কমলাগাছে রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাগাছে ছত্রাকজনিত রোগ দেখা দেওয়ায় খাগড়াছড়ির দীঘিনালার কমলা বাগানগুলোতে এ বছর আশানুরূপ ফলন হয়নি। কমলার ফলন গত বছরের তুলনায় অর্ধেক হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমলাচাষিরা। উপজেলার কমলাচাষিরা জানান, মৌসুমের শুরুতে গাছে প্রচুর কমলা ধরলেও বড় হওয়ার আগেই ঝরে গেছে। গাছের পাতাও রোগাক্রান্ত হয়ে লাল রং ধারণ করেছে। তবে কৃষি কর্মকর্তারা জানান, উপযুক্ত ছত্রাক-নাশক ব্যবহার করলে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যেত। উপজেলার বাবুছড়া ইউনিয়নে প্রায় তিন শর বেশি কমলা বাগান রয়েছে। সরেজমিন ঘুরে এসব বাগানের চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর গাছে ফলন এসেছিল প্রচুর এবং কমলা আকারেও বড় হয়েছিল। কিন্তু এ বছর রোগের প্রকোপ দেখা দেওয়ায় গাছের পাতা লাল রং ধারণ করেছে। পাশাপাশি কমলা বড় হওয়ার আগেই ঝরে যাচ্ছে।বাবুছড়ার রুকচন্দ্র মহাজন কার্বারিপাড়ার কমলাচাষি জ্ঞানমুনি চাকমা জানান, এ বছর কমলা বাগানে রোগ দেখা দেওয়ায় চাষিরা ২০ হাজার টাকার বেশি কমলা বিক্রি করতে পারেনি। অথচ গত বছর একজন কমলাচাষি ৫০ হাজার টাকার মতো কমলা বিক্রি করেছিলেন। জারুলছড়ি এলাকার মঙ্গল বিকাশ চাকমার ২০০টি কমলাগাছ রয়েছে। তিনি জানান, এ বছর কমলার আকার ছোট হওয়ার কারণে বাজারে এক জোড়া কমলা বিক্রি হচ্ছে সাত টাকায়। তাই কমলা বিক্রি করে লাভ তুলে আনা যাচ্ছে না। কমলার পাইকারি ব্যবসায়ী মো. জুয়েল প্রতিবছর দীঘিনালার বিভিন্ন বাগান থেকে কমলা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠান। তিনি জানান, এ বছর কমলার ফলন কম। কমলা গতবারের চেয়ে আকারেও ছোট হয়েছে। বাবুছড়া ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা অতুল বিহারী চাকমা কমলাগাছে ছত্রাকের সংক্রমণের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বিভিন্ন কমলা বাগানে গিয়ে চাষিদের ছত্রাক প্রতিরোধের পরামর্শ দিয়েছি। গাছের ডাল কেটে ছত্রাকনাশক হিসেবে আলকাতরার প্রলেপ দিয়ে এই রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব।’খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত আলী বলেন, ‘কমলাগাছে বিভিন্ন রোগবালাই সম্পর্কিত একটি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণাকেন্দ্র থেকে। এই বইতে কমলার রোগ প্রতিরোধের উপায় তুলে ধরা হয়েছে। চাষিরা বইটি সংগ্রহ করলে কমলার রোগ সম্পর্কে সচেতন হতে পারবেন।’