কমি৴সভায় যেসব কথা বলতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবনের অবিচ্ছেদ্য অংশ কর্মিসভা বা মিটিং। ভালো লাগুক আর না লাগুক, মিটিং করতেই হয়। যেকোনো কাজ আনন্দ নিয়ে করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে কাজের বিভিন্ন সমস্যা ও খুঁটিনাটি জেনে নেওয়ার সুযোগ থাকে। এতে পারস্পরিক মানসিক যোগাযোগে উন্নতির সুযোগও রয়েছে। আদর্শ মিটিংগুলো উদ্যম, নতুন নতুন ধারণা এবং বন্ধুভাবাপন্ন কর্মপরিবেশ নিশ্চিত করার উৎস হিসেবে বিবেচিত হওয়া উচিত। কিন্তু চাইলেও সব সময় সে রকম ঘটে না। কেউ কেউ পদোন্নতি অর্জনের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে অফিসের মিটিংয়ে নিজেকে জাহির করার চেষ্টা করেন।
মিটিংয়ে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হওয়াটা স্বাভাবিক। তবে ব্যাপারটার প্রকাশ কখনো কখনো অসুন্দর হয়ে যায়। আদর্শ কর্মপরিবেশে এটা একেবারেই অপ্রত্যাশিত। মিটিংয়ে কথা বলার সময় অন্যের অনুভূতিতে আঘাত দেওয়া অনুচিত। খেয়াল রাখবেন, মিটিংয়ে কেউ কেউ আপনাকে উদ্দেশ্যমূলকভাবে রাগানোর চেষ্টা করতে পারে। সমালোচনা গঠনমূলক হলে ভালো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ হলে বর্জনীয়। কেউ আপনার প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করলে তার উৎস খুঁজতে হবে। এসব ক্ষেত্রে পাল্টা আক্রমণে না গিয়ে নিজেকে সংযত রাখাই পেশাদারির লক্ষণ। কারণ, একই ধরনের আক্রমণাত্মক প্রবণতা আপনার মধ্যেও দেখা দিতে পারে। এ রকম নেতিবাচক অভ্যাস বা প্রবণতা এড়াতে আপনাকে সতর্ক হতে হবে এবং কথা বলার কিছু নির্দিষ্ট ধরন এড়িয়ে চলতে হবে। যেমন:

১
‘আমার সব বিবরণ জানার প্রয়োজন নেই। আসুন, সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক।’ এ ধরনের কথার মাধ্যমে বক্তা আসলে অন্যদের অকর্মণ্য ও নিম্নমানের বলে বোঝাতে চাইছেন এবং জটিল বিষয়গুলো কেবল তিনি নিজে বোঝেন বলে ইঙ্গিত দিচ্ছেন।

২
‘বেশ, তাহলে এই হচ্ছে আসল ব্যাপার’ এতে করে বক্তা নিজেকে জটিল বিষয়গুলো প্রতি মনোযোগী হিসেবে উপস্থাপন করতে চাইছেন, আর অন্যদের কেবলই ধারণা, আবেগ ও অনুমাননির্ভর কর্মী হিসেবে দেখানোর চেষ্টা করছেন।

৩
‘হয়তো আপনার কথাই ঠিক।’ বক্তা একই সঙ্গে নিজেকে উদার মনের অধিকারী এবং অন্যের বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতাকে খাটো করতে চাইছেন।

৪
‘আমি অবাক হচ্ছি এই কথা ভেবে যে....। রফিক (ছদ্মনাম), প্লিজ ব্যাপারটা আরেকবার বলুন।’ এই কথার মধ্য দিয়ে বক্তা সিদ্ধান্ত গ্রহণে তাঁর বিচক্ষণতার ইঙ্গিত দিচ্ছেন এবং তাঁর সহকর্মীকে নিয়মিত কাজকর্মের বাইরে যথেষ্ট কৃতিত্ব দেখাতে ব্যর্থ বলেই বোঝাতে চাইছেন।

৫
‘আমার মনে হয়, রফিক বলতে চাইছেন...’ বক্তা এখানে নিজেকে একজন ভালো শ্রোতা হিসেবে জাহির করতে চাইছেন এবং সহকর্মীকে কৃতিত্ব দিতে চাইছেন বলে দেখাতে চাইছেন। কিন্তু আসলে তিনি বোঝাতে চাইছেন, রফিকের চিন্তাভাবনার দৌড় কত দূর, সেটা তিনি আগে থেকেই অনুমান করতে পারেন।

৬.
‘আমি বুঝতে পারছি কেন আপনি এ রকম ভাবছেন।’ অথবা ‘ব্যাপারটা আমিও ভেবেছি।’ এ কথার মাধ্যমে বক্তাকে সহানুভূতিশীল মনে হলেও তিনি আসলে অনেক দূর চিন্তা করতে পারেন বলেই ইঙ্গিত দিচ্ছেন।

মিটিংয়ে আরও কিছু ব্যাপারে আপনি অসন্তুষ্ট হতে পারেন। যখন কেউ অপ্রাসঙ্গিক আলোচনা শুরু করে দেয় অথবা আপনার বক্তব্যের প্রতি অমনোযোগ প্রকাশ করে অথবা নিজের অজান্তেই মুঠোফোনের প্রতি মনোযোগী হয়ে পড়ে? নিজেকে ও রকম আচরণকারী হিসেবে ভেবে দেখুন এবং এসব অভ্যাস থাকলে বর্জন করতে তৎপর হোন। কারণ, কর্মক্ষেত্রে আপনার কাছ থেকেও অন্যরা নেতিবাচক কোনো আচরণ বা অভ্যাস প্রত্যাশা করে না।
একজন ব্যক্তি উপরিউক্ত কথাগুলো কাউকে হেয় না করেই বলতে পারেন। এটা নির্ভর করে তাঁর বলার ভঙ্গি এবং পরিবেশ-পরিস্থিতির ওপর। কিন্তু আপাত নির্দোষ এসব মন্তব্যও কাউকে আহত করতে পারে। তাই এ ধরনের কথা বলার ব্যাপারে সতর্ক থাকা উচিত।
লিংকডইন অবলম্বনে, আশিস আচার্য