কম্পিউটারের খুদে পণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোভেনিয়ার মেসিডোনিয়া শহরে গেলে ছোট্ট বাচ্চাদের কম্পিউটার শেখার বিখ্যাত একটা পাঠশালার খোঁজ পাওয়া যাবে। ‘তাতে কী?’ বলে যদি সেই পাঠশালার পথে কেউ পা না বাড়ান, তবে মেসিডোনিয়া-যাত্রায় অপূর্ণতা থেকে যাবে নিশ্চিত। তাই পরে হাপিত্যেশ করার চেয়ে সেখান থেকে অন্তত একবার ঢুঁ মেরে আসা যায় নির্দ্বিধায়! মেসিডোনিয়ার সেই পাঠশালাটি উন্নত বিশ্বের আর দশটা শিশুদের কম্পিউটার শেখানোর প্রতিষ্ঠান থেকে বেশ আলাদা। শহরের একদম নিরিবিলি একটা জায়গায় ‘ক্যালাসান হোম’ নামের একটা বাড়ি আছে। সেই বাড়ির লম্বামতো ঘরটিতেই বাচ্চাদের কম্পিউটারের ওপর প্রাথমিক তালিম দেওয়া হয়। সেখানে একবার উঁকি মারলে দেখা যাবে, ছোট্ট শিশুরা বসে আছে ছোট ছোট ডেস্কে। মাথাভর্তি ঝকঝকে সোনালি, কারও বা কুচকুচে কালো চুল। চুলের নিচে চকচকে এক জোড়া করে চোখ। আর সামনে একটা করে কম্পিউটার। গভীর মনোযোগ। নেই কোনো শব্দ। রীতিমতো ‘কি-বোর্ড ক্লিক নীরবতা’! এরই মধ্যে কারও মাথায় হয়তো দুষ্টুমি খেলে যায়। আয়ত্ত করা নতুন বিদ্যা খাটিয়ে গেম চালু করে দিব্যি ঢিসুম ঢুসুম শুরু করে দেয় একজন। ব্যস, তাতেই কম্মো সারা! পাঠশালার একমাত্র কম্পিউটার পণ্ডিত মার্কো ক্যালাসানের চোখ ফাঁকি দেওয়া অতটা সহজ নয়! বিশাল এক রামধমক জুটে যায় সেই দুষ্টু শিষ্যের কপালে। এ যাত্রা বিশাল এক বক্তৃতা ঝেড়ে দেন গুরু মার্কো ক্যালাসান, ‘আমি কখনোই কম্পিউটারে গেম খেলি না। কম্পিউটার গেম কোনো খেলা হলো! যত্ত সব ছেলেমানুষি! তোমার যদি অত খেলার ইচ্ছে থাকে তো মাঠে গিয়ে বন্ধুদের সঙ্গে খেললেই পার।’ গুরুর কাছে এমন ধমক খেয়ে সেই গেম খেলোয়াড় যতটা না বিপর্যস্ত, ততটাই ‘অবাক’ হতে দর্শককে। কারণ, গুরু মার্কো ক্যালাসানের বয়স যে তাঁর শিষ্যের থেকে কম করে হলেও দুই বছর কম! হ্যাঁ, মার্কোর বয়স এখন মোটে ৯। তবে তাতে কি! মাত্র দুই বছর বয়সে লিখতে-পড়তে শুরু করেছিল সে। কম্পিউটারে হাতেখড়ি হয়েছিল তার কিছুদিন পরেই। ছয় বছর বয়সে সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বাগিয়ে নিয়েছিল মাইক্রোসফটের সনদপত্র। আর দিন কতক আগে তো বাজিমাত্, খোদ মাইক্রোসফটের সনদপ্রাপ্ত সিস্টেম ইঞ্জিনিয়ারের সম্মান লাভ করেছে সে!স্লোভেনিয়ার মাইক্রোসফটের মহাব্যবস্থাপক ম্যাটেজ পোটোকার তো মার্কোর প্রশংসায় পঞ্চমুখ! বছর দুই আগে মার্কোর কথা শুনেছিলেন ম্যাটেজ। তখন থেকেই তাকে দেখার আশায় মুখিয়ে ছিলেন তিনি। অবশেষে গেল বছরে খুদে প্রতিভা মার্কোর দেখা মেলে। মার্কোর মুখে সবকিছু শুনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে দেয় মাইক্রোসফট। মার্কোও তাতে রাজি। অক্ষম মানুষদের জন্য কাজ করে এমন দাতব্য সংস্থার জন্য একটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দাঁড় করায় সে। মূলত দূর থেকে নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে অক্ষম মানুষদের সাহায্য করাই সেটার কাজ। পরীক্ষায়ও ঠিক ঠিক উতরে যায় মার্কো। ম্যাটেজ পোটোকারের কথায়, ‘প্রযুক্তির দুনিয়ায় মার্কো শুধু বিস্ময়ই নয়, তার থেকেও বেশি কিছু! ওর উদ্ভাবনটা যে কতটা জটিল তা বোঝানো মুশকিল! কতটুকু মেধা আর মানসিক পরিশ্রম থাকলে এমন কাজ করা সম্ভব তা ওর কাজেই প্রকাশ পায়।’ দিনে ঘড়ি ধরে কমপক্ষে চার ঘণ্টা কম্পিউটারের সামনে কাটিয়ে দেয় মার্কো। কখনো কখনো নাওয়া-খাওয়া ভুলে সেই সময়টা ১০ ঘণ্টায়ও গিয়ে ঠেকে! তার এমন প্রতিভার ঝকমারি দেখে স্লোভেনিয়া সরকার বিশাল এক ছাড় দিয়েছে তাকে। এখন ইচ্ছেমতো স্কুলে যেতে-আসতে পারবে সে। এ ছাড়া তার পরবর্তী গবেষণার বিষয় দুর্বল ও ধীরগতির নেটওয়ার্কে উচ্চক্ষমতাসম্পন্ন ডিইএফ টিভি সিগনাল প্রেরণ। তাই মেসিডোনিয়ার একটি টেলিকম প্রতিষ্ঠান তার গবেষণার জন্য তাদের নেটওয়ার্ক সরাসরি ব্যবহারের অনুমতিও দিয়ে দিয়েছে তাকে।আজকাল মার্কো ক্যালাসানের দিন বেশ ভালোই কাটছে। ইচ্ছেমতো স্কুলে গেলেও গণিত আর পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলো বেশ মনোযোগ দিয়েই পড়ছে সে। গবেষণা চলছে নিয়মিত, বাচ্চাদের কম্পিউটার শেখানোও চলছে সমানতালে। বিকেলে ছুটছে ফুটবলের পেছনে। ভালোই খেলে সে। ওর মা-বাবা ছেলের অভিজ্ঞতা এবং সাফল্য নিয়ে একটা বই প্রকাশের কথা ভাবছেন। আর যেই মার্কোর কথা শুনছে, চোখ কপালে তুলে হাঁ করে দাঁড়িয়ে থাকছে খানিকক্ষণ। বলছে, ‘শাবাশ, মার্কো!’ইয়াহুসহ একাধিক ওয়েবসাইট অবলম্বনে