কমিকে গেমে মুক্তিযুদ্ধ

লাফ দে হামিদ, লাফ দে!
হাঁইয়ায়াআ!
লাফ দিল হামিদ। বাংকারে ফেলে দিল গোটা কয়েক সবুজ গ্রেনেড। এদিকে ট্যাট্যাট্যাট্যাট্যা শব্দে শুরু হয়ে গেল শত্রুপক্ষের গুলি। সুযোগ পেয়ে হামিদুরও ধাম্ম্ করে লাথি বসিয়ে দিল জলপাই-রঙা উর্দি পরা পাকিস্তানি হানাদারের বুকে। ততক্ষণে তার বুক-পিঠ লাল করে শুরু হয়েছে রক্তধারা।
সে রক্তধারার রঙে যেন রাঙিয়ে ওঠে পাঠকের চোখ; যেন বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের বীরত্বগাথা নিজ চোখে দেখতে পাচ্ছে। কমিক বিষয়টাই এমন...। তাই তো এটা টানে তরুণ পাঠকদের।

আর কম্পিউটার গেমে নিজেই হয়ে ওঠা যায় যুদ্ধের অংশ।
আপনি সেখানে মুক্তিযোদ্ধার ভূমিকায় রুখে দিতে পারেন পাকিস্তানি হানাদারদের। গেরিলা যুদ্ধের পরিকল্পনা করতে পারেন, উড়িয়ে দিতে পারেন শত্রুপক্ষের ঘাঁটি। কমিক বা গেমের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে এভাবে পৌঁছে দেওয়া যায় মুক্তিযুদ্ধের ইতিহাস।
পশ্চিমা দেশগুলোতে যুদ্ধজয়ের নায়কেরা পরিণত হয়েছেন তরুণদের নায়ক ও সুপারহিরোতে। মাধ্যম হিসেবে কাজ করেছে কমিক বই। কমিক বইয়ের ওপর ভিত্তি করে হয়েছে অ্যানিমেশন ছবি। বাংলাদেশে তেমনটা হয়ে ওঠেনি। সে কারণেই হয়তো তাদের ‘ওয়ার কমিক’ যতটা জনপ্রিয়, যতটা সমৃদ্ধ, আমাদের দেশে কিন্তু তা নয়। তবে এর মধ্যেও কয়েকজন শিল্পী তরুণদের জন্য কাজ করেছেন, করে যাচ্ছেন। চিত্রভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। এই সময়ে এসে আবার মুক্তিযুদ্ধভিত্তিক গেমসও তৈরি হচ্ছে। এগুলো টানছে এই প্রজন্মের ছেলেমেয়েদের। নির্মাতারা বাণিজ্যিক কারণে যতটা না কমিক বই বা গেম প্রকাশ করছেন, তার চেয়েও মানবিক দায়িত্ববোধ প্রাধান্য পেয়েছে বেশি।

রম্য সাময়িকী উন্মাদ-এর সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব ‘১৯৭১’ শিরোনামে মুক্তিযুদ্ধনির্ভর কমিক প্রকাশ করেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ও আহসান হাবীবের আঁকায় মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক নভেল সূর্যের দিন ২০০৫ সালে প্রকাশিত হয়। বিভিন্ন সময়ে তাঁর আঁকা-লেখা-সম্পাদনা করা কমিকে উঠে এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। ৩০ নভেম্বর মুঠোফোনে আহসান হাবীব বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়টা যতটা বড়, ঠিক সেভাবে না হোক, একেবারে যে কাজ হয়নি তা কিন্তু না। কমিকে সাধারণত তরুণদের আগ্রহ বেশি। আর তাই এই মাধ্যমে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সহজে তুলে ধরা যায়।’


সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে কমিক করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ছবি তুলে ফটো কমিকও করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশে কিন্তু কমিক বিষয়টা প্রতিষ্ঠা পেয়ে গেছে। আর একটু বেশি বয়সের পাঠকদের কথা বলা হলে গ্রাফিক নভেল তাঁদের কাছে জনপ্রিয় হচ্ছে।’
সহজেই মনে জায়গা করে নেয় বলে কার্টুন ও কমিকের গুরুত্বটা বেশি। ফলে এই মাধ্যমে তরুণদের কাছে কম সময়ে ও আকর্ষণীয় করে মুক্তিযুদ্ধ পৌঁছে দেওয়া সহজ। তরুণেরাও কম সময়ে বিষয়টা বুঝতে পারেন বলে মনে করেন ঢাকা কমিকসের কার্টুনিস্ট মেহেদী হক। মুক্তিযুদ্ধ নিয়ে তাগড়া নামে একটি কমিক বই প্রকাশ করেন তিনি। বিভিন্ন সময়ে তিনি এবং ঢাকা কমিকসের কার্টুনিস্টরা মুক্তিযুদ্ধ নিয়ে কমিক স্ট্রিপ প্রকাশ করেছেন।
তরুণ কার্টুনিস্ট ও লেখকদের এই উদ্যোগ নিয়ে কথা হয় মেহেদী হকের সঙ্গে। তিনি বলেন, ‘কমিকের মাধ্যমে কম সময়ে পুরো বিষয়টা বোঝা যায়। এ ছাড়া অ্যানিমেশন, ভিজ্যুয়াল উপস্থাপনা, আলোকচিত্র, গেমের মাধ্যমেও আবেদন তৈরি করা যেতে পারে, কাজও হয়েছে। আমরা কাজটা করি দায়িত্ববোধ থেকে, দায়বোধ থেকে। এ থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার বিষয়টা থাকে না। আমরা এত দিন যা করেছি তা মূলত বই আকারে বের করা হয়নি। তবে আগামী মার্চে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কমিক বই বের করব আমরা।’
পটভূমিতে ঠিক মুক্তিযুদ্ধের সময় ধরে না করা হলেও, মুজিব শিরোনামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১২ পর্বের গ্রাফিক নভেল তৈরিতে কাজ করছেন তরুণ কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম। তন্ময় নামে তিনি বেশি পরিচিত, আঁকেন তন্ময় কার্টুনস নামে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির ওপর নির্ভর করে মুজিব সিরিজের গল্প গড়ে উঠেছে। আত্মজীবনীতে যতটুকু সময়ের কথা আছে, গ্রাফিক নভেলেও তাই। এখন পর্যন্ত মুজিবের দুটি সংখ্যা প্রকাশিত হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রকাশ করছে এই গ্রাফিক নভেল। প্রকাশক হলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ। প্রত্যেক জাতির নায়ককে নিয়ে কমিক কিংবা গ্রাফিক নভেল প্রকাশিত হলেও বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে তেমন কোনো কিছু ছিল না। তন্ময়ের ভাষায়, তাঁকে নিয়ে কার্টুন তৈরির ‘সাহস’ এখন আমাদের হয়েছে। তিনি বলেন, ‘আগে একটা ধারণা ছিল যে কমিক হাসিঠাট্টার বিষয়। কিন্তু বিষয়টা যখন বঙ্গবন্ধুকে ঘিরে, তখন তাঁর মাধ্যমে সবার কাছে কমিকেরও একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। মুজিব সিরিজ আসলে গ্রাফিক নভেলের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ।’
