করলডেঙ্গা পাহাড়ে স্কাউটদের অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের পাদদেশে দুর্গাপূজার উৎপত্তিস্থল খ্যাত মেধস-মুনির আশ্রম। অপর পাহাড়চূড়ায় রয়েছে বোয়ালখালীর নামাঙ্কৃত দরবেশ হজরত বু-আলী কালন্দর শাহের (র.) মাজার। দুই ধর্মাবলম্বীদের দুটি প্রাচীন তীর্থস্থান। চারপাশে মায়াবী পাহাড়, বন আর বৃক্ষরাজি। এমন দুর্গম এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয় বাংলাদেশ রোভার স্কাউটের ছয় দিনব্যাপী অ্যাওয়ার্ড ওয়ার্কশপ। দেশের বিভিন্ন কলেজের স্কাউট, প্রশিক্ষক ও কর্মকর্তারা করলডেঙ্গা পাহাড়চূড়ার মেধস আশ্রমে তাঁবু তৈরি করেন। অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, জীবনটা অনেক বড়। আনন্দ-উচ্ছলতায় কাজ করে শিখতে হবে। জীবনে সফলতা আসবে। তবে স্কাউটিং করার জন্য পড়াশোনার যাতে ক্ষতি না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।‘সমাজ উন্নয়নে অ্যাওয়ার্ড ওয়ার্কশপ’ এ মন্ত্রে উজ্জীবিত রোভারেরা প্রকৃতিতে নিজেদের উজাড় করে সমাজ ও দেশকে বদলে দেওয়ার শপথ নেন। ‘দেশ এমন সুন্দর এখানে না আসলে অজানাই থেকে যেত’ বললেন নরসিংদী সরকারি কলেজের রোভার লিজা আকতার। তিনি বলেন, ছেলেদের চেয়ে মেয়েরাও যে পিছিয়ে নেই, সেই কথা প্রমাণিত করতে স্কাউটিংয়ে দুঃসাহসিক অভিযাত্রায় অংশ নিয়েছে অনেক মেয়ে। এই আত্মবিশ্বাস নিয়ে দেশ ও সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসাইন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, স্কাউটের চট্টগ্রাম কমিশনার আবু তৈয়ব চৌধুরী, সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান, আঞ্চলিক উপকমিশনার মো. মহসীন, শামসুর রহমান, মিজানুর রহমান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া, স্কাউটের জেলা কমিশনার মো. কামাল উদ্দিন প্রমুখ। ছয় দিনের রোমাঞ্চকর কর্মসূচি শেষ হয় পতেঙ্গা সমুদ্রসৈকতে সাঁতার প্রতিযোগিতা, আনন্দ-উচ্ছ্বাস শেষে নগরের হাজেরা-তজু কলেজে বাতি নেভানো ও সনদ বিতরণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সভাপতি ইফতেখার আহমদ খান, জেলা কমিশনার দবির উদ্দিন খান, মোজাহের উদ্দিন খান, কামাল উদ্দিন প্রমুখ।