কমলার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে গাছে ঝুলছে হলদে-সবুজ কমলালেবু। হলুদে-সবুজে একাকার গোটা কমলাবাগান। না, দৃশ্যটা বিদেশের নয়। আমাদের বাংলাদেশের পঞ্চগড়ের।বছর পনেরো আগেও সাধারণ্যে কমলার পরিচিত ছিল কেবল বিদেশি ফল হিসেবেই। কদাচিৎ কারও শখের বাগানে দু-একটা কমলার দেখা মিললে সেটা একটা দেখার মতো ব্যাপার হতো। পঞ্চগড়ের চাষিরা সেই কমলাকেই নিয়ে এসেছেন নিজেদের মাটিতে। একটি-দুটি নয়, হাজার হাজার কমলা ফলতে শুরু করেছে সেখানকার বাগানে বাগানে। শুধু নামকাওয়াস্তে নয়, পঞ্চগড়ের কমলাও স্বাদে-গন্ধে অসাধারণ। (সূত্র: প্রথম আলো, পৃষ্ঠা-৯, ৪ ডিসেম্বর, ২০১১)বিশেষ প্রতিবেদনের তথ্য বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচ বছরের জন্য কমলা উন্নয়ন প্রকল্প হাতে নেয়। পঞ্চগড়ের কৃষকদের সৌভাগ্যই বলতে হবে, এসব প্রকল্পের বেলায় আমরা সাধারণত যেটা ঘটবে বলে আশঙ্কা করি, সেটি এখানে ঘটেনি। পঞ্চগড়ে চলতি মৌসুমে কমলা উৎপাদন হয়েছে ২৫ মেট্রিক টন। এর বড় কৃতিত্ব পাবেন পরিশ্রমী কৃষকেরা। ‘সবার চেয়ে বড় সাধক আমার দেশের চাষা’—এ কথাটি আরও একবার সত্যি প্রমাণ করেছেন। দেখিয়ে দিয়েছেন, সরকারের একটুখানি সহায়তা পেলে তাঁরা অনেক বড় কিছু করে দেখাতে পারেন। তাঁদের অভিনন্দন! —ইকবাল হোসাইন চৌধুরী