কমিটি নেই, সবাই নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি নেই এক বছর ধরে। কমিটি না থাকায় কেউ কারও কথা শুনছেন না। ফলে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ছে। ভেঙে পড়েছে সাংগঠনিক শৃঙ্খলাও। মাঝিবিহীন নৌকার মতো চলতে থাকা ছাত্রলীগের এই শাখায় বর্তমানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যেন সবাই নেতা।
এদিকে ১৫ জুন ছয় কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন বিলুপ্ত কমিটির এক পক্ষের নেতারা। তবে এই বহিষ্কারাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংগঠনের কোনো শাখায় চলমান কমিটি তার কোনো নেতা-কর্মীকে বহিষ্কার করতে পারেন না। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো কোনো কমিটিই নেই। সুতরাং সেখানে কাউকে বহিষ্কার করার কোনো সুযোগ নেই। সংগঠনের কোনো নেতা-কর্মীকে বহিষ্কার করার একমাত্র এখতিয়ার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের।
নেতা-কর্মীদের সঙ্গে আলাপে জানা যায়, ছাত্রলীগ এখন শাটল ট্রেনের বগিভিত্তিক নয়টি পক্ষে বিভক্ত। এর মধ্যে সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ভিএক্স, সিক্সটি নাইন, একাকার, কনকর্ড, বাংলার মুখ, উলকা ও এক নম্বর গেট ছাত্রলীগ গ্রুপ। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ।
গত এক বছরে ছাত্রলীগের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, বিলুপ্ত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৮ বার। এর মধ্যে গত বছরের ১৪ ডিসেম্বর ভিএক্স এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মারা যান সিএফসি পক্ষের কর্মী তাপস সরকার। একই বছরের ৬ আগস্ট নিজেদের মধ্যে সংঘর্ষের জের ধরে প্রশাসনিক ভবনে ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। ২৬ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি সভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানস্থলের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ে ভিএক্স এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষ। এ ঘটনায় প্রক্টরের গাড়ি ভাঙচুর করেন সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা-কর্মীরা। ৮ সেপ্টেম্বর সিক্সটি নাইন ও একাকার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২২ থেকে ২৮ সেপ্টেম্বর এই এক সপ্তাহে তিনবার গোলাগুলির ঘটনা ঘটে ভিএক্স এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের মধ্যে। ২৫ নভেম্বর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ভিএক্স ও সিক্সটি নাইন পক্ষ।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভিএক্স এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ৩০ মার্চ বাংলার মুখ ও সিক্সটি নাইন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সর্বশেষ ৬ জুন একাকার ও কনকর্ড পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রলীগ সূত্র জানায়, গত এক বছরে ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে আটটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি করে পুলিশ। বাকিগুলো নিজেরাই প্রতিপক্ষের বিরুদ্ধে করেন। পাশাপাশি সংঘর্ষসহ নানা অপ্রীতিকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত এক বছরে ২৩ জন ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকবার ছাত্রলীগের সমস্যা নিয়ে নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে। কিন্তু ফল শূন্যই।
তবে নতুন কমিটি হলে এসব সমস্যা মিটে যাবে বলে মনে করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। অনেকেই নতুন কমিটিতে পদ পেতে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন।
নেতা-কর্মীরা জানান, কমিটি হলে গত ২০ বছরের রীতি অনুসারে সভাপতি পদে আসবেন আ জ ম নাছির উদ্দিনের অনুসারী কেউ, আর সাধারণ সম্পাদক পদে আসবেন মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের একজন। বর্তমানে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে সভাপতি পদে আগ্রহীরা হলেন বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও নাজমুল হোসাইন। তাঁরা সবাই আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আগ্রহীরা হলেন বিলুপ্ত কমিটির সহসভাপতি অমিত কুমার বসু, শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মামুন ও রাকিব হোসেন।
এ প্রসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সব ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে এই শাখায় কাঠামোবিহীনভাবে চলায় সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে ছাত্রলীগ। তাই সুষ্ঠু ধারায় ছাত্রলীগকে ফিরিয়ে এই শাখায় কমিটি গঠন করা জরুরি।’
এই শাখায় নতুন কমিটি ঘোষণা করা হবে কিনা তা জানতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জমান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের ব্যক্তিগত মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি জয়দেব নন্দীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় সংসদের জাতীয় সম্মেলন ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে দেশের ৬০টির বেশি শাখায় নতুন কমিটি ঘোষণা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাও এই প্রক্রিয়ার বাইরে নয়।’