০ ও ৩০ জুন প্রথম আলোর কাছে ই-মেইলে জবাব পাঠান গুরচরণ সিং। একই বিষয় নিয়ে গত রোববার নিজ কার্যালয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলামের সঙ্গে কথা বলেছেন মাসুদ মিলাদপ্রথম আলো: গবেষণায় চট্টগ্রাম বন্দরের অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কী?গুরচরণ সিং: গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম বন্দর তুলনামূলক দুর্বল ও সনাতনী পদ্ধতির অবকাঠামো ব্যবহার করে ক্ষমতার বেশি পরিমাণ কনটেইনার ওঠানামা করছে। এ কারণে এশিয়ার ৬৯টি বন্দরের তুলনামূলক দক্ষতার বিচারে শীর্ষে অবস্থান করেছে এই বন্দর।প্রথম আলো: কোন মানদণ্ড ব্যবহার করে এই দক্ষতা বিচার করা হয়েছে? গুরচরণ সিং: এই গবেষণায় তুলনামূলক দক্ষতা বিচার করতে ‘ডেটা এনভেলপমেন্ট এনালাইসিস-ডিইএ’ মডেল ব্যবহার করা হয়েছে। দক্ষতা বিবেচনায় ডিইএ মডেলে নানা রকম ইনপুট ও আউটপুট দেওয়া হয়। যে বন্দর কম পরিমাণ ইনপুট বা অবকাঠামো ব্যবহার করে বেশি আউটপুট বা ফলাফল পায়, সেটি সবচেয়ে দক্ষ বন্দর।প্রথম আলো: এই গবেষণায় ব্যবহূত ইনপুট ও আউটপুট কী?গুরচরণ সিং: এই গবেষণায় ইনপুট হিসেবে বন্দরের বার্থের দৈর্ঘ্য, টার্মিনালের আয়তন, হিমায়িত কনটেইনার রাখার সংখ্যা, জেটি অংশে কনটেইনার ওঠানামায় ব্যবহূত ক্রেন এবং বন্দর ইয়ার্ডে ব্যবহূত যন্ত্রপাতি—এই পাঁচটি ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। আউটপুট হিসেবে মোট কনটেইনার ওঠানামার সংখ্যা ব্যবহার হয়েছে।প্রথম আলো: চট্টগ্রাম বন্দরে সনাতন পদ্ধতির ব্যবহার সর্বাধিক। স্থানীয় বিশেষজ্ঞেরা বলছেন, এখন দ্রুত অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো জরুরি। না হলে এই দক্ষতা বিফলে যাবে। এই গবেষণা অনুযায়ী, বন্দরের দক্ষতা ধরে রাখতে হলে কী করা উচিত বলে মনে করেন? গুরচরণ সিং: গবেষণার আলোকে বলতে পারি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা ধরে রাখতে হলে বর্তমানে যেসব অবকাঠামো আছে সেগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। অবশ্য যেকোনো বন্দরে অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর বিকল্প নেই। অবকাঠামো বাড়ানোর সঙ্গে কনটেইনার ওঠানামার হার বাড়লে দক্ষতা ধরে রাখা যাবে। প্রথম আলো: এই গবেষণায় মূল উদ্দেশ্য কী?গুরচরণ সিং: এশিয়ার বন্দরসমূহের তুলনামূলক দক্ষতার বিচার করাই ছিল এই গবেষণা কর্মের মূল উদ্দেশ্য। একই বিষয় নিয়ে বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে অধ্যয়নরত একজন ছাত্রী থিসিস লিখছেন।