কম্পিউটার মেলায় প্রযুক্তির নানা চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ে বাসায়-অফিসে, খেত-খামারে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলের দোকান, কোথায় নেই প্রযুক্তি? মেলা প্রঙ্গণের সামনের শৌখিন বাগানে গাছের ভেতরে উঁকি দিচ্ছে এমনই নানা ছবি। ‘বাইরের এসব দেখেই আঁচ করা যায় যে তথ্যপ্রযুক্তি আমাদের কেন দরকার’—বলছিলেন মেলার প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা তরুণ ফরহাদ রেজা। প্রযুক্তির এ মেলা চলছে রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে। ‘সিটি আইটি ২০১৩’ নামে কম্পিউটার সিটির বার্ষিক এই মেলা শুরু হয়েছে ১৪ মার্চ থেকে। শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এই মেলা। তবে হরতালের কারণে ১৮ ও ১৯ মার্চ বন্ধ থাকায় মেলায় একটা ছন্দপতনও হয়। ২০ মার্চ থেকে আবার জমজমাট মেলা। মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে রয়েছে ছাড় আর পুরস্কার জিতে নেওয়ার দারুণ সব সুযোগ। মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামান বলেন, ‘দেশের এমন অস্থিরতার ভেতরেও এমন ভালো সাড়া পাব, ভাবিনি।শুরুর দিন থেকেই নানা রকমের আয়োজনে মেলার পুরো আমেজটাই পাচ্ছেন দর্শক-ক্রেতারা।মেলা শেষ হবে ২৫ মার্চ।’প্রযুক্তিপণ্যের পসরা মেলা উপলক্ষে সেজেছে কম্পিউটার সিটির সবগুলো দোকান। রঙিন বেলুন আর ফুলে ফুলে সাজানো এ যেন নতুন এক বাজার।এমনিতে সারা বছর ধরে এখানে বিভিন্ন প্রযুক্তি পণ্য পাওয়া যায়। তবে মেলা উপলক্ষে দোকানিরা নতুন পণ্য উপস্থাপনের মাধ্যমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করছেন। বিভিন্ন ধরনের ল্যাপটপ, ফিক্সড ফোকাস ও ডিএসএলআর ক্যামেরা, স্পিকার, পেনড্রাইভ, কি-বোর্ড, মাউস, এলইডি ও এলসিডি মনিটর, ইন্টারনেট মডেম, গেম সিডি, আইপ্যাড, ডেস্কটপ কম্পিউটার, এমপিথ্রি, এমপি ফোর প্লেয়ার, ফটোকপিয়ার, প্রিন্টার, সাউন্ড বক্স ইত্যাদিসহ নানা প্রযুক্তির পণ্য পাওয়া যাবে মেলায়।যেসব পণ্যের চাহিদা বেশিক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, ল্যাপটপের প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। গত দিনগুলোতে তাই বেচাকেনায়ও তুষ্ট বিক্রেতারা। নিজের জমানো টাকা নিয়ে মেলায় এসেছেন আসাদুজ্জামান। জানালেন, ‘অনেক দিন ধরেই একটা ল্যাপটপ নেব বলে ইচ্ছা করেছি। আর তাই টাকাও জমিয়েছি। একসঙ্গে এত টাকা জোগাড় করতে যাতে কষ্ট না হয়, তাই একটু একটু করে জমিয়েছি এত দিন। মেলা ঘুরে দেখলাম, ছাড়ের কারণে ল্যাপটপের দাম বেশ কমই। আর তাই একটা কিনে ফেললাম।’ বিক্রি হচ্ছে ছোট্ট পেনড্রাইভ থেকে শুরু করে ফটোকপিয়ারও। তবে ল্যাপটপের চাহিদা যে বেড়েছে, সেটা জানা গেল রায়ানস আইটির ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানের কাছ থেকেও। তিনি বলেন, ‘ল্যাপটপ আছে এবারের মেলায় বিক্রির শীর্ষে। আর তার পাশাপাশি ভালো বিক্রি হচ্ছে ক্যামেরা। ফিক্সড ফোকাস এবং ডিএসএলআর দুই ধরনের ক্যামেরাই ভালো চলছে। সব মিলিয়ে বিক্রিতে আমরা খুশি।’ছাড় আর উপহারের মেলামেলা উপলক্ষে অধিকাংশ পণ্যেই চলছে ছাড়। এ ছাড়া পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ টাকা। মেমোরি কার্ড, মগ, টি-শার্ট, পেনড্রাইভ, ক্যামেরা ব্যাগ, ব্যাক প্যাকসহ বিদেশ ভ্রমণের টিকিট। বিভিন্ন পণ্যে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড় ঘোষণা করেছে বেশ কয়েকটি দোকান। এ ছাড়া বিভিন্ন পণ্য কিনে পাওয়া যাবে ক্র্যাচ কার্ড। যা ঘষে জিতে নিতে পারেন নগদ টাকা ছাড়, এলসিডি বা এলইডি মনিটর, ক্যামেরা, টেলিভিশনসহ নানা কিছু। আরও যত্ত আয়োজন মেলায় পণ্য কেনাবেচা ছাড়াও আছে আরও নানা আয়োজন। শিক্ষার্থীদের জন্য আছে ছবি আঁকা প্রতিযোগিতা, গেম প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র কনটেস্টসহ নানা আয়োজন। ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট গেম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।মেলায় প্রবেশের জন্য রয়েছে ১০ টাকার টিকিট। যা কিনে প্রতিদিন ড্রয়ের মাধ্যমে জিতে নেওয়া যাবে ল্যাপটপ, ক্যামেরাসহ নানা কিছু। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের জন্য মেলায় প্রবেশে কোনো টাকা লাগে না।