
মানুষকে সম্ভাষণ জানানোর খুব প্রচলিত রেওয়াজ—করমর্দন বা হ্যান্ডশেক। তবে এই রীতির প্রচলন ঠিক কখন হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। গবেষকদের একটি অংশ দাবি করেন, খ্রিষ্টের জন্মেরও এক হাজার বছর আগে করমর্দনের রেওয়াজ শুরু হয়। সে সময় অবশ্য সম্ভাষণ জানাতে নয়, কোনো আগন্তুক বা অতিথির আস্তিনের নিচে প্রাণঘাতী কোনো অস্ত্র রয়েছে কি না, সেটা পরখ করতেই করমর্দন করা হতো। ধারণা করা হয়, করমর্দনের সময় প্রতিবার হাত ওপরে ও নিচে নামানোর সঙ্গে সঙ্গে আস্তিনে লুকানো বস্তু পড়ে যেত।
খ্রিষ্টপূর্ব নবম শতকে অ্যাসিরীয় (বর্তমান ইরাক) সম্রাট তৃতীয় শালমানেসেরের শাসনকালের একটি শিলাখণ্ড থেকেও গবেষকেরা করমর্দনের প্রমাণ পেয়েছেন। এই শিলাখণ্ডে দেখা যায়, সম্রাট শালমানেসের একজন ব্যাবিলনীয় শাসকের সঙ্গে করমর্দন করছেন। মহাকবি হোমার তাঁর বিখ্যাত মহাকাব্য ইলিয়াড ও ওডিসিতে বহুবার শপথ এবং অঙ্গীকার করার সময় করমর্দন করার কথা উল্লেখ করেছেন।
শুধু তাই নয়, খ্রিষ্টপূর্ব চতুর্থ ও পঞ্চম শতকের গ্রিক কবরগুলোর এপিটাফে খোদাই করা ছবিতে করমর্দনরত মানুষের দেখা পাওয়া যায়। প্রাচীন রোমান মুদ্রাতেও বন্ধুত্ব এবং আনুগত্যের নিদর্শনস্বরূপ করমর্দনের কথা উল্লেখ আছে।
প্রাচীনকালে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে করমর্দনের উল্লেখ থাকলেও ১৭০০ সাল এটি সম্ভাষণের প্রতীক। সে সময় খ্রিষ্টধর্মাবলম্বীদের কোয়াকার সম্প্রদায় হ্যাট খুলে মাথা ঝোঁকানোর বিকল্প হিসেবে করমর্দন চালু করে। এরপর থেকেই বলা যায় শিষ্টাচার বিধিগুলোর অন্যতম একটি হলো করমর্দন।
হিস্ট্রি ডটকম অবলম্বনে