কমছে শিলপাটার নির্ভরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমছে শিলপাটার নির্ভরতা
কমছে শিলপাটার নির্ভরতা

জেনিফার আলম কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সারা দিন অফিস শেষে বাসায় এসে রান্না করেন। বাচ্চাকেও সময় দিতে হয়। সারা দিন পরিশ্রমের পর শিলপাটায় মসলা বাটার মতো সময় ও শক্তি কোনোটাই আর অবশিষ্ট থাকে না।
কেবল সময়ের বিষয় নয়। পাটায় মসলা বাটতে পরিশ্রমটাও বেশি, বললেন মোহাম্মদপুর এলাকার গৃহিণী কাউসার পারভীন। জানালেন, কোমর ব্যথা হয়ে যায়। আর ইদানীং গৃহকর্মীরাও পাটায় মসলা বাটতে রাজি হন না।
পাটায় মসলা বাটতে গৃহকর্মীদের মধ্যে আগ্রহও নেই। কারণটা জানা গেল ওই এলাকার কয়েকজন গৃহকর্মীর সঙ্গে কথা বলে। তাঁরা বলছেন, প্রতিদিন চার-পাঁচটি বাসায় কাজ করতে হয়। পাটায় মসলা বাটার মতো সময় তাঁদের থাকে না। শরীরও কুলায় না।
তাই সময় সাশ্রয়ী ও পরিশ্রম কম লাগায় মোড়কজাত গুঁড়া মসলা এবং মসলা বাটার আধুনিক যন্ত্রপাতি শিলপাটার জায়গা দখল করতে শুরু করেছে নাগরিক জীবনে। অথচ কয়েক বছর আগেও শিলপাটার ওপরেই ছিল একক নির্ভরতা।
হলুদ-মরিচ থেকে শুরু করে গরমমসলা, পাঁচফোড়ন—সবই মোড়কজাত। মোড়ক খুলে পানিতে মেশালেই মসলা রান্নার জন্য তৈরি। আদা, রসুন মোড়কজাত না হলেও তা অনেকেই যন্ত্রের মাধ্যমে পিষে নিচ্ছেন।
মসলা বাটার জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিক যন্ত্রপাতি। যেমন, এশিয়ান স্কাই শপ বাংলাদেশের রয়েছে ২১ ধরনের মসলার মিশ্রণ যন্ত্র। প্রতিষ্ঠানটির ধানমন্ডি শোরুমের দায়িত্বে থাকা নুরুল ইসলাম বললেন, এখন মানুষজন কম কষ্টে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করতে চায়।

মোড়কজাত গুঁড়া মসলা এবং মসলা বাটার আধুনিক যন্ত্রপাতি শিলপাটার জায়গা দখল করতে শুরু করেছে
মোড়কজাত গুঁড়া মসলা এবং মসলা বাটার আধুনিক যন্ত্রপাতি শিলপাটার জায়গা দখল করতে শুরু করেছে

মসলা পেষার যন্ত্র কিংবা মোড়কের মতো বিকল্প চলে আসায় শিলপাটার ব্যবসাতেও পড়েছে ভাটার টান। একসময় পাটাই ছিল এসব দোকানের মূল পণ্য। বর্তমানে সে জায়গাটি দখল করেছে শ্বেতপাথর ও ক্রেস্ট।
পুরান ঢাকার শাঁখারীবাজারে রয়েছে শিলপাটার খুচরা ও পাইকারি বিক্রয়ের কয়েকটি দোকান। সেখানকার মুন্সিগঞ্জ শিল্পালয় দোকানের স্বত্বাধিকারী মানিক কর্মকার বললেন, ভারত থেকে পাথর আনতে হয়। পাথর আকার অনুযায়ী কাটার পর নিখুঁত করা পর্যন্ত একটা পাটা তৈরির পেছনে অনেক খরচ পড়ে যায়। মাঝারি আকৃতির পাটা তৈরিতে খরচ ৪০০-৪৫০ টাকা। বিক্রি হয় ৫০০-৫৫০ টাকা। লাভ তেমন নেই।
এস কে এন্টারপ্রাইজের রতন চন্দ্র দাস বলেন, আগে দিনে ১০ থেকে ১৫টির মতো পাটা বিক্রি হতো। এখন কোনো কোনো দিন একটাও হয় না। তিনি আক্ষেপ করে বলেন, বালু ও রাসায়নিক মেশানো থাকলেও মানুষ গুঁড়া মসলা বেশি খায়। শাঁখারীবাজার থেকে সদ্য পাটা কেনা পাপড়ি দত্ত বললেন, বাটা মসলার স্বাদই আলাদা। সরষে ইলিশের জন্য সরিষা বাটা, বিভিন্ন ভর্তা সুস্বাদু করতে শিলপাটার বিকল্প নেই।
পরামর্শ
১. মোড়কের মসলায় প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে লবণ ব্যবহার করা হলে তা কিডনি ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। তেমনি প্রিজারভেটিভ হিসেবে চিনি ব্যবহার করা হলে ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর।
২. নিজেরা আস্ত মসলা কিনে ধুয়ে, শুকিয়ে গুঁড়া করে খাওয়া গেলে ভালো।
৩. ফ্রিজে রাখলে মসলার গুণাগুণ ভালো থাকে।
৪. পাটায় মসলা বাটলে কোমর ব্যথা হতে পারে। এ সমস্যা এড়াতে টেবিল বা উঁচু স্থানে পাটা রেখে দাঁড়িয়ে বাটা যেতে পারে।
শামসুন্নাহার নাহিদজ্যেষ্ঠ পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল|