কমিউনিটি ক্লিনিকগুলো খোলা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদরসহ বিভিন্ন উপজেলার অনেক কমিউনিটি ক্লিনিক ঠিকমতো খোলা হয় না। কোনো কোনো ক্লিনিক বিলের মধ্যে নির্মাণ করা হয়েছে যেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। সংশ্লিষ্ট চিকিৎসকদেরও প্রায় সময় ক্লিনিকে পাওয়া যায় না। ফলে গ্রামের সাধারণ রোগীরা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। তবে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দারি করেন, ক্লিনিকগুলো ঠিকমতো চলছে। চিকিৎসকদের আর্সেনিক চিহ্নিত করা, প্রশিক্ষণ ও দাপ্তরিক নানা কাজে ব্যস্ত থাকতে হয় বলে মাঝেমধ্যে রোগীদের কিছুটা সমস্যা হয়।১৪ মে সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামে গিয়ে দেখা যায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকটি বন্ধ। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ক্লিনিকটি প্রায় তিন মাস আগে চালু করা হয়। ওই দিনের পর ক্লিনিকটি আর খোলা হয়নি। ফলে এলাকার সাধারণ মানুষ এ ক্লিনিক থেকে কোনো সুফল পাচ্ছেন না। জানা যায়, ক্লিনিকের জন্য নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মী (হেলথ কেয়ার প্রোভাইডার) রুমা আক্তার ফেনীতে প্রশিক্ষণে রয়েছেন। স্বাস্থ্য সহকারী মো. গোলাম সরওয়ার উদ্দিন ও পরিবার পরিকল্পনা সহকারী রাহেলা আফরোজ আর্সেনিক চিহ্নিত করার কাজে ব্যস্ত রয়েছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন বেলাল জানান, ক্লিনিকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। তবে মাঝেমধ্যে খোলা হয় এবং রোগীদের ওষুধ দেওয়া হয়। তবে নাম প্রকাশ না করে কয়েকজন গ্রামবাসী দাবি করেন, জয়নাল আবেদীনের কথা সত্য নয়। তাঁরা ক্লিনিকটি চালু রাখার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। স্বাস্থ্য সহকারী মো. গোলাম সরওয়ার উদ্দিন বলেন, ‘কেন্দ্রটি চালুর পর দুই দিন খোলা হয়েছে। আর্সেনিক-সংক্রান্ত কাজে যুক্ত থাকায় ২১ মে পর্যন্ত কেন্দ্রটি খোলা রাখা সম্ভব হবে না।’ফেনী উপজেলার শর্শদি ইউনিয়নের ছোছনা কমিউনিটি ক্লিনিকে গত সোমবার ও মঙ্গলবার পর পর দুই দিন সকালে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। দেখা যায়, ক্লিনিকটি সড়ক থেকে প্রায় ২৫০ গজ দূরে একটি ফসলি জমিতে তৈরি করা হয়েছে। রোগী বা স্বাস্থ্য বিভাগের কর্মীদের ক্লিনিকে যাতায়াতের জন্য কোনো সড়ক বা সংযোগ সড়ক নেই। গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছসহ একাধিক ব্যক্তি জানান, ক্লিনিকটি খোলা হয় না। খোলা হলেও সড়ক না থাকায় রোগীরা সেখানে যেতে পারবেন না। তাঁদের অভিযোগ, ক্লিনিকটিতে স্বাস্থ্যকর্মীদেরও আসতে দেখা যায় না। খোঁজ নিয়ে জানা যায়, ওই ক্লিনিকে সম্প্রতি নিযুক্ত স্বাস্থ্যকর্মী কামাল উদ্দিন প্রশিক্ষণে রয়েছেন। স্বাস্থ্য সহকারী মোজাম্মেল হক আর্সেনিকের কাজে ব্যস্ত এবং পরিবার কল্যাণ সহকারী গেছেন পুষ্টিবিষয়ক প্রশিক্ষণে। ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও শর্শদি ইউনিয়ন পরিষদ সদস্য মো. হানিফ দাবি করেন, ‘ক্লিনিকটি নিয়মিত খোলা হয় এবং রোগীদেরকে ওষুধপত্রও দেওয়া হয়।’ ক্লিনিকের সংযোগসড়ক না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মাঠের পাকা ধান কাটা হয়েছে। এবার ইউপি চেয়ারম্যান সংযোগসড়ক করে দেবেন বলে জানিয়েছেন।’ শর্শদি ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, ‘ছোছনা কমিউনিটি ক্লিনিকটি সংযোগসড়ক ছাড়াই নির্মাণ করা হয়েছে। ক্লিনিকের সামনের জমির মালিকেরা সড়কের জন্য জমি দিতে রাজি হলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাটি দিয়ে একটি সংযোগসড়ক করে দেওয়া হবে।’ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় প্রস্তাবিত ৪৩টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ৩৪টির নির্মাণকাজ শেষ করে তা চালু করা হয়েছিল। এর মধ্যে অন্তত ১০ ক্লিনিকই প্রায় সময় বন্ধ থাকে। অন্য পাঁচ উপজেলায়ও তিন থেকে চারটি করে ক্লিনিক বন্ধ থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলার ছয় উপজেলার ৪৫ ইউনিয়নে মোট ১৫৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ১৫১টি ক্লিনিকের জন্য স্থান নির্বাচন করা হয়। ১৩৩টি ক্লিনিকের নির্মাণকাজ শেষ করে একটি ছাড়া বাকিগুলো চালু করা হয়। এসব ক্লিনিকে লোকবলও নিয়োগ দেওয়া হয়েছে। ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, আর্সেনিক চিহ্নিত করাসহ বিভিন্ন দাপ্তরিক কাজও করতে হয়। ফলে রোগীদের সাময়িক অসুবিধা হওয়া অস্বাভাবিক নয়। তবে কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।