কয়েক টুকরো সমুদ্র ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থান: দারুচিনি দ্বীপসময়কাল: ১৪.১০.১২-১৫.১০.১২১আমরা নামলাম বঙ্গোপসাগরে। সাঁতার জানা কয়েকজন চলে গেলাম অনেক দূরে। অসাধারণ মুহূর্ত। চারদিকে পানি আর ঢেউ। এর মাঝে ভাসছি আমরা কয়েকজন। অনেকক্ষণ ডুবসাঁতার খেলার পর সৈকতে ফিরে আসতে শুরু করলাম সবাই। স্বাভাবিকভাবেই আমরা খুব আনন্দিত। ব্যতিক্রম শুধু একজন। তার নাম দেলোয়ার হোসেন। সে পরেছিল একটা ধবধবে সাদা হাফপ্যান্ট। মহান বঙ্গোপসাগর তার সাদা হাফপ্যান্টকে ভিজিয়ে পুরো স্বচ্ছ পদার্থ বানিয়ে দিল। এই স্বচ্ছ প্যান্ট নিয়ে দেলোয়ার হোসেন পড়ল মহাবিপদে। আমরা সবাই রুমে চলে এলাম, কিন্তু সে অন্ধকার হওয়ার আগে রুমে ফিরতে পারল না। হায়! সমুদ্র বড় নিষ্ঠুর। মানুষকে ঘরে ফিরতে দেয় না।২আমি বিচে আরাম করে বসে আছি আর মনে মনে রবিবাবুর বুলি আওড়াচ্ছি—‘আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।’ এমন সময় আমার পেছনে এসে দাঁড়াল এক তরুণ। তরুণের নাম রোহিত। আমার বন্ধু। তার স্বাস্থ্যটাস্থ বেশ ভালো। রোহিত আমাকে জিজ্ঞাসা করল, ‘দোস্ত, কেমন লাগতেছে দারুচিনি দ্বীপ?’ আমি উত্তর দিলাম, ‘দোস্ত, সামনে বিশাআআআল সমুদ্র, ওপরে বিশাআআআল আকাশ, পেছনে বিশাআআআল রোহিত। দারুচিনি দ্বীপ ভালো না লেগে উপায় আছে? তুই-ই বল?’রোহিত আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল! এর পর থেকে সে আমার সঙ্গে আর কথা বলে না। এ কী বিপদ!৩সমুদ্রে নেমে সাঁতার কাটছি কয়েকজন। হঠাৎ আমাদের মাথায় একটা ভূত চাপল। সিদ্ধান্ত নিলাম, আদিম মানব হয়ে যাব। গায়ে এক সুতা-কাপড়ও থাকবে না। পুরোপুরি দিগম্বর হয়ে সাগরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকব। আমার পরিকল্পনার কথা সবাইকে জানালাম। সবাই শুনে একবাক্যেই রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সবাই সাগরে গা ডুবিয়ে নিজেদের কাপড়চোপড় খুলে মাথার ওপর তুলে ধরল। এ রকম বিরল মুহূর্তের একটা ছবি তুলে রাখা দরকার। একজন ক্যামেরা নিয়ে সামনে গেল ছবি তোলার উদ্দেশ্যে। ক্যামেরাম্যান যেই ক্যামেরা ক্লিক করতে যাবে, তখনই শেখর রয়ের সঙ্গে সাগর একটা নিষ্ঠুর প্রতারণা করল। শেখর যে জায়গাটায় দাঁড়িয়ে ছিল, সে জায়গার পানি ঢেউ কমার সঙ্গে সঙ্গে অনেকটা কমে গেল আর ঠিক তখনই ক্যামেরাম্যান ক্যামেরার বাটন চাপল। ফলাফল হলো ভয়াবহ। ক্যামেরায় যে ছবি উঠল, সেটাতে দেখা গেল, সবার কোমর পর্যন্ত পানি, কেবল শেখর রয়ের সঙ্গে লেগে থাকা পানির লেভেলটা অনেক নিচে। হায়! সাগর বড় নিষ্ঠুর। মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করে।৪মাঝরাত। দারুচিনি দ্বীপটা মনে হচ্ছে আমাদের কজনের দখলে। সমুদ্রের পাড়ে ছোট ছোট কাঠের চৌকিতে বসে আছি আমরা কজন। আকাশে তারা, সামনে সমুদ্র। আমরা তন্ময় হয়ে শুনছি সমুদ্রের গর্জন। নামকরণের সার্থকতা রক্ষার জন্যই মনে হয় সবচেয়ে বেশি তন্ময় হয়ে সমুদ্রের গর্জন শুনছিল তন্ময় দেব। সে সৈকতের এক কোনায় শুয়ে আছে। আমাদের জানা ছিল না যে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানির উচ্চতাও বাড়তে থাকে দ্রুত। আমরা অবাক হয়ে দেখলাম, মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি অনেক দূর থেকে অনেক কাছে চলে এসেছে। পানি বাড়ায় আমরা চৌকিগুলো নিয়ে সরে এলাম। সরে এল না কেবল তন্ময় দেব। বেচারা সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গভীর নিদ্রায় চলে গিয়েছিল। সৈকতের এক কোনায় বসেছিল বলে তার দিকে কেউ খেয়ালও করেনি। একটু পর সমুদ্রের মাঝখান থেকে কার যেন চিৎকার শোনা গেল। আমরা দৌড়ে গেলাম। দেখি, তন্ময় ভিজে জবুথুবু হয়ে সাগর থেকে উঠে আসছে। ঢেউ এসে তন্ময়কে তার চৌকিসহ ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তার পাশে রাখা মোবাইল ফোন আর ক্যামেরা সাগর একেবারে ভাসিয়ে নিয়ে গেছে। হায়! ক্যামেরায় বেচারার গার্লফ্রেন্ডের অনেক ছবি ছিল।