
কম্পিউটারের গতি ও স্মৃতি প্রতি দুই বছরে দ্বিগুণ হচ্ছে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এই উন্নতি দেখে বিশেষজ্ঞরা বলছেন, বুদ্ধিমত্তায় আগামী কয়েক দশকের মধ্যেই মানুষকে ছাড়িয়ে যেতে পারে এই যন্ত্র।
কম্পিউটারনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কত দূর এগিয়েছে, তার একটি পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানে মানুষ ও কম্পিউটারের মধ্যে পাঁচ দিনব্যাপী গো খেলা হবে। চীনের ঐতিহ্যবাহী এই খেলা তিন হাজার বছরের পুরোনো। জটিলতম বুদ্ধির লড়াই হিসেবে পরিচিত এই খেলাটিতে জয়ের জন্য দরকার চৌকস অনুমান-ক্ষমতার, যা কেবল মানুষেরই আছে বলে ধরে নেওয়া হতো। কিন্তু কম্পিউটারও এখন গো খেলায় বেশ পারদর্শী হয়ে উঠেছে। গুগলের তৈরি আলফাগো নামের একটি প্রোগ্রাম গত অক্টোবরে হারিয়ে দেয় গো চ্যাম্পিয়ন ফ্যান হুইকে। সেই থেকে কম্পিউটারের সামর্থ্য সম্পর্কে ধারণা পাল্টে যায় প্রযুক্তিবিদদের। আগে তাঁরা ভাবতেন, গো খেলায় পারদর্শী হতে কম্পিউটারের আরও কয়েক দশক লেগে যাবে।
প্যারিসের পিয়েরে ও মারি কুরি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ জ্যঁ-গাব্রিয়েল গানাসিয়া বলেন, যন্ত্র জয়ী হলে সেটা হবে এক গুরুত্বপূর্ণ প্রতীকী মুহূর্ত। কম্পিউটার ভবিষ্যতে অনেক কাজ মানুষের চেয়েও ভালোভাবে করে দেখাতে পারবে—এমন ইঙ্গিত মিলছে এখনই।
গুগলের প্রোগ্রামাররা বুঝতে পারেন, গো খেলার জন্য ‘মানুষের মতো’ এমন যান্ত্রিক বুদ্ধিমত্তার প্রয়োজন, যা হবে ‘বিচারবুদ্ধিহীন গণনাকাজের’ চেয়ে বেশি কিছু। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই সত্যিকারের বুদ্ধিমত্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্র রোবটের সামর্থ্য নিয়ে স্বস্তি ও শঙ্কা—দুটোই আছে মানুষের মধ্যে। কেউ মনে করেন, আগামী দিনের পৃথিবীতে রোবটরা অসুস্থ মানুষের সেবা করবে, গাড়ি ও আকাশযান চালিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে, খাবার তৈরি থেকে শুরু করে গৃহস্থালির কাজকর্ম এবং অবকাশের পরিকল্পনা পর্যন্ত করে দেবে এবং অনেক জটিল ও বিরক্তিকর কাজকর্মের ঝামেলা থেকে রেহাই দেবে।
আরেক দল মানুষের আশঙ্কা, রোবটরা ভবিষ্যতে নিজেদের অতি ক্ষমতার জোরেই মানুষের শত্রুতে পরিণত হবে। বিশ্বনন্দিত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও আছেন এই দ্বিতীয় দলে। তিনি গত মে মাসে বলেছেন, কম্পিউটারগুলো আগামী ১০০ বছরে বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে।
তবে গানাসিয়া মনে করেন, যন্ত্র যতই চৌকস হোক, কিছু কিছু বিষয়ে তার সীমাবদ্ধতা থাকবেই। তার মানে এই নয় যে মানুষের চিন্তার জগতে যন্ত্রের সামগ্রিক নিয়ন্ত্রণ আরোপিত হবে।