কম্পিউটার ও মুঠোফোনের জন্য প্রমিত বাংলার মান
কম্পিউটারে বাংলায় কাজ করেছেন কিন্তু সমস্যায় পড়েননি এমন বাঙালি বিরল। আপনার কম্পিউটারে লেখা বাংলাপত্র আমার কম্পিউটারে হ য ব র ল! এখনো অনেকেই এই সমস্যায় পড়েন। ফলে কোনো কোনো সময় মনে হয়, সাইবার জগতে শেষ পর্যন্ত আমার ভাষা টিকবে তো? কেননা ছাপাখানা আবিষ্কারের পর বোঝা গেল সেই ভাষা টিকে যাবে, যার কি না আছে মুদ্রণরূপ। যে ভাষাগুলো তাদের সিসাতে অক্ষরের ছাপ পায়নি, তাদের অনেকেই হারিয়ে গেছে। ভাষার ওপর প্রযুক্তির ছড়ি ঘোরানো থেকে বাঁচতে হলে ভাষার জয় করতে হয় প্রযুক্তিকে, সর্বজনীনভাবে। বিচ্ছিন্ন চেষ্টা সেটাতে তেমন মূল্য যোগ করে না, শেষ বিচারে। বিশ শতকে কম্পিউটার আসার পর এ বোধটা প্রবল হয়েছে। কম্পিউটারের নিজের ভাষা কিন্তু সহজ—জলবৎ তরলং, কেবল ‘১’ আর ‘০’। তা সে ভাষা তো মানুষ ‘সেভাবে’ বোঝে না, তাই তৈরি করা হলো নিয়মকানুন, অনুবাদক। আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় প্রকাশের জন্য একটা মোর্সকোডের মতো ম্যাপ বানানো হলো [মোর্সকোড হলো ড্যাশ আর ডটের মাধ্যমে ইংরেজি বর্ণমালা বোঝানোর সংকেতলিপি। টেলিগ্রাফে ব্যবহূত হয়]। সেটির একটি গালভরা নামও হলো আসকি (ASCII)। এগুলো কিন্তু মুশকিল নয়, বরং প্রযুক্তির ধারাবাহিক ক্রমবিকাশ। মুশকিল হয়েছে অন্য। শিল্প ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এই পৃথিবীর সবখানে একসঙ্গে হয়নি। ফলে কম্পিউটার নামের যন্ত্রটির বিকাশের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সবাই ছিলেন ইংরেজি ভাষাভাষী। ফলে তাঁরা কেবল তাঁদের ভাষার (ইংরেজি) কথা ভেবে যাবতীয় কলকব্জা, নীতিমালা বানিয়েছেন; সে অনুযায়ী প্রযুক্তর উন্নয়ন ঘটিয়েছেন। ইংরেজি পণ্ডিতেরা দেখলেন, ১২৮টি সংকেত ব্যবহার করলেই তাঁদের হয়। তাঁরা তাঁদের বন্ধুবান্ধবের জন্য আরও ১২৮টি সংকেত রেখে মোট ২৫৬টি সংকেতের এই আসকি বানালেন। ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডিক্রি জারি করে বললেন, তাঁর দেশে যত কম্পিউটার বানানো হবে, তার সবই আসকি সমর্থনযোগ্য হতে হবে। ব্যস।হয়ে গেল কম্পিউটারে ভাষার প্রমিতকরণ!কম্পিউটারের ব্যাপারটা এমন যে অচিরেই সেটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। অন্য ভাষার লোকেরা সেটিকে তাঁদের মতো করে, তাঁদের ভাষায় ব্যবহার করতে চাইল। কম্পিউটারবিদেরা পড়লেন বিপদে। কারণ সব তো বানানো হয়েছে ইংরেজিকে কেন্দ্র করে। ‘যত মুশকিল তত আসান’ কাজেই রাস্তাও বের করে ফেললেন সবাই। দুটি রাস্তা প্রথমটিও ইংরেজির সঙ্গে সহাবস্থান, আশু করণীয় হিসেবে। অর্থাৎ আসকির ইংরেজি ছাড়া অংশগুলো নিজেদের ভাষার জন্য ব্যবহার করা, একটি মধ্যবর্তী প্রক্রিয়া ব্যবহার করা ইত্যাদি। ফলে ইংরেজি কম্পিউটারে জাপানি, আরবি এমনকি বাংলা ভাষায় কাজ করা সহজ হয়ে গেল। এ কাজটি করার সময় কয়েকটি দেশ প্রথমেই ম্যাপের ব্যাপারে একমত হয়েছে। যেমন ভারত, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া। তারা প্রথমে একটা ম্যাপ বানিয়ে নিয়ে সবাই সেটা