
শুধু শীতকালেই নয়। গ্রীষ্ম ও বর্ষা ঋতুতেও পাওয়া যাবে এই কমলালেবুর স্বাদ। তবে খাওয়ার জন্য নয়। গয়নার নকশায় খুঁজে পাবেন এর নির্যাস। কখনো উড়ে যাওয়া পিটারপ্যানকে ধরে বেঁধে বসিয়ে দেওয়া হয়েছে গলায়, কখনো বা টেলিভিশনের রঙিন স্ক্রিন জায়গা করে নিয়েছে আঙুলের মাঝে। প্রতিদিনকার জীবনে অনেক কিছুই আমাদের মনে জায়গা করে নেয়। এই ছোট ছোট পছন্দগুলোই তুলে ধরা হয়েছে বিভিন্ন নকশায়, যেটা আভিজাত্য এনে দিয়েছে প্রতিটি গয়নায়, তৈরি করেছে এক অনন্য বৈশিষ্ট্য।

অরেঞ্জ থিওরি। নামকরণের মধ্যেই লুকিয়ে আছে মূলমন্ত্র। উজ্জ্বল ও নতুন—এ দুটি ভাবনার মিলন ঘটিয়েই তৈরি করা হয়েছে অরেঞ্জ থিওরির গয়নাগুলো। শুরুটা হয়েছে এক-দেড় বছর আগে। নকশাগুলো প্রতিষ্ঠাতা আনিকা মারিয়াম আহমেদের নিজস্ব চিন্তা ও পছন্দের প্রকাশ। প্রিয় ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের মুখচিত্র ফুটিয়ে তুলেছেন আংটিতে। সত্যজিৎ রায়ের ফেলুদা, তোপসে ও জটায়ুকেও ফ্রেমবন্দী করা হয়েছে একইভাবে। চিঠি লেখার চল হয়তো চলে গেছে, কিন্তু সেই স্মৃতি খামে বন্দী করে আঙুলে পরিয়ে দেওয়া হয়েছে। কখনো বা আনিকার তৈরি সোনালি রঙের প্রজাপতিগুলো আলতোভাবে চুলের সঙ্গে গেঁথে নিয়েছেন ক্রেতারা।
একটু ভিন্ন আঙ্গিকে তৈরি এই গয়নাগুলো আগে আনিকা তৈরি করেন নিজের জন্যই। এখন বিক্রিও করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন। আনিকা বলেন, ‘একটু ভিন্ন ধরনের গয়না পরতে পছন্দ করি আমি। নিজের পছন্দগুলো থেকেই প্রেরণা খুঁজে পাই গয়নার নকশার জন্য। সেভাবেই বানাই, যেভাবে আমি পরতে পছন্দ করব, যেটা আমি সব সময় কাছে রাখতে পছন্দ করব।’
অরেঞ্জ থিওরির কোনো দোকান নেই। তাদের ফেসবুকের পেজের মাধ্যমে অনলাইনেই ফরমায়েশ করতে পারবেন। সাধারণত তামা অথবা সোনা দিয়ে এই গয়নাগুলো বানিয়ে দেওয়া হয়। সব ধরনের পোশাকের সঙ্গেই চলবে এই গয়নাগুলো। বন্ধুদের আড্ডায় কিংবা দাওয়াতে পরা যাবে অনায়াসে।
ফেসবুক পেজ: www.facebook.com/no.oranger.theory