কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা, খুশি দুর্গম এলাকার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরের শিশু মোহাম্মদ মোজাহের অনেক দিন ধরে জ্বর, কাশি ও গলগণ্ড রোগে ভুগছিল। তার দরিদ্র পরিবার এত দিন টাকার অভাবে শহরের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনি। তবে এবার কমিউনিটি ক্লিনিকে গিয়ে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেল সে। ছেলের চিকিৎসার ব্যবস্থাপত্র হাতে পেয়ে বেশ খুশি তার মা কুলসুমা বেগম। কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে মোজাহেরের মতো বহু রোগী এখন জটিল রোগের চিকিৎসাসেবা ও পরামর্শ পাচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে।

২৪ এপ্রিল দুপুর ১২টায় ওই ক্লিনিকে গিয়ে এমন চিত্র দেখা গল। এর আগের দিন ২৩ এপ্রিল মহেশখালীর এই কমিউনিটি ক্লিনিকে প্রথমবারের মতো চালু হয় টেলিমেডিসিন সেবা। এর আগে কেবল প্রাথমিক চিকিৎসা মিলত এই কমিউনিটি ক্লিনিকে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও পাচ্ছেন রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্গম এলাকার জনগণের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের মতো মহেশখালীতেও কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে ২০০৯ সালে। এসব স্বাস্থ্যকেন্দ্রে একজন করে প্রশিক্ষিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেন। এই উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিকে এখন প্রাথমিক স্বাস্থ্যসেবা মিলছে। ২৩ এপ্রিল এসব কমিউনিটি ক্লিনিকের একটিতে চালু হলো টেলিমেডিসিন সেবা। পর্যায়ক্রমে সব কমিউনিটি ক্লিনিকে এমন সেবা চালু হবে।

 ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে ২৩ এপ্রিল প্রথম দিনে ৩ জন ও পরের দিন ২৪ এপ্রিল ১৫ জন জটিল রোগী টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা পেয়েছেন। ওই ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শাহেনা আক্তার বলেন, দিনে গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসেন। এর মধ্যে ১০ থেকে ১৫ জন থাকেন জটিল রোগী। এত দিন তাঁদের সেবা দেওয়ার সুযোগ ছিল না। এখন এসব রোগীও সেবা পাবেন। এমন সেবার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিকে রোগীর সংখ্যাও বাড়বে।

 ক্লিনিকে চিকিৎসা নিতে আসা বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনার বাসিন্দা রাশেদা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তাঁর পেটব্যথা। টাকার অভাবে উপজেলা সদরে গিয়ে চিকিৎসক দেখাতে পারেননি। ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালু হওয়ায় শেষ পর্যন্ত পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘নিজ উদ্যোগে ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালু করেছি। এতে এলাকার গরিব জটিল রোগীরা ক্লিনিকে গিয়ে টেলিমেডিসিনের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন। আমরা প্রথমে টেলিমেডিসিনের মাধ্যমে রোগীর সমস্যার কথা শুনি। পরে সে অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হয়। ধীরে ধীরে সব কমিউনিটি ক্লিনিকে এমন সেবা চালু হবে।’