মেনে চলতে শুরু করল। আবার অনেক দেশে আসকির খালি জায়গাগুলো ‘যে যেমন খুশি’ তেমনই ব্যবহার করতে শুরু করে দিল। যেমন আমরা। ফলে শুরুতে যেমন বলেছি, আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারলাম বটে, তবে আমার লেখা আর আপনার কম্পিউটারে ‘পড়া’ যায় না! ১৯৮৭ সালে জেরক্স কোম্পানির জো বেকার আর অ্যাপল কম্পিউটারের লি কলিন্স ও মার্ক ডেভিস এই সমস্যার একটি সর্বজনীন সমাধান বের করার চেষ্টা করলেন। কাজটি হলো কম্পিউটারের জন্য এমন একটি সংকেত ব্যবস্থার উদ্ভাবন করা যা কিনা বিশ্বের তাবৎ ভাষাকে আত্মস্থ করতে পারবে। প্রত্যেক ভাষার স্বতন্ত্র লিপি সেখানে জায়গা পাবে। মাত্র ২৫৬টি নয়, সেখানে থাকবে কয়েক লাখ প্রতীক-সংকেতের জায়গা। এটি হবে একক, সমন্বিত ও সর্বজনীন সংকেত ব্যবস্থা (unique, unified, universal encoding)। এভাবে আমরা পেয়ে যাই ইউনিকোড নামের নতুন এক সংকেত ব্যবস্থা। বিশ্বের সব চলমান ভাষা এমনকি কয়েকটি হারিয়ে যাওয়ার লিপিও সেখানে স্থান পেল। তার পরও ভবিষ্যতের জন্য সেখানে এখনো অনেক খালি জায়গা রয়ে গেছে! আর পুরো কাজটিকে সর্বজনীনরূপ দেওয়ার জন্য তৈরি হলো ইউনিকোড কনসোর্টিয়াম। সব ভাষাভাষীর প্রতিনিধিরা যাঁরা ইচ্ছা করেছেন, তাঁরা সেখানে যোগ দিয়েছেন আর তাঁদের সঙ্গে আছেন সব প্রযুক্তি পণ্যের নির্মাতারা। কারণ সংকেতকে শেষ বিচারে মানুষের ব্যবহারের উপযোগী করতে হলে কম্পিউটারের স্মরণাপন্ন হতে হবে।পৃৃথিবীর আর দশটি ভাষার মতো আমার মায়ের ভাষাও ঢুকে গেল ইউনিকোডে। অর্থাৎ ইউনিকোডে নির্ধারিত হয়ে গেল বাংলা ভাষার ‘ক’ কে কম্পিউটার কোনো সংকেত হিসেবে চিনবে। যে সফটওয়্যারগুলো ইউনিকোড মেনে চলে, তাদের বেলায় সব ‘ক’ একই সংকেতে চেনা যাবে। অর্থাৎ আমার আর আপনার কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি যদি ইউনিকোড সমর্থিত হয়, তাহলে কারও কোনো বিভ্রান্তি হবে না!প্রযুক্তির প্রমিতকরণের প্রতি কেন জানি না, আমাদের এক ধরনের অবহেলা আছে। ইউনিকোড কনসোর্টিয়াম যখন হলো তখন দেখা গেল, বিশ্বের একমাত্র যে দেশটির রাষ্ট্রভাষা বাংলা, তার কোনো প্রতিনিধি সেখানে নেই। বাংলা যেহেতু ভারতের একটি প্রাদেশিক ভাষাও, তাদের হাত ধরে সেটি ঢুকে গেল ইউনিকোডে। ফলে শুরু থেকে আমাদের মনের মতো করে ইউনিকোডে বাংলাটা ঢুকল না। ইউনিকোডের লোকজনকে শুরুতে বোঝানোই গেল না, ৎ একটি পৃথক বর্ণলিপি, তার আলাদা অস্তিত্ব দরকার। বাংলা ভাষার যুক্তবর্ণ আসলে বাংলাভাষার প্রাণ। সেগুলোর জন্য আলাদা সংকেত থাকলে আমাদের গণনার কাজটি সহজ হয়। চীনা, জাপানি বা কোরীয়দের ভাষার হাজার হাজার চিহ্নের জন্য সংকেতের সুযোগ থাকলে আমাদেরও থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত আমরাও এসব পেলাম না। ব্যক্তিগত উদ্যোগে নতুন যুগের একদল বাংলাপ্রেমিক ইউনিকোডের সঙ্গে ঝগড়া বিবাদ করে শেষ পর্যন্ত অনেকগুলো সমস্যার সমবধান করেছে। ফলে এখন ইউনিকোড বাংলার প্রমিতমান হিসেবে প্রযুক্তি পণ্যের জন্য যথাযথ হয়ে উঠেছে। যেহেতু বেশির ভাগ সমস্যার সমাধান হয়েছে তখন দরকার ছিল ইউনিকোডের সর্বশেষ মানটিকে বাংলাদেশের জাতীয় মান হিসেবে গ্রহণ করা। আর ঠিক এই কাজটি হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০১১ সালে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কম্পিউটারে বাংলা প্রমিতমান হিসেবে ইউনিকোডকে গ্রহণ করেছে। বাংলা বর্ণমালার হালনাগাদ করা কোড সেটের মান হিসেবে বিডিএস ১৫২০: ২০১১ গৃহীত হয়েছে। ইউনিকোডের সর্বশেষ সংস্করণ ইউনিকোড ৬.