কম্পিউটার সিটির ১২ বছর
ঢাকার অনেক প্রতিষ্ঠান আছে, যারা তাদের বিদেশি অতিথিকে একবার বিসিএস কম্পিউটার সিটি দেখাতে নিয়ে আসবেই। মাঝেমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ডিফেন্স কলেজের বিদেশি অতিথিদের অনেকটা আনুষ্ঠানিক সফরের মতো করে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটির বিভিন্ন তলায় ঘুরে বেড়াতে দেখা যায়। এসএপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকায় সফটওয়্যারের কাজে এসে এই ভবন ঘুরতে আসেন, যদিও এটা তাঁর মূল কাজের অংশ নয়।ইস্টার্ন ব্যাংক বা গ্রামীণফোনের তথ্যপ্রযুক্তি শাখার প্রধানকে মাঝেমধ্যেই এখানে দেখা যায়, কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের কম্পিউটার কেনার দরপত্র আহ্বানের আগে বিশেষজ্ঞ দল একবার এই ভবনে ঘুরে যায়। আর বাসাবাড়ির যেকোনো বয়সের যে কারও জন্য এই জায়গা খুব পছন্দের।ঘাম-জ্যামের বিশৃঙ্খল রাজধানীর মধ্যে কম্পিউটার সিটি যেন অন্য এক শহর।আধুনিক ও বিশ্বমানের প্রযুক্তি বিপণনের এ কেন্দ্র নিয়ে গর্ব করার যে যথেষ্ট কারণ আছে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ, এই সিটি ১২ বছর আগে যাত্রা শুরু করেছে এবং আকর্ষণটা ধরেও রেখেছে এই দীর্ঘ সময়। ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর কম্পিউটার সিটির উদ্বোধন হয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার হাতে। তিনি ছিলেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি আর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন বিশেষ অতিথি।ফিতা কেটে শাহ এ এম এস কিবরিয়া কম্পিউটার সিটির প্রতিটি তলা ঘুরে দেখে ফেরত যাওয়ার সময় বললেন, ‘আমি মুগ্ধ।’ অনুষ্ঠান শেষে উনি টেলিযোগাযোগ-সংক্রান্ত এক সরকারি সভায় গিয়েছিলেন। সেখানে বলেছিলেন, সরকারের কর্মীদের এই সিটি নিজের চোখে দেখে আসা উচিত, কীভাবে এত বড় কাজ নিজেরাই করে ফেলল।কম্পিউটার সিটি চালু হওয়ার কয়েক বছর আগে থেকেই আগারগাঁওয়ের আইডিবি ভবন নির্মিত হয়ে খালি অবস্থায় ছিল। এটাকে শুধু কম্পিউটারের মার্কেট করার কোনো চিন্তা তখন কর্তৃপক্ষের ছিল না। পরিকল্পনা ছিল, এটা একটা বারোয়ারি পণ্যের জমকালো বাজার হবে। আর এই ভবনের গঠন-গাঠনও বেশ রাজকীয়, ঢাকার অন্য দশটা ভবনের মতো না। আশপাশে প্রচুর জায়গা ছেড়ে দেওয়া, দোকানঘরগুলো সাধারণের চেয়ে আয়তনে বড়। শুধু বাজারের আয়তনই এক লাখ বর্গফুট। কমপ্লেক্সটির একদিকে বাজার যেটি চারতলা আর লাগোয়া অফিস ভবনটি ২২ তলা।এই কমপ্লেক্সের মালিকানা ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের ওয়াকফ প্রতিষ্ঠান আইডিবি-বিআইএসইডব্লিউয়ের। মার্কেটটি গড়ে উঠেছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ইজারা চুক্তির মাধ্যমে।১৯৯৮ সালের শুরুতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সঙ্গে আইডিবি ভবন কর্তৃপক্ষের যোগাযোগ ঘটে। ভবনটি তখন খালি, কয়েকটা দোকান বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র। এই খালি ভবনে সেই বছরের শেষ দিকে বিসিএস একটা জমকালো কম্পিউটার মেলার আয়োজন করে। যাঁরা বাংলাদেশের কম্পিউটার মেলা বা উৎসবগুলোর খবর রাখেন, তাঁরা জানেন ১৯৯৮ সালের মেলার কথা। ওই কম্পিউটার মেলা পুরো দেশে একটা হুলস্থুল ঘটনা ঘটিয়েছিল।সাত দিনের একটা মেলায় চারটা তলায় সারি সারি স্টল। বর্ণিল আলোয় আর প্রযুক্তিপণ্যে ভবনের ভেতরটা যেন ঝকমক করত, অথচ বাইরে থেকে এর ভেতরের বর্ণাঢ্যতা বোঝার সুযোগ ছিল না। বাইরেরটা যার সাদামাটা আর ভেতরে এত গুণ, মানুষ তার কথা বেশি বেশি বলবে, এটাই তো রীতি। মুখে মুখে এই মেলার কথা খুব দ্রুত পুরো দেশে ছড়িয়ে গিয়েছিল। ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামকেও দেখেছি, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ১০ টাকায় টিকিট কিনে মেলায় প্রবেশ করতে।