কম্বোডিয়ায় অবশেষে ন্যায়বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নমপেনের ধূলি-ধূসরিত এক শহরতলিতে স্থাপিত হয়েছে খেমার রুজ আমলের গণহত্যার বিচারের জন্য গঠিত কম্বোডিয়ার বিশেষ আদালত। শহরের বাইরে ওই এলাকায় যাওয়ার রাস্তার দুই পাশে পড়বে শ্বেতহস্তী হিসেবে সমালোচিত অর্ধসমাপ্ত ব্যয়বহুল আবাসন প্রকল্প। তবে নৈরাশ্য ও ক্ষোভের মিশ্র অনুভূতি-জাগানো এ রকম একটি এলাকাতেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ওই বিচারের মতো একটি বিশাল কাজ। খেমার রুজ ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালে। সেই থেকে কাজটি এমনভাবে খুঁড়িয়ে এগিয়েছে যে অনেকবারই মনে হয়েছে, আশপাশের শেষ না হওয়া ভবনগুলোর মতোই এ বিচারও যেন আর সমাপ্তির মুখ দেখবে না। কিন্তু সব আশঙ্কার মুখে ছাই দিয়ে যাত্রা শুরু করেছে খেমার রুজ ট্রাইব্যুনাল। সম্প্রতি ঘোষিত প্রথম রায়ে আদালত মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে খেমার রুজ কারাপ্রধান ‘কমরেড ডাচ্’কে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।ডাচ্ খেমার রুজদের বড় নেতাদের মধ্যে ছিলেন না। তবে শীর্ষনেতা পলপট ও তাঁর সহযোগীদের চার বছরের শাসনামলের সবচেয়ে কুখ্যাত কারাগারের দায়িত্বে ছিলেন তিনি।আদালতে ডাচ্ স্বীকার করেন, নমপেনের এস-২১ নামের কারাগারে হাজার হাজার বন্দীকে বিভিন্ন কৌশলে নির্যাতন ও হত্যার তদারকের দায়িত্বে ছিলেন তিনি।প্রথম রায় থেকে তিন দশকেরও বেশি সময় লেগে গেলেও ঘটনাটি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করেন বিশেষ আদালতের কম্বোডীয় সহকৌঁসুলি চিয়া লিং। তিনি বলেন, ‘আমি গর্বিত। কারণ, আমরা এই মামলাটি শেষ করতে পেরেছি। আদালতের এই রায় ঘোষণার দিনটি হত্যাযজ্ঞের শিকার পরিবার এবং কম্বোডিয়ার অন্য সব মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সুখকর।’জাতিসংঘ-সমর্থিত এই আদালতের বিচার-প্রক্রিয়ার আন্তর্জাতিক মানের প্রশংসা করেন চিয়া লিং। এ ছাড়া তাঁর আশা, এটি কম্বোডিয়ার দুর্বল আদালত-ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। আদালতটি গঠনে আন্তর্জাতিক তহবিল ও কর্মকর্তাদের সংশ্লিষ্টতাই অবশ্য মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছিল। এমনকি এই সমস্যার কারণে মাঝেমধ্যে পুরো প্রক্রিয়া হুমকির মুখে পড়েছিল।আদালতের কম্বোডীয় পক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় দাতা দেশগুলো একপর্যায়ে তহবিলের অর্থ দিতে নিরুত্সাহিত হয়ে পড়ে। অন্যদিকে মামলা-সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্মকর্তারা মামলার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিলে কম্বোডীয় সরকার এর কঠোর সমালোচনা করে। এ নিয়ে আন্তর্জাতিক বিচারক, কৌঁসুলি ও বাদীপক্ষের