কমিশনের কার্যক্রমের বিরুদ্ধে মামলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মহলের বিরোধিতা উপেক্ষা করে গত রোববার ও সোমবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানি অনুষ্ঠিত হয়েছে। একে ‘একতরফা’ উল্লেখ করে এ শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, কমিশনের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য একটি কমিশন গঠিত হয়। কমিশনের সদস্যরা হলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকার সার্কেল প্রধান (রাজা) ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বা তাঁর প্রতিনিধি। শুনানিতে কমপক্ষে তিনজন সদস্যের উপস্থিতি প্রয়োজন। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী গত রোববার ও সোমবার খাগড়াছড়ি জেলা সদরের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয়ে শুধু চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধিকে নিয়ে ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানি করেন।কমিশনের সদস্য চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় জানান, তিনি যতটুকু জেনেছেন শুনানিতে চাকমা সার্কেলের অন্তর্ভুক্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অনেক মামলা ছিল। কিন্তু গত ২৪ ও ২৫ মে এবং গত রোববার ও সোমবারের শুনানির ব্যাপারে তাঁকে কোনো চিঠি দেওয়া হয়নি। অথচ আইন অনুযায়ী শুনানিতে কোরাম আবশ্যক। দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চুক্তির সঙ্গে ২০০১ সালের পার্বত্য ভূমি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধনের ব্যাপারে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ একমত হয়েছে। এ নিয়ে পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটিও সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় একতরফাভাবে শুনানি অনুষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিত, আইনবহির্ভূত ও অগণতান্ত্রিক।’ তিনি আরও বলেন, ‘পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আইন সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশন কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেওয়ার পরও শুনানি কার্যক্রম পরিচালনা কমিশনের কার্যকারিতা ও পার্বত্যচুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।’পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত শুনানি গ্রহণ পার্বত্যবাসী মেনে নেবে না। এ ব্যাপারে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকার ও কমিশন চেয়ারম্যান দায়ী থাকবেন।’ পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘আইনের বিরোধাত্মক ধারা সংশোধন ও কমিশনের কার্যবিধিমালা প্রণীত হওয়ার আগে যে বিচারিক কার্যক্রম চালানো হচ্ছে তা অবৈধ। এ ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না।’ অপরদিকে শুনানির প্রতিবাদে ও চেয়ারম্যানের পদ থেকে খাদেমুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম গত রোববার ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষণা করে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও (এমএন লারমা) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি নিয়ে গত দুই দিন খাগড়াছড়ি সদরে পরিস্থিতি ছিল উত্তপ্ত। কমিশন কার্যালয়ের দিকে যাওয়ার পথে বেশকিছু এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় স্বনির্ভর এলাকায় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনকর্মী ও সাধারণ লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। একই সময় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে খাগড়াছড়ি সদরে আসতে পুলিশ লোকজনকে বাধা দিয়েছে। পুলিশের বাধার প্রতিবাদে গতকাল খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হয় ।