করাচিতে রক্ত ঝরছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করাচি পাকিস্তানের ‘সহিংসতার রাজধানী’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বহু আগেই। করাচি বললে ঝলমলে শপিং সেন্টার, নিকটবর্তী সাগরসৈকত বা অভিজাত আবাসিক এলাকার আগে মানসপটে ভেসে ওঠে সাম্প্রদায়িক সংঘাত, বোমা হামলার ধ্বংসযজ্ঞ কিংবা একে-৪৭-ধারী সন্ত্রাসীর তাণ্ডব। পাকিস্তানের বৃহত্তম নগরে প্রতিদিনই চলছে দাঙ্গাহাঙ্গামা, গোলাগুলি, লুটতরাজ ও ভাঙচুর। পুলিশসহ আইন প্রয়োগকারী বিভিন্ন বাহিনীর সদস্যদের চোখের সামনে চলছে এই সহিংসতা। দৃশ্যত পরিস্থিতি এখন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে।স্থানীয় সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে এ বছর করাচিতে সহিংসতায় এ পর্যন্ত প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে। কেবল গত জুলাই মাসেই প্রাণ গেছে প্রায় ৩০০ জনের।এর মধ্যে কমপক্ষে ২০০ জন পরিকল্পিত হত্যার শিকার। অথচ ২০১০ সালে সেখানে সারা বছরেই প্রাণহানি ঘটেছিল ৭৭৫ জনের। পাকিস্তানের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি) এই সহিংসতা বন্ধে ‘ব্যর্থতার’ জন্য সরকারি কর্তৃপক্ষের নিন্দা করেছে। করাচির সহিংসতার নেপথ্য কারণগুলো হলো, রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা, ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীগত বিদ্বেষ এবং সশস্ত্র অপরাধী দলগুলোর প্রভাব বিস্তারের প্রচেষ্টা। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও সিন্ধু প্রদেশের অভিবাসীদের দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) মধ্যকার দ্বন্দ্ব করাচির গোলযোগের অন্যতম প্রধান কারণ। সিন্ধুর রাজধানী করাচির প্রধান প্রভাবশালী রাজনৈতিক দল হচ্ছে এমকিউএম। ব্রিটিশ-ভারত বিভাগের পর ভারত থেকে আসা উর্দুভাষী ‘মুহাজির’ বা অভিবাসীদের দল এমকিউএম। দলটি কিছুদিন আগেও পরিচিত ছিল মুহাজির কওমি মুভমেন্ট নামে। পিপিপির নেতৃত্বাধীন সিন্ধুর প্রাদেশিক সরকারে শরিক দল হিসেবে এমকিউএমও রয়েছে। করাচিতে মুহাজিররাই সংখ্যাগরিষ্ঠ।অভিযোগ রয়েছে, পিপিপি সিন্ধু প্রদেশে একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠায় এমকিউএমকে কোণঠাসা করতে তৎপর। এ জন্য তারা পশতুনদের তলে তলে উসকানি দিচ্ছে। পশতুনরা আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সমর্থক। পিপিপি অবশ্য এ অভিযোগ স্বীকার করে না। তারা বলছে, সহিংসতা বা বিদ্বেষ নয়, রাজনৈতিক সমঝোতাই তাদের নীতি। তবে পিপিপি যাই বলুক না কেন, এমকিউএম তাদের সঙ্গে আর জোট বজায় রাখতে ইচ্ছুক নয়। গত মাসে বিরোধী দল হিসেবে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করে তারা।স্থানীয় অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কেও রয়েছে জটিলতা। বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে এসব দলের ঘনিষ্ঠতা রয়েছে। অপরাধী দলগুলো ভূমি দখল, লুটপাট, অবৈধ অস্ত্রের ব্যবসা—এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। মানবাধিকার কমিশনের মতে, সরকার কোনো ভূমিকা রাখতে পারছে না বলে করাচি সংকটের সমাধান এখন স্থানীয় রাজনীতিকদের হাতে। সহিংসতা বন্ধে তারা নিজ থেকে উদ্যোগী হয়ে এগিয়ে না এলে অপরাধী চক্রসহ কায়েমি স্বার্থবাদীরা ফায়দা লুটতে থাকবে। এতে করাচির পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাবে।করাচির সহিংসতায় সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে পরিকল্পিত হত্যা। এ ব্যাপারে সরকার ও কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে এমকিউএম পাকিস্তানি তালেবানকে দোষ দিয়ে আসছে। এ ব্যাপারে জোরালো কোনো প্রমাণ অবশ্য এখনো পাওয়া যায়নি। তবে এএনপি বলছে, পরিকল্পিত বেশির ভাগ হত্যাকাণ্ডে তালেবানের হাত রয়েছে। তালেবান বাহিনীর সদস্যরা মূলত পশতুভাষী। করাচির হত্যাকাণ্ডের শিকার বেশি হচ্ছে উত্তরাঞ্চল থেকে আসা পশতুনরাই। তালেবানই এ কাজ করছে—এএনপির এ অভিযোগের ব্যাপারেও জোরালো প্রমাণ নেই। তবে করাচিতে সন্ত্রাসী হামলায় তালেবান ও আল-কায়েদার জড়িত থাকার বিষয়টি নতুন নয়। পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র বন্দরনগর করাচিতে সহিংসতায় যারাই জড়িত থাক এর চড়া মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। জানমালের ক্ষয়ক্ষতি তাদেরই সবচেয়ে বেশি। বৃহত্তর পরিসরে দেশের অর্থনীতির বড় ক্ষতি তো আছেই।