করপোরেশনে ওয়াই-ফাই প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াই-ফাই প্রযুক্তির আওতায় এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে এই প্রযুক্তি সংযোজিত হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে করপোরেশনের রাজস্ব বিভাগকে স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনার কাজও এগিয়ে চলেছে। ঈদের পর সিটি করপোরেশনভুক্ত সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির কাজ শুরু হবে।সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আলম নিজামী প্রথম আলোকে বলেন, ‘ওয়াই-ফাই প্রযুক্তি পুরোদমে চালু হয়ে গেছে। ঈদের পর আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির কাজে হাত দেব।’ করপোরেশন সূত্রে জানা যায়, চলতি মাসেই ওয়াই-ফাই প্রযুক্তির ইন্টারনেট সুবিধা চালু হয়েছে নগর ভবনে। এর ফলে এখন থেকে ছয়তলা করপোরেশন ভবনের যেকোনো স্থানে বসে ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। করপোরেশন পরিচালিত প্রতিটি স্কুল-কলেজ ও কিন্ডারগার্টেনের জন্য আলাদা ওয়েবসাইট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সাইটের বাংলা ও ইংরেজি দুটি আলাদা সংস্করণ থাকবে। সাইটে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সব তথ্য দেওয়া থাকবে। একই সঙ্গে ভর্তির আবেদনসহ বিভিন্ন আবেদনপত্র নামানোর (ডাউনলোড) সুযোগও থাকবে সাইটে। সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৬টি। এর মধ্যে ২৫টি বালিকা উচ্চবিদ্যালয়, সাতটি বালক উচ্চবিদ্যালয় ও ১৩টি বালক-বালিকা উচ্চবিদ্যালয়, আটটি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয় এবং ১৩টি কলেজ।  নিজস্ব প্রতিবেদক