অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজির কারণে ‘পাহাড়ের সোনা’খ্যাত শুকনা হলুদের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকেরা। তাঁদের অভিযোগ, কম দামে কিনে বেশি দামে বিক্রির মাধ্যমে অতি মুনাফার লোভে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বাজারে কম দামে হলুদ বিক্রি করছেন। ভবিষ্যতে দাম আরও কমবে এ ভয়ে অনেকেই কম দামে হলুদ বিক্রি করে দিচ্ছেন। এ অবস্থায় এ বছর শুকনো হলুদের ন্যায্য দাম পাচ্ছেন না তাঁরা। এ ছাড়া, সারের দাম ও মজুরি খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে এ বছর। এ অবস্থায় লোকসানের মুখে পড়েছেন সংশ্লিষ্ট কৃষকেরা। জানা গেছে, গত বছর এমন সময়ে শুকনা হলুদের দাম ছিল প্রতি মণ আট হাজার থেকে ১১ হাজার টাকা। একই হলুদ এ বছর বিক্রি হচ্ছে মাত্র এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৮০০ টাকায়। দুই সপ্তাহ আগে দাম মণপ্রতি কয়েক শ টাকা বাড়লেও বর্তমানে তা আবার কমে গেছে। জানা যায়, গত বছর হলুদের দাম ভালো থাকায় স্থানীয় কৃষকেরা এ বছরও অধিক হারে হলুদ চাষে ঝুঁকে পড়েন। অনেকেই ব্যাংক, এনজিও (বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা) ও মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে হলুদের চাষ করেছেন। কিন্তু পাইকারি বাজারে দাম কম হওয়ায় এবার কৃষকেরা উৎপাদন খরচও তুলতে পারবে না বলে আশঙ্কা করছেন তাঁরা। গত ২৬ ফেব্রুয়ারি পানছড়ি বাজারে হলুদ বিক্রি করতে আসা কৃষক রণ জীবন চাকমা বলেন, ‘এ বছর ৪০ হাজার টাকা খরচ করে ৮০ শতক জমিতে হলুদ চাষ করেছি। এতে উৎপাদিত হলুদ শুকিয়ে ১৪ মণ শুকনা হলুদ পেয়েছি। এসব হলুদ বিক্রি করে পেয়েছি ২৭ হাজার টাকা। লোকসান হয়েছে ১৩ হাজার টাকা।’ তিনি জানান, সারের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ার কারণে এবার গত বছরের তুলনায় উৎপাদনের খরচও বেশি পড়েছে। কৃষি ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে হলুদ চাষ করেন উপজেলার মধুমঙ্গলপাড়ার আশুতোষ চাকমা। নিজের পুঁজিসহ দেড় লাখ টাকা খরচ করে ছয় কানি (২৪০ শতক) জমিতে হলুদের চাষ করে প্রায় পাঁচ হাজার ২০০ মণ কাঁচা হলুদ পেয়েছেন। সেখান থেকে কিছু বীজ হলুদ রেখে চার হাজার ৮০০ মণ কাঁচা হলুদসেদ্ধ করে শুকনো হলুদ পেয়েছেন ২০ মণ। এসব হলুদ বিক্রি করে পেয়েছেন ৫০ হাজার টাকা। খরচের অর্ধেক টাকাও তুলতে না পেরে তিনি এখন হতাশ।পানছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সিদ্ধার্থ বিজয় চাকমা জানান, কৃষকেরা আমাদের ব্যাংক থেকে আট লাখ ৭৪ হাজার টাকা ঋণ নিয়েছেন। হলুদের ফলন ভালো হলেও দাম না পাওয়ায় তাঁরা তা পরিশোধ করতে পারবেন কি না সন্দেহ হচ্ছে। হলুদচাষি ত্রিদীব চাকমা, আশুতোষ চাকমা, মো. মাজেদ, রন জীবন চাকমা জানান, ব্যবসায়ীরা একজোট হয়ে ইচ্ছে করেই হলুদের দাম কমিয়েছে। যাতে তাঁরা কম দামে কিনে পরে বেশি দামে বিক্রি করতে পারেন। এ প্রসঙ্গে জানতে চাইলে হলুদ ব্যবসায়ী অরুণ বিকাশ চাকমা ও আবদুল জলিল বলেন, ‘আমাদের এখানে কোনো কারসাজি হচ্ছে না। এখান থেকে প্রতি মণ দুই হাজার ৬০০ টাকায় কেনা হলুদ ঢাকায় নিয়ে বিক্রি করতে হয় দুই হাজার ৮০০ টাকায়। মূলত ঢাকায় বেচাকেনা কম হওয়ায় বাজারে দাম বাড়ছে না। তবে প্রাণ গ্রুপের খাগড়াছড়ি এজেন্টের কাছে বেচতে পারলে মণপ্রতি ২০০ টাকা বেশি পাওয়া যায়। তবে ঢাকার ব্যবসায়ীরা কারসাজি করছেন কি না, আমরা জানি না।’ পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর পানছড়িতে এক হাজার ৬৮০ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। ফলন হয়েছে প্রতিহেক্টরে প্রায় ১১ মেট্রিক টন; যা লক্ষ্যমাত্রার দেড়গুণ। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন জানান, ‘উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।