মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিজস্ব ভবনে অত্যাধুনিক সুবিধাসংবলিত নতুন একটি কম্পিউটারকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের সনদ, নিবন্ধন কার্ড, নম্বর ফর্দের জন্য আর ঢাকায় দৌড়ঝাঁপ করতে হবে না। সব পরীক্ষার ফলাফল আগামী বছর থেকে কাগুজে দলিলের পরিবর্তে সরাসরি অনলাইনের মাধ্যমে দেওয়া হবে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত বোর্ড চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হুদা প্রথম আলোকে এ তথ্য দেন। গত ২৯ নভেম্বর ভারপ্রাপ্ত বোর্ড চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব নেন। এর আগে তিনি বোর্ডের সচিব ছিলেন।জানা যায়, বোর্ডের কার্যক্রম ও শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের জন্য এ ধরনের কম্পিউটার আগে শুধু ঢাকায় ছিল। এ কারণে সব বোর্ডের সারা দেশের শিক্ষার্থীদের পড়ালেখাসংক্রান্ত প্রয়োজনীয় সব দলিলের জন্য ঢাকায় যেতে হতো। তবে অন্যান্য বোর্ড পর্যায়ক্রমে তাদের নিজস্ব কম্পিউটারকেন্দ্র চালু করলেও চট্টগ্রাম ছিল পিছিয়ে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে একটি স্বয়ংসম্পূর্ণ, দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি সে লক্ষ্যে কাজ শুরু করেছি।’ তিনি জানান, ইতিমধ্যে বোর্ডের নিজস্ব ব্যবস্থাপনায় পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জেনারেটর ও সাবস্টেশন স্থাপন করা হয়েছে। মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘শিক্ষা বোর্ড ভবনকে আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এখানে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা, সাবপোস্ট অফিস ও এবাদতখানা স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও জানান, বর্তমানে যে চার একর জায়গার ওপর বোর্ডের নিজস্ব ভবন গড়ে উঠেছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় পাওয়া। এরই স্বীকৃতি এবং কৃতজ্ঞতার স্মারক হিসেবে এখানে একটি ফলক নির্মাণেরও প্রস্তুতি নিয়েছি আমরা।’আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘আমরা পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহ আগে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র শিক্ষকদের নিয়ে বৈঠকে বসব। সেখানে তাদের পরীক্ষাসংক্রান্ত যাবতীয় নীতিমালা সম্পর্কে ধারণা দেওয়া হবে।’ তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থী যাতে তাঁর মেধা অনুযায়ী যথোচিত নম্বর পায় সে বিষয়ে আমরা জোর দিচ্ছি। কাউকে যেন পারতপক্ষে কম নম্বর দেওয়া না হয় তা-ও আমাদের নজরদারিতে থাকবে।’তিনি জানান, আগামী বছর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোর এসএসসি, জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পিএসসির (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে জানানো হবে। এ ব্যাপারে চট্টগ্রামের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় চলছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটির বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২ জানুয়ারি দক্ষিণ জেলার বিভিন্ন বিদ্যালয় এবং ৩ জানুয়ারি উত্তর জেলার বিভিন্ন বিদ্যালয় এবং ৪ জানুয়ারি মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।