কমতি নেই সামরিক ব্যয়ের!
বিশ্বজুড়েই গত বছর সামরিক খাতে ব্যয় বেড়েছে। অর্থনৈতিক মন্দা ঠেকাতে দেশে দেশে সরকারি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছিল ব্যাপক হারে। আর ঋণ করে যেন ঘি খেয়েছে অনেক দেশ। আর যে খাতেই কাটছাঁট হোক, সমরসজ্জায় কোনো কমতি ছিল না বড় ও মাঝারি অনেক দেশেরই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকারি ব্যয়বৃদ্ধিতে প্রায় সবার চেয়েই বেশি লাভবান হয়েছে প্রতিরক্ষা শিল্প।স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) দেওয়া তথ্যানুযায়ী, গত বছর বিশ্বব্যাপী সামরিক খাতে ব্যয় এক হাজার ৫৩১ বিলিয়ন (১ বিলিয়ন=১০০ কোটি) ডলারে পৌঁছায়। ২০০৮ সালের চেয়ে তা ৫ দশমিক ৯ শতাংশ বেশি। তবে প্রতিরক্ষা খাতে এই ব্যয় বৃদ্ধি যে নতুন কিছু, তা নয়। সিপরির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, গত বছর অনেক দেশেই বিপুল বাজেট ঘাটতি দেখা দিলেও ২০০০ সালের তুলনায় ওই বছর অস্ত্র ও সামরিক অভিযানে ব্যয় ছিল প্রায় ৫০ শতাংশ বেশি। ঘাটতি সামলাতে অস্ত্র খাতে সরকারগুলো ব্যয় কমাবে কি, এদিকে হাত দিতেই যেন তাদের রাজ্যের ভয়। এই মন্দার সময় প্রতিরক্ষা খাতে লোকজন ছাঁটাই করাকে ওই দেশগুলো ঝুঁকিপূর্ণ মনে করেছে। তাদের আশঙ্কা, কর্মসংস্থান কমলে তা মন্দা পরিস্থিতিকে আরও খারাপ করবে। সিপরির সামরিক ব্যয় প্রকল্পের প্রধান স্যাম পার্লো-ফ্রিম্যান বলেন, ২০০৯ সালে মন্দা মোকাবিলায় বাজারে চাহিদা বাড়াতে অনেক দেশই সাধারণভাবে গণখাতে ব্যয় বাড়িয়েছে। অর্থনৈতিক অবস্থাকে চাঙা করার প্যাকেজে সামরিক ব্যয় বড় কোনো বিষয় ছিল না। তবে এই খাতে ব্যয় কাটছাঁটও করা হয়নি। ফ্রিম্যান বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও ব্রাজিলের মতো বড় বা মাঝারি শক্তির দেশগুলোর সামরিক ব্যয় তাদের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ। অর্থনৈতিক পরিস্থিতির এই জটিল সময়েও তারা এই কৌশল থেকে পিছপা হবে না। তবে মধ্য ও পূর্ব ইউরোপের ছোট দেশগুলো বড় ধরনের বাজেট ঘাটতি কমাতে আদাজল খেয়ে লেগেছে। বাজেটে ব্যাপক কাটছাঁটের সঙ্গে সংগতি রেখে সামরিক ব্যয়ও কমিয়েছে তারা। সিপরির তথ্যানুযায়ী, সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে শীর্ষেই রয়ে গেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক সামরিক ব্যয়ের ৫৪ শতাংশ ব্যয় করছে তারা। এই খাতে তাদের প্রকৃত ব্যয় বেড়েছে চার হাজার ৭০০ কোটি ডলার। ২০০০ সাল থেকে সামরিক খাতে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় বেড়েছে ৬৩ শতাংশ। অন্য অনেক বড় দেশও (উন্নয়নশীল ও উন্নত উভয়ে) গত বছর সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে। এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সামরিক খাতে ব্যয় তুলনামূলকভাবে দ্রুত বাড়ছে। এই বৃদ্ধির হার ৮ দশমিক ৪ শতাংশ।আর মোট দেশজ উত্পাদনের অংশ হিসেবে বিবেচনা করলে বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় অনেক বেশি। তবে মোটের ওপর বর্তমান প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে বিশ্বের বিমান ও প্রতিরক্ষা-শিল্প চাপের মুখে পড়তে পারে। পরামর্শক প্রতিষ্ঠান দেলোয়াতের ভাষ্য, প্রতিরক্ষা বাজেটকে সীমিত রাখার যে প্রবণতা সমরশিল্পের জন্য, সে চ্যালেঞ্জ রয়ে যাবে।