কমিটি পূর্ণাঙ্গ হয়নি সাত মাসে, নিয়মিত ছাত্রত্ব নেই আট নেতার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল গত বছরের জুন মাসে। এক বছর মেয়াদি এ কমিটির ইতিমধ্যে পার হয়েছে সাত মাস। কিন্তু এ সময়ের মধ্যেও আংশিক কমিটি সম্প্রসারিত করতে পারেননি বর্তমান নেতারা। আবার ১৫ সদস্যের আটজনের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে ইতিমধ্যে। এ নিয়ে ক্ষুব্ধ কমিটির বাইরে থাকা নেতা-কর্মীরা।বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী অভিযোগ করেছেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় লাভবান হচ্ছে ইসলামী ছাত্রশিবির। এ কারণে সংগঠনের কর্মকাণ্ডেও গতি আসছে না বলে তাঁরা জানান। তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি বর্তমান কমিটির সদস্যরাও দ্রুত কমিটি গঠনের তাগিদ দিয়েছেন।পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রসঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যোগ্য, ত্যাগী ও মেধাবীদের নিয়ে কমিটি সম্প্রসারণের বিষয়টি আমরা সম্পন্ন করেছি। খুব দ্রুত কমিটি ঘোষণা করা হবে।’বর্তমান কমিটির সভাপতি মামুনুল হক বলেন, ‘কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হবে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ তানজীম হোসেন ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে এবং কর্মীদের হতাশা দূর করতে কমিটি গঠনের বিকল্প নেই।সংগঠন সূত্র জানায়, গত বছরের ২৫ জুন দীর্ঘ পাঁচ বছর পর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে কমিটিতে ১৫ জনকে রাখা হয়। দীর্ঘদিন ধরে দ্বিধাবিভক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। কমিটিতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের পক্ষ থেকে সভাপতিসহ আটজন এবং মহানগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের পক্ষ থেকে সাধারণ সম্পাদকসহ সাতজনকে কমিটিতে স্থান দেওয়া হয়।ছাত্রলীগের আ জ ম নাছির অনুসারী দিয়াজ ইরফান চৌধুরী, আরিফ ও ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় আমরা হতাশ। রাগে-ক্ষোভে অনেকে ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম থেকে দূরে সরে গেছে। এতে সংগঠনের কার্যক্রমে ভাটা পড়েছে।অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী রুপম বিশ্বাস ও পীযূষ কান্তি বর্মণ বলেন, ‘খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি হওয়া দরকার। আমাদের শিক্ষাজীবন এখন প্রায় শেষের পথে। কিন্তু আমাদের কোনো সাংগঠনিক পরিচয় নেই।’যোগাযোগ করা হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, ‘ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’নিয়মিত ছাত্রত্ব নেই আট নেতার!জানা গেছে, বর্তমান কমিটি ১৫ সদস্যের মধ্যে আটজনের নিয়মিত ছাত্রত্ব নেই। এঁরা হলেন, সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সহসভাপতি সাইফুদ্দিন খালেদ, সহসভাপতি রিয়াজুল ভূঁইয়া সজীব, সহসভাপতি রন্টু দাশ, সহসভাপতি কাজী মারুফ এবং সহসভাপতি ফারুক হোসেন। তাঁদের মধ্যে রিয়াজুল ভূঁইয়া, কাজী মারুফ এবং ফারুক হোসেন ক্যাম্পাস রাজনীতিতে বর্তমানে নিষ্ক্রিয়। আর রন্টু দাশ ইতিহাস বিভাগে শিক্ষক পদে আবেদন করেছেন বলে জানা গেছে।