মেলার উদ্যোক্তারা তাঁকে লাইনে দেখে বিশেষ দরজা দিয়ে ঢুকতে অনুরোধ জানালেও তিনি রাজি হননি। বলেছেন, ‘গত কদিন থেকে এত শুনেছি মেলার কথা, তাই নিজের চোখে দেখতে এলাম। আজ আর ভিআইপি নই, সবার মতোই যাব।’ তখন সফটওয়্যার বা ইন্টারনেট সেবাদাতাদের আলাদা সমিতি ছিল না। সবাই একটা সংগঠন বিসিএসের সদস্য ছিল। মেলায় বড় একটা এলাকা ছিল সফটওয়্যারের, আরেকটা ছিল আইএসপির জন্য। তখন ভারত থেকে আসা অ্যাপটেক-এনআইআইটি কম্পিউটার শিক্ষার স্বল্পমেয়াদি নতুন বাণিজ্যিক পণ্য নিয়ে এ দেশে এসে অল্প সময়েই বাজার মাত করে ফেলেছিল। তারাও ছিল মেলায়। ঢাকার আলিয়া মাদ্রাসা ছাড়াও বেশ কিছু মাদ্রাসাকে বিশেষ বিবেচনায় মেলার স্টল দেওয়া হয়েছিল। সেখানে তারা তথ্যপ্রযুক্তিতে মাদ্রাসার শিক্ষার্থীদের কাজ দেখিয়েছিল। সেই সময়ের কম্পিউটার বাজার ১২ বছর পর বেড়ে দাঁড়িয়েছে অনেক গুণ। এখন দেশের ৬০ শতাংশ কম্পিউটার এই ভবন ঘিরেই ক্রেতাদের কাছে যায়। কম্পিউটার সিটি চালু হওয়ার পর খুব বেশি দিন লাগেনি, ক্রেতারা যেন এখানে হুমড়ি খেয়ে পড়েছেন। এই তো কিছুদিন আগেই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমই শাখার প্রধান হাসান আমার কাছে আবারও জানতে চাইলেন, কীভাবে এই মার্কেট সফল হলো? গোপন রহস্যটা কী? অবশ্য এর সঙ্গে সঙ্গে তাঁর ভেতরের ইচ্ছাটাও সহজে প্রকাশ করলেন, কম্পিউটারের খুচরা বাণিজ্যে বিনিয়োগ করতে চান। আর এই বিনিয়োগ সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত করার জন্য এই কম্পিউটার সিটির কোনো বিকল্প প্রতিষ্ঠান খুঁজে পাননি। এ কথা ঠিক, কম্পিউটার সিটির ব্যবসা বেশ দ্রুত বাড়ছে। এখন খুব শক্তভাবে বলা যায়, খুচরা পর্যায়ের উদ্যোগীরা আরও ভালো করতে পারবে যদি ব্যাংকগুলো আরও এগিয়ে আসে।ছোট-বড় মিলিয়ে এখন কম্পিউটার সিটিতে আছে ১৫৬টি প্রতিষ্ঠান। অথচ দোকানের চেয়ে কয়েক শ বেশি দরখাস্ত অপেক্ষায় আছে। বরাদ্দের এই কাজটি করে আইডিবি ভবনের অফিস। এই ভবনের প্রতিষ্ঠানগুলোর মালিকদের সমিতি বিসিএস কম্পিউটার সিটি কমিটি নামে পরিচিত। দোকানের বরাদ্দ প্রক্রিয়ায় এই সমিতির কোনো ভূমিকা নেই।ভবনের সার্বিক ব্যবস্থাপনার কাজ করে আইডিবি ভবন কর্তৃপক্ষ। বাজারে বাণিজ্যের প্রসার, বিক্রেতা ও ক্রেতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করে সিটি কমিটি। বিসিএস কম্পিউটার সিটি—এই নামের সঙ্গে যদিও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নামটি জড়িত, কিন্তু এখানে এর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই।বিসিএস নামটি এসেছে একেবারে শুরুতে। এই সংগঠনটিই বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।এই বাজার ঘিরে বাণিজ্যের পরিমাণ এত বেড়ে গেছে যে এখনকার চারতলার সঙ্গে আরও কয়েকটা তলা যোগ করার প্রক্রিয়া আইডিবি কর্তৃপক্ষ শুরু করতে যাচ্ছে বলে শোনা গেছে।এখন প্রায় দেড় হাজারের মতো কর্মী কাজ করেন কম্পিউটার সিটিতে। সংখ্যার দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়ে অনেক কম। শফিক রেহমান একবার সিটিতে অনুষ্ঠান করতে এসেছিলেন, উনি বিটিভিতে তখন লাল গোলাপ নামের একটা অনুষ্ঠান করতেন। ওই অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘এই বাজার পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। দেখে বোঝা যায়, এখানে সজ্জন মানুষেরই আনাগোনা, পরিবেশ খুব মার্জিত, ভালো নিরাপত্তা-ব্যবস্থা। অথচ পুরো মার্কেটে নারী কর্মীর সংখ্যা এত কম কেন?’ আমি তখন চট করে কোনো উত্তর দিতে পারিনি। প্রায় এক হাজার ৩০০ পুরুষ কর্মীর সঙ্গে মাত্র ৬০ জন নারী। পরে মালিকদের সঙ্গে এ নিয়ে কথা বলে জানতে পেরেছি, তাঁরাও নারীদের কাজে নিতে বেশি আগ্রহী। কিন্তু তবু কেন এ অবস্থা এখনো বুঝতে পারি না। যাঁরা দেশে ও বিদেশে বাংলাদেশের নারী ইস্যুতে কাজ করেন, তাঁরা কারণটা ভালো বলতে পারবেন হয়তো।