কমিকসের যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হক
মেহেদী হক

মেহেদী সম্পর্কে লিখতে হবে। মানে আমাদের কার্টুনিস্ট মেহেদী হককে নিয়ে।
সে অনেক কাল আগের কথা। তখন উন্মাদ-এর অফিস ধানমন্ডির ১৯ নম্বরে। একদিন মহাকাশ বার্তার মিলন এক কিশোরকে নিয়ে এল আমার অফিসে। কিশোর ক্লাস নাইনে পড়ে। বয়ঃসন্ধির সময় বলেই হয়তো চেহারায় একটু লাজুক লাজুক ভাব। মিলন বলল, ‘হাবীব ভাই, ও অসাধারণ আঁকে। ওকে দিয়ে উন্মাদ-এ আঁকান!’ আমি খুব একটা চমকাই না। কারণ, সেই শুরু থেকেই আমার কাছে মাঝেমধ্যে ‘অসাধারণ’ আঁকিয়েরা আসে এবং তাদের কাজ দেখে আমি তাদের ‘শিল্প-সাহিত্য সবার জন্য নয়...’—এর ওপর এক নাতিদীর্ঘ বক্তব্য দিই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ-দশের জন্য পজিটিভ কিছু করার উপদেশ দিই। আমি ভাবলাম, সেই রকম একজন বোধ হয় এসেছে এবারও। আমি তার আঁকা না দেখেই ভেতরে ভেতরে বক্তৃতা রেডি করতে থাকি। কিন্তু না, এবার যেন বোম ফাটল!
আমি আশ্চর্য হয়ে আবিষ্কার করলাম, ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে আসলেই অসাধারণ আঁকে, এই বয়সেই। ব্যস, তাকে আমরা উন্মাদ-এ নিয়ে নিলাম। সে আঁকতে থাকল। একদিন মেহেদীকে বললাম,
—আচ্ছা মেহেদী, তুমি যে উন্মাদে কার্টুন আঁকো, বাসায় কিছু বলে না?
—নাহ্
—কেউ কিছু বলে না?
—নাহ্
—তোমার আম্মা কি বলেন বলব? সে অবাক হয়ে বলে, ‘বলেন’। আমি বললাম, ‘তোমার মা নিশ্চয়ই বলেন “তুই যে উন্মাদ-এ এসব আঁকিস, তোকে পয়সাপাতি কিছু দেয়?”’ এই প্রথম মেহেদী হো হো করে হেসে উঠল। বলল, ‘হ্যাঁ, ঠিক এই বাক্যটাই একদিন বলেছিলেন মা।’
এই হচ্ছে আমাদের মেহেদী, মেহেদী হক। তার পর থেকে মেহেদী আমার সঙ্গেই আছে কিংবা বলা যায় আমিও তার সঙ্গেই আছি। এর মধ্যে মেহেদী পড়াশোনা শেষ করেছে। চমত্কার রেজাল্টও করেছে। ইচ্ছে করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারত। কিন্তু না, সে কার্টুনিস্টই থাকবে এবং আছে। নিউ এজ-এর পলিটিক্যাল কার্টুনিস্ট হিসেবে আছে, উন্মাদ-এ-ও সময় পেলেই আঁকে। (অবশ্য নিজে শিক্ষক না হলেও এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিয়ে করেছে সম্প্রতি। সেও আরেক কার্টুনিস্ট)। ইতিমধ্যে সে বহু পুরস্কার পেয়েছে দেশে-বিদেশে, বিদেশে বিভিন্ন কার্টুন ওয়ার্কশপ ঘুরে এসেছে। তার পরও যেই মেহেদী, সেই মেহেদীই আছে। তার আঁকা সম্পর্কে কী আর বলব... তার আঁকায় একটা গতি আছে। দেখলেই মনে হয় সময়ের সঙ্গে ছুটছে বিষয়টা। সবচেয়ে বড় কথা, সে প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড রাখে। পৃথিবীর অন্য দেশের কার্টুনিস্টরা কে কেমন আঁকছে, কীভাবে আঁকছে, সেটাও তার মাথায় থাকে। মোট কথা, সে আসলে একটা চলমান কার্টুন এনসাইক্লোপিডিয়া। ইদানীং সে ‘ঢাকা কমিকস’ নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, যেখান থেকে চমত্কার সব চার রঙা কমিকস বের হচ্ছে প্রতি মাসেই। মোট কথা, কার্টুন কমিকসের এক বিশাল অগ্রযাত্রার পতাকাটি এখন বলতে গেলে মেহেদীর হাতেই। আমরা যারা পুরোনো হয়ে গেছি, তারা তাকিয়ে আছি মেহেদীর মতো তরুণদের দিকেই, দেখি তারা আমাদের শুরু করা কার্টুন-যুদ্ধটাকে ঠিক কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত।
সেই যে হ্যারল্ড ম্যাকলিনের ভাষায় বলতে হয়, ‘এগিয়ে যাও বন্ধু... হয়তো আমরা হারিয়ে যাব...কিন্তু ফের তোমাদের মধ্যেই জেগে উঠব পুনর্বার!’