আইনজীবীদের সঙ্গে কম্বোডীয় বিচারক, কৌঁসুলি ও আইনজীবীদের সরাসরি মতবিরোধ দেখা দেয়। আন্তর্জাতিক সহকৌঁসুলি অ্যান্ড্রু ক্যালি এ প্রসঙ্গে বলেন, আদালত স্থাপনের সময়ই মতবিরোধ হতে পারে, এমন আশঙ্কা হয়েছিল। তাঁর মতে, সংকর বৈশিষ্ট্যের কারণে আন্তর্জাতিক কর্মকর্তাদের সমর্থন ও অনুদানে স্থাপিত স্থানীয় আদালত—এই মতবিরোধ থাকাটা ছিল স্বাভাবিক। অ্যান্ড্রু ক্যালি বলেন, ‘আন্তর্জাতিক ব্যবস্থা কীভাবে কাজ করে, তা আমাদের তুলে ধরতে হয়েছে। অন্যদিকে তাদের দেখাতে হয়েছে কম্বোডীয় ব্যবস্থা কীভাবে কাজ করে তা। এটি ছিল একটি চ্যালেঞ্জ। প্রথমবারের মতো তা সাফল্যের সঙ্গে করা সম্ভব হয়েছে। অনেক সমস্যা সত্ত্বেও এই প্রক্রিয়া ভালো কাজে দিয়েছে।’এ বিচার-প্রক্রিয়ার যথার্থতা নিয়ে খেমার রুজ নির্যাতনের শিকারদের অনেকেই আর ভাবিত নন। কারণ, নির্যাতনকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ৩০ বছরের বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে তাঁদের। অনেক ভোগান্তির পরও এস-২১ কারাগারের বেঁচে যাওয়া তিন বন্দীর একজন চুম মি এ বিচারে সন্তুষ্ট নন।বিশেষ আদালতের কর্মকর্তাদের মধ্যে অ্যান্ড্রু ক্যালি ও চিয়া লিং পুরো কম্বোডিয়া ঘুরে বেড়িয়েছেন এবং বিচার-প্রক্রিয়া কীভাবে কাজ করবে, তা লোকজনের কাছে ব্যাখ্যা করেছেন। চুম মি সেই কারাগারের গেটের বাইরে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমার মতো নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সেখানে কোনো বিচার নেই। আমি দেখতে পাচ্ছি, তাঁরা কঠোর পরিশ্রম করছেন। কিন্তু এখানে কোনো ন্যায়বিচার নেই। কারণ, হত্যাযজ্ঞের পরিচালনাকারীরা যাঁরা ইতিমধ্যেই মারা গেছেন, তাঁদের ওপরই দায় চাপাচ্ছেন। বলছেন, যা কিছু ঘটেছে তার জন্য তাঁরাই (মৃত খেমার রুজ নেতারা) দায়ী।’খেমার রুজ নেতা পলপট মারা যান সেই ১৯৯৮ সালে। তাঁর মতো খেমার রুজ আমলের বেশ কয়েকজন শীর্ষনেতা মারা যাওয়ায় এক অর্থে বেঁচে গেছেন। তবে এই আদালত খেমার রুজ আমলের এখনো বেঁচে থাকা শীর্ষ চার নেতাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। আগামী বছর তাঁদের বিচার শুরু হতে পারে।কম্বোডিয়ার গণহত্যা গবেষক ইয়ুক চাং বলেন, ‘ডাচেক দণ্ড দেওয়াই বিচার-প্রক্রিয়ার শেষ নয়। ডাচ্ নেহাতই একটি পুঁটিমাছ, কারাপ্রধান মাত্র। অনেক রুই-কাতলার বিচার হয়নি। তবে তাঁর এই সাজা পরবর্তী সময়ে রুই-কাতলাদের বিচারে সহায়তা করবে।’ইয়ুক চাং বলেন, শীর্ষ চার নেতাকে কম্বোডিয়ার সবাই চেনে। খেমার রুজ সরকার সেই সময় কীভাবে চলছিল, তার গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের কাছে আছে। কেন হাজার হাজার মানুষকে অনাহারে থাকতে হয়েছে, কেনই বা তাদের বাধ্যতামূলক শ্রম দিতে হয়েছিল, এখনো জবাব না মেলা সেই প্রশ্নের উত্তর তাঁদের দিতে হবে।