০-এর সঙ্গে এর প্রায় সবটুকু মিল। তবে এখনো ইউনিকোডে দাঁড়ি, জোড়া দাঁড়ির জন্য বাংলা কোড পেজে পৃথক সংকেত নেই। কিন্তু বিডিএসে এই দুটির জন্য পৃথক সংকেত রাখা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এবং কম্পিউটারে বাংলা ভাষা প্রমিতকরণ কমিটির আহ্বায়ক মো. মাহফুজুর রহমান জানালেন, ইউনিকোড কনসোর্টিয়ামের সঙ্গে বাংলা লিপির প্রতীকায়নের ব্যাপারে আমাদের যেসব অসঙ্গতি রয়েছে, সেগুলো দূর করার জন্য সরকার ইউনিকোড কনসোর্টিয়ামের পূর্ণ সদস্য হয়েছে। দাঁড়ি, ডবল দাঁড়ির মতো প্রয়োজনীয় চিহ্নের সংযোজন এবং ঔ-কারের ডানের একক পৃথক চিহ্নের মতো অপ্রয়োজনীয় চিহ্ন পরিত্যাগের ব্যাপারে সরকারিভাবে কাজ করা হবে। তবে একই সঙ্গে যাঁরা কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে কাজ করবেন, তাঁরা যেন নতুন এই জাতীয় মান মেনে চলেন, তার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। সব কম্পিউটার সফটওয়্যারে তথ্য ধারণের জন্য যদি ইউনিকোড সমর্থিত জাতীয় মানটি গ্রহণ করা হয়, তাহলে এক সফটওয়্যারে লেখা বর্ণ অন্য সফটওয়্যারেও একই দেখাবে। শব্দ অনুসন্ধান বা অভিধানের বর্ণক্রমও সবার জন্য একই হবে।১৫ ফেব্রুয়ারি বিএসটিআই একই সঙ্গে মোবাইল কি-প্যাডের প্রমিতকরণের কাজটিও করেছে। প্রকাশিত হয়েছে মোবাইল বাংলা কি-প্যাডের মান বিডিএস ১৮৩৪:২০১১। সাধারণ মোবাইলের সংখ্যার যে কি-প্যাড রয়েছে, সেখানে কোন বর্ণের পর কোন বর্ণ আসবে, সেটির জন্য এই প্রমিত মান। সব মোবাইল সেটে এই মান চালু হলে নির্মাতা নির্বিশেষে ব্যবহারকারী মোবাইলে একইভাবে বাংলা লিখতে সক্ষম হবে। যেহেতু মোবাইলে মাত্র ১২টি কি থাকে, সেহেতু এই কি-তে পরপর চাপ দিয়ে উদ্দিষ্ট বর্ণ পাওয়া যাবে। আবার * চিহ্ন ব্যবহার করে যুক্ত বর্ণ তৈরি করা যাবে। মোবাইল ফোনেও বর্ণের প্রতীকায়নের জন্য ব্যবহূত হবে ইউনিকোড। ফলে সেট নির্বিশেষে বাংলা মুঠোবার্তা প্রেরণ ও গ্রহণ সম্ভব হবে। কেবল এর জন্য যথাযথ সফটওয়্যারের প্রয়োজন হবে। ইউনিকোডকে ভিত্তি করে বাংলার জাতীয় কোড সেটের প্রমিতকরণ ও মোবাইল কি-প্যাডের মান নির্ধারণ দীর্ঘদিনের দাবিকে পূরণ করেছে। এখন দরকার এই মানকে অনুসরণ করা। যাঁরা বাংলা নিয়ে প্রযুক্তি জগতে কাজ করছেন, তাঁদের কাজে সমন্বয় করতে পারলে দীর্ঘদিনের অরাজকতার অবসান হবে। একই সঙ্গে ইউনিকোড কনসোর্টিয়ামের কারিগরি কমিটিতে পূর্ণ ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে ইউনিকোড থেকে বাংলা ভাষার ন্যায্য হিস্যা আদায়েও আমাদের সচেষ্ট থাকতে হবে। আর সেটিই হবে একুশ শতকে ভাষা শহীদদের প্রতি পূর্ণ শ্রদ্ধাঞ্জলি।