কমিউনিটি মেডিকেল কলেজে একদিন
কুয়াশার চাদর সরিয়ে সবে সূর্য তার উত্তাপ ছড়ানো শুরু করেছে। সঙ্গে শীতের হিমেল বাতাস গায়ে এসে বিঁধছে। গাছ থেকে তখনো পড়ছে শিশিরবিন্দু। এমনই এক সকালে গিয়ে হাজির হই ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজে। শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই বিশাল এলাকাজুড়ে কলেজটির অবস্থান। কলেজে ঢুকেই কথা হয় প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহাদ, জিয়ান, হাবিব ও জয়ের সঙ্গে। চোখমুখে তাঁদের টেনশন আর উদ্বেগের ছাপ। ব্যাপার কী জিজ্ঞেস করতেই জানা গেল, কাল তাঁদের টার্ম ফাইনাল পরীক্ষা। ‘সারা বছর লেখাপড়ার চাপ থাকলেও পরীক্ষার সময় তা আরও অনেক বেশি হয়ে যায়। সারা রাত পড়ার পরেও মনে হয় সব ভুলে গেছি। কিন্তু যখন পড়াটা আবার দেখি, তখন আত্মবিশ্বাস ফিরে আসে।’ বলছিলেন ফাহাদ। ‘তবে এত টেনশন, ভীতি ও কষ্টের পরেও যখন মনে হয়, এই জ্ঞান অর্জন করে আমরা অসুস্থ মানুষের সেবা করব, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করব। তখন উধাও হয়ে যায় কষ্টগুলো।’ যোগ করলেন জয়। হাবিব বলে উঠলেন, ‘তবে পরীক্ষা যেমনই হোক, এরপর কিন্তু আড্ডা, ঘোরাঘুরি বাদ যায় না।’ নাগরিক জীবনের কোলাহল, ভিড়মুক্ত সবুজের প্রাচুর্যের মধ্যে গড়ে উঠেছে কমিউনিটি বেজড মেডিকেল কলেজটি। পলেস্তারাবিহীন দালানগুলোতে থরে থরে সাজানো লাল ইটের ডিজাইন কলেজটিকে স্বতন্ত্র সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে। মূল ফটক পেরিয়ে কিছ দূর এগোতেই দেখা গেল কিছু শিক্ষার্থীর জটলা। পঞ্চম বর্ষের শিক্ষার্থী রায়হান, তুষার, তানভীর এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী কথা ও তিশা সবে ক্লাস করে বের হয়েছেন। কথা হয় তাঁদের সঙ্গে। ‘ছোটবেলা থেকেই বাবা-মা চাইতেন আমি ডাক্তার হই। তা শুনতে শুনতেই আমার মধ্যেও এই বোধটা চেপে বসে। তাই এখানে পড়তে আসা।’ মেডিকেলে পড়তে আসার কারণ জানতে চাইলে এভাবেই বললেন রায়হান। কথা জানালেন, ‘অনেক পরিশ্রম ও পড়ালেখার চাপ থাকলেও এটি একটি মহান পেশা। দেশের আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব বলেই এখানে পড়তে এসেছি।’ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের পড়ালেখা ও পরিবেশ সম্পর্কে তানভীর জানালেন, ‘আমাদের শিক্ষক ও বড় ভাই-আপুরা খুবই হেলপফুল ও বন্ধুসুলভ। কোনো সমস্যা হলে সিনিয়ররা এগিয়ে এসে সহযোগিতা করেন। বেসরকারি মেডিকেল হওয়ার পরেও মেডিকেল শিক্ষার সব ধরনের সুযোগ-সুবিধা আমরা পাই।’ ‘তা ছাড়া আমাদের ক্যাম্পাসের পরিবেশ খুবই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা নেই।’ যোগ করলেন তুষার। সারা বছরই আইটেম, কার্ড, টার্ম ফাইনাল, ফাইনাল—নানা পরীক্ষার চাপ থাকলেও সুযোগ পেলেই দলবেঁধে তাঁরা চলে যান ঘুরতে, সিনেমা দেখতে, কোনো রেস্টুরেন্টে খেতে। ‘এই তো সেদিন সব বন্ধু মিলে মনের মানুষ সিনেমাটা দেখে এলাম।’ জানালেন রায়হান। তিশা তার ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে বললেন, ‘পড়ালেখা ও ইন্টার্নি শেষ করে দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে দেশেই মানুষের সেবা করতে চাই।’ সরকারি না বেসরকারি, কোন মেডিকেল থেকে পড়লে ভবিষ্যৎ ভালো? আবদুল্লাহ জাওয়াদ মনে করেন, ‘সঠিকভাবে পড়ালেখা করলে যেকোনো জায়গা থেকে ভালো করা সম্ভব।’ পড়ালেখার পাশাপাশি কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যুক্ত থাকেন নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে। এই তো গত ১৬ ডিসেম্বর তাঁরা আয়োজন করেছিলেন দেয়াল পত্রিকা ও চলচ্চিত্র প্রদর্শনীর।কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের একটি প্রকল্প হিসেবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ। বর্তমানে এর শিক্ষার্থীসংখ্যা ৭১৮। পাশাপাশি এখানে রয়েছে ৫৮৩ শয্যার হাসপাতাল। কলেজের নির্বাহী সভাপতি অধ্যাপক এম সাইদুর রহমান জানান, ‘আমরা শিক্ষার্থীদের সবচেয়ে ভালো সেবাগুলো দিতে চেষ্টা করি। অধিকাংশ শিক্ষার্থী পড়ালেখা শেষে এই হাসপাতালেই ইন্টার্নশিপ করে। তা ছাড়া প্রতিযোগিতার দিক থেকে আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। গত ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে আমাদেরই একজন শিক্ষার্থী।’মেডিকেল কলেজটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি রয়েছে পশ্চিম বাংলা, নেপাল ও কাশ্মীর থেকে আসা আন্তর্জাতিক শিক্ষার্থী। তেমনি একজন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সন্দীপ পান্ডে। এসেছেন নেপাল থেকে। তিনি বলেন, ‘নেপালে ভালো চিকিৎসকের অনেক চাহিদা। বাংলাদেশের মেডিকেল কলেজে পড়ালেখার মান ভালো বলেই এখানে এসেছি। এখানকার মানুষ অনেক আন্তরিক ও সহযোগিতাপূর্ণ। পড়া শেষ করে দেশে ফিরে দেশের মানুষের সেবা করতে চাই। দেশের প্রতি দায়িত্বটা তো পালন করতে হবে। তবে বাংলাদেশকে মিস করব খুব।’ কথা বলতে বলতে ঘড়ির দিকে চোখ পড়তেই খেয়াল হলো, এবার যে ফিরতে হবে। ফিরে আসার সময় চোখে ভেসে উঠল এসব ভবিষ্যৎ চিকিৎসকের কথা, যাঁরা ভবিষ্যতে আমাদের মতো দরিদ্র দেশে যারা ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তাদের সেবায় নিজেদের উৎসর্গ করবেন।