করিডর
>

জীবনের অনেক ঘটনাই রোমাঞ্চকর উপন্যাসকেও হার মানায়। আবার জীবনযাপনের কিছু ঘটনা ছুঁয়ে যায় হৃদয়, স্মৃতিতে গেঁথে থাকে আজীবন। বাস্তবের রুদ্ধশ্বাস কাহিনি ও জীবন যেমন বিভাগে ছুটির দিনে প্রতি সপ্তাহেই পাঠকের এ ধরনের লেখা তুলে ধরে। ৪ নভেম্বর প্রথম আলোর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছুটির দিনের এ দুটি বিভাগে পাঠকের বিশেষ লেখা আহ্বান করা হয়েছিল। তাতে সাড়া দিয়ে প্রচুর লেখা পাঠিয়েছেন পাঠকেরা। সেসব থেকে বাছাই করা লেখা নিয়ে সাজানো হয়েছে এবারের ছুটির দিনে।
সেবার বলা নেই কওয়া নেই হঠাৎ খুব শীত পড়েছিল রাজশাহীতে। আমরা যাচ্ছিলাম একটি সামাজিক সংগঠনের বুট ক্যাম্পে, ঢাকায়। রাজশাহী রেলস্টেশনে যখন সবাই মিলিত হলাম, তখন মোটা কাপড়ের