কম্পিউটার শিক্ষা কার্যক্রমে গতি নেই মাধ্যমিক বিদ্যালয়ে
মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ঐচ্ছিক বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা কার্যক্রম চালু হয়েছে ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে। কিন্তু অভিজ্ঞ শিক্ষক, কম্পিউটার, ল্যাবের অভাবসহ নানা সংকটের কারণে গতি পাচ্ছে না এ কার্যক্রম। শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে ভোগান্তি। জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ আয়োজনজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কার্যক্রমে কোনো অগ্রগতি নেই।বেশির ভাগ বিদ্যালয়েই রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট। অন্য বিষয়ের শিক্ষককে দিয়ে কোনোরকমে কাজ চালানো হচ্ছে। এ ছাড়া শিক্ষার্থী অনুপাতে কম্পিউটারের সংখ্যাও পর্যাপ্ত নয়। সব বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবও নেই। অপরদিকে, কোনো কারণে কম্পিউটার বিকল হলে খরচের টাকা কীভাবে জোগাবে—সংস্থান না হওয়ায় তা সারানোর ব্যাপারেও মাথা ঘামায় না বিদ্যালয় কর্তৃপক্ষের লোকজন। এ ছাড়া, জেলার কয়টি বিদ্যালয়ে কতগুলো কম্পিউটার আছে, কোন কোন প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য শিক্ষা বোর্ড কিংবা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে পাওয়া যায়নি। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, কম্পিউটার শিক্ষা ঐচ্ছিক বিষয় হিসেবে নবম ও দশম শ্রেণীর পাঠ্যভুক্ত। ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা এ বিষয়ে প্রথম নিবন্ধিত হয় (রেজিস্ট্রেশন করে)। ১৯৯৬ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন তারা পরীক্ষায় অংশ নেয়। এরপর থেকে বিভিন্ন সময়ে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ করা হয়। আবার কোনো কোনো বিদ্যালয়ে এর বাইরে দাতা ব্যক্তি অথবা সংস্থার পক্ষ থেকেও কম্পিউটার, প্রিন্টার ও অনুষঙ্গিক যন্ত্রপাতি দেওয়া হয়। সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০০৩ সাল থেকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুইটি করে কম্পিউটার সরবরাহ করে। প্রথম দিকে যেসব বিদ্যালয়ে কম্পিউটার বিষয় চালু ছিল সেগুলোই নির্বাচন করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের দাবির মুখে শহর-গ্রামের বেশির ভাগ বিদ্যালয় এ সুবিধার আওতায় আনা হয়। জানা যায়, বেশির ভাগ বিদ্যালয়েই অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার বিষয়ের শিক্ষক নেই। কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে বিদ্যালয়ের এমন কোনো শিক্ষক দিয়ে কাজ চালানো হচ্ছে। আবার অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় কম্পিউটারের সংখ্যাও কম। এ ছাড়া এসব বিদ্যালয়ে কোনো ল্যাব না থাকায় সাধারণ শ্রেণীকক্ষে দু-তিনটি কম্পিউটার বসিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে কোনো কারণে একটি কম্পিউটার অথবা এর কোনো যন্ত্রপাতি নষ্ট হলে তা সারানোর কোনো ঝুঁকি নেয় না বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে তাঁদের যুক্তি হলো, বোর্ড থেকে খরচের কোনো টাকা পাওয়া যায় না। ফলে তা শিক্ষার্থীদের কাছ থেকে জোগাড় করতে গেলে অভিভাবকদের কাছ থেকে আপত্তি ওঠে। ফলে নষ্ট কম্পিউটার, এর যন্ত্রপাতি আর মেরামত করা হয় না। এগুলো একসময় ব্যবহারের অনুপযোগী এবং পরিত্যক্ত হয়ে পড়ে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু জাফর চৌধুরী জানান, ‘আমরা এ পর্যন্ত এক হাজার ৪২৫টি বিদ্যালয়ে কম্পিউটার দিয়েছি।’ বিদ্যালয়ে কম্পিউটার, শিক্ষক ও তদারকিকাজে নানা সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন, ‘জনবল কম থাকায় পুরো বিষয়টি তদারক করা সম্ভব হয় না। বোর্ডের পক্ষ থেকে কম্পিউটার মেরামতের খরচ জোগানোর মতো কোনো তহবিলের ব্যবস্থাও নেই। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে। এরপর প্রয়োজনীয় দিকনির্দেশনা সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।’