বর্ষীয়ান ফজল আয়াজ ৪০ বছর ধরে আছেন করাচিতে। পশতুন জাতির মানুষ ফজল পেশায় স্কুটারচালক। রাজনীতি বা কারও সাতে-পাঁচে নেই। তিনি বলেন, ‘আমি দিনভর স্কুটার চালাই। শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটে যাই। কখন যে ঘাতক বুলেট এসে প্রাণ কেড়ে নেয় কে জানে?’স্কুটারচালক ফজলের এ কথায় পরিষ্কার যে, করাচির জনজীবন এখন কতটা অনিশ্চিত। তিনি বলেন, চোখের সামনে লুটতরাজ হয়। দিন-রাতের ফারাক নেই। হঠাৎ আসা গুলিতে বেঘোরে মরছে মানুষ। নগরের কোনো কোনো এলাকায় পশতুনদের শত্রু হিসেবে দেখা হয়। ওই সব এলাকায় যাত্রী নিয়ে যাওয়া বিরাট ঝুঁকি। এরপরও রুটিরুজির কারণে ফজলকে এই ঝুঁকি নিতেই হয়।সৈয়দা শায়েস্তা শাহজাদ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এক দিন বাইরে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়েছে। এ সময় তাঁদের প্রতিবেশী এক কিশোর কৌতূহলী হয়ে জানালা খুলে উঁকি দিল বাইরে। অমনি একটি বুলেট এসে কেড়ে নিল তার প্রাণ। শাহজাদ বলেন, হামলাকারীরা মেশিনগানের মতো ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। গ্রেনেড ও রকেট ছুড়তেও পিছপা হচ্ছে না। তাদের এই অস্ত্রবাজি যে নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই।পাকিস্তান সরকারের বার্ষিক করের ৭০ শতাংশ আসে করাচি থেকে। করাচির পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন রাজনৈতিক নেতা সেনা মোতায়েনের প্রস্তাব করেছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। অতীতে এ ধরনের পরিস্থিতিতে সেনা মোতায়েনের বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি। এর ফলও ভালো নয়। বরং এতে সেনা হেফাজতে মৃত্যুর ঘটনায় সরকারকে কঠোর সমালোচনা হজম করতে হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিন্দায় সোচ্চার হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। রেহমান মালিক বলেছেন, সেনা মোতায়েন না করে বরং পরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কবে নাগাদ এ পরিকল্পনার বাস্তবায়ন ঘটবে, এ ব্যাপারে পরিষ্কার কোনো আভাস দেননি তিনি।বর্তমানে অপরাধ দমনে করাচির পুলিশ বিতর্কিত ভূমিকা পালন করছে। গত ফেব্রুয়ারিতে তারা পরিকল্পিত রাজনৈতিক হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে দুজনের বিরুদ্ধে ১৩ জনকে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে। অপরজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অস্ত্র ও গুলি সরবরাহের। করাচির পুলিশ সুপার রাজা ওমর খাত্তাব বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে সরাসরি ১৩ জনকে হত্যা করার তথ্যপ্রমাণ রয়েছে। নিহতদের মধ্যে এক বছর বয়সী শিশুও রয়েছে।কিন্তু এই গ্রেপ্তারের ঘটনা পুলিশ কর্মকর্তার বক্তব্য পর্যন্তই আটকে থাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কোন দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করেছে, তা পুলিশ বের করতে পারেনি। সোজাসাপ্টা ভাষায় বললে রাজনৈতিক স্পর্শকাতরতার বিষয়টিকেই অগ্রাধিকার দিয়ে ঘটনাটিকে ধামাচাপা দেওয়া হয়। করাচির শিক্ষাবিষয়ক কর্মকর্তা আজিজ কাবানির মতে, নগরের পরিস্থিতি দিন দিন এমন অবনতির দিকে যাচ্ছে যে এতে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা দেখা দিতে পারে। চলমান সহিংসতার কারণে দেখা দিতে পারে গুরুতর অর্থনৈতিক সংকট। বেশ কয়েক বছর ধরে চলমান সহিংসতা করাচিতে এমন এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে যে সেখানে ব্যবসায়ীসহ সব পেশাজীবী বিপুল ক্ষতির সম্মুখীন। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ২০১০ সালের সহিংসতা ও ধর্মঘটে কয়েক হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে তাঁদের। চলতি বছর এ ক্ষতি আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।