দ্রুত এগিয়ে চলছে গণি বেকারি-বহদ্দারহাট সড়ক সম্প্রসারণকাজ। তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের এক-তৃতীয়াংশ উন্নয়নকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০১২ সালের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন হবে বলে প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।প্রকল্পটির কাজ সম্পন্ন হলে নগরের চকবাজার, জামালখান, মুরাদপুর, পশ্চিম বাকলিয়া, কাপাসগেলা, শুলকবহর, বহদ্দারহাটসহ আশপাশের এলাকায় যানজট অনেকখানি কমবে।এই প্রসঙ্গে চউক চেয়ারম্যান আবদুস সালাম ২৬ নভেম্বর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে সড়কসংলগ্ন বাসিন্দাদের ভালো সহযোগিতা পাচ্ছি। প্রতিদিন কাজের তদারকি করছি। আশা করি, ২০১২ সালের মধ্যেই বহদ্দারহাট-গণি বেকারি সড়ক সম্প্রসারণকাজ শেষ হবে। এটি সম্পন্ন হলে নগরে যানজট কমবে।’সূত্র জানায়, এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৯১ কোটি টাকা। এর মধ্যে ৮০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ। বাকি ১১ কোটি টাকা সড়ক নির্মাণ বাবদ ব্যয় হচ্ছে। ৬০ ফুট চওড়া এই সড়কের উভয় পাশে পাঁচ ফুট প্রস্থের নালা, দুই ফুট বিভাজক ও ৪৮ ফুট কার্পেটিং থাকছে।সরেজমিনে চকবাজারে দেখা গেছে, সড়ক সম্প্রসারণের কাজ করছেন প্রায় শতাধিক শ্রমিক। বহদ্দারহাট থেকে বড় বিবিরহাট এক কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ হয়েছে বলে জানান এই প্রকল্পের কর্মকর্তা সিডিএ-এর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান। তিনি জানান, এই অংশে বাকি আছে শুধু এক পাশের লেনে কার্পেটিংয়ের কাজ।এদিকে, সম্প্রসারণকাজ এগিয়ে নেওয়ার জন্য গণি বেকারির মোড়ে অবস্থিত কাজেম আলী হাইস্কুলের বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। এর আগে ভাঙা হয়েছে হাজী মুহাম্মদ মুহসীন কলেজের সীমানাদেয়াল।মো. হাবিবুর রহমান বলেন, ‘অলি খাঁ মসজিদ পর্যন্ত চট্টগ্রাম কলেজ সড়কের উভয় পাশের স্থাপনা ভেঙে ফেলা হবে। যে গতিতে কাজ এগিয়ে যাচ্ছে, তাতে আশা করছি, আমরা ২০১২ সালের মধ্যেই কাজ শেষ করতে পারব।’