১২ বছর হয়ে গেল, অথচ এখনো সমিতির সাত-আটজনকে প্রায় নিয়মিত বসতে হয়। তাঁদের কাজ হলো মূলত বিচার-সালিস করা কিংবা ভুল বোঝাবুঝির নিরসন করে দেওয়া। এই কমিটির নাম হলো আরবিট্রেশন কমিটি।এই কমিটি যেকোনো বিচারপ্রার্থীর লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে সব পক্ষকে হাজির করে ফয়সালা সভা করে থাকে। দেখা গেছে, যত অভিযোগ নিয়ে কাজ হয়, তার মধ্যে ক্রেতাদের অভিযোগই বেশি।যেকোনো কম্পিউটার-পণ্যের মার্কেটে অভিযোগ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কারণ, এটা একটা প্রযুক্তিপণ্য, তার ওপর প্রায় সব পণ্যেই ওয়ারেন্টি রয়েছে। আবার যেহেতু প্রায় পুরোটাই আমদানিনির্ভর, সেহেতু বিক্রয়োত্তর সেবাও বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ওয়ারেন্টির কাজ করার কোনো এখতিয়ার খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানের নেই। এর কাজ হলো মূল ব্র্যান্ড কোম্পানি ও ক্রেতার মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন করা। এ অবস্থায় সেখানে অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। প্রশ্নটা হলো, অভিযোগ সমাধানের সুন্দর কোনো পথ আছে কি না? এই কমিটি প্রকারান্তরে ক্রেতার স্বার্থ রক্ষার কাজটিই করে থাকে।প্রতিষ্ঠার দুই বছরের মাথায় যখন দেখা গেল, বাজারটি একটি স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে, তখন অনেকে আমাদের কাছে এসেছেন এটা কীভাবে হলো তা বুঝতে আর জানতে। অনেক নির্মাণপ্রতিষ্ঠান এসেছে তাদের চোখধাঁধানো প্রসপেক্টাস নিয়ে, আমরা যেন আরও একটা মার্কেট গড়ে দিই। স্বাভাবিকভাবেই তাদের অনুরোধ রাখতে পারিনি, মৌখিক পরামর্শই দিয়েছি শুধু। তবে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারলে ভালো হতো। ঢাকার বাইরে থেকে অনেকই এসেছেন সিটির আদলে তাঁদের এলাকায় প্রযুক্তি বাজার গড়ে তোলায় সহযোগিতা করার জন্য। অনেক জায়গায় এরই মধ্যে গড়েও উঠেছে।এই সিটি গড়ার প্রক্রিয়ায় থাকতে থাকতে আমি এর সাফল্যের পেছনের কিছু শর্ত খুঁজে পেয়েছি বলে মনে হয়। এগুলোর মধ্যে প্রধানতম হলো, ক্রেতার স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা। ভালো বাজারের আধুনিক দালান ও সহজ যোগাযোগ-ব্যবস্থা। এটা যত ভালো হয়, তত সুবিধা। কিন্তু এটিই মূল কথা নয়। আসল কথাটা হলো ক্রেতাকে স্বাধীনতা দেওয়া। সব পণ্য ক্রেতার কাছে মেলে ধরার সঙ্গে সঙ্গে ওই পণ্যের দামও উন্মুক্ত করে দেওয়া। ক্রেতা সেখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, যেখান থেকে পণ্য কিনতে তাঁকে চালাক হতে হয় না। আহমেদ হাসান: প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিসিএস কম্পিউটার সিটিযুগপূর্তিতে নানা আয়োজনযুগপূর্তি উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটিতে এখন উৎসবের আমেজ।ছয় দিনের বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে।শুরুতেই ছিল শোভাযাত্রা। এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্স লিমিটেড।যুগপূর্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান কম্পিউটার পণ্যে ছাড়, উপহার দিচ্ছে। প্রতিটি দোকানে বিসিএস কম্পিউটার সিটি কমিটি পণ্য কেনার ওপর আলাদা কুপনের ব্যবস্থা করেছে। এখান থেকে সেরা নির্বাচন করে আয়োজনের শেষ দিন পুরস্কার প্রদান করা হবে। এতে মোটরসাইকেল থেকে শুরু করে কম্পিউটারসহ আরও অনেক ধরনের পুরস্কারের ব্যবস্থা রয়েছে। কম্পিউটার সিটির এই আয়োজন থাকবে আগামীকাল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।এছাড়াও প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ছাড় উপহার পাচ্ছেন ক্রেতারা। —নিজস্ব প্রতিবেদক