কম্পিউটারের সঙ্গে পরিচিত হলো হাজিগাঁও বিদ্যালয়ের শিক্ষার্থীরা
‘কম্পিউটারকে জানো’ স্লোগানে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে এগিয়ে এসেছে রোটার্যাক্ট ক্লাব। এটা ক্লাবের জেলা কর্মসূচি। ইতিমধ্যে পটিয়া ও রাউজানের পর এবার কর্মসূচি পালিত হলো বাঁশখালীর হাজিগাঁও বরুমছড়া উচ্চবিদ্যালয়ে। গত ৩০ জানুয়ারি রোটার্যাক্ট রিজিওন নাফ, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল ও গ্রিনসিটি রোটার্যাক্ট ক্লাবের সহযোগিতায় হাজিগাঁও অগ্রণী ক্লাবে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষক সুধীন্দ্র দেওয়ান।এরপরই শিক্ষার্থীদের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, ইন্টারনেট, রোবট সম্পর্কে ধারণা দেওয়া হয়। সঙ্গে ছিল মজার মজার খেলা এবং শিক্ষণীয় ভিডিও প্রদর্শনী। আবার মেধা যাচাইয়ের জন্য নানা রকম প্রশ্ন দিয়ে সাজানো হয় কুইজ। হাজিগাঁও অগ্রণী ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদুল আলম চৌধুরী। বক্তব্য দেন শওকত আউয়াল চৌধুরী, জোবায়ের হোসেন, মাসুদ-উল কবির, মতি লাল দে, আবদুল মোতালেব চৌধুরী, নেজাম উদ্দীন রানা, সুদীপ্ত বিশ্বাস, মঈনুল আবেদীন প্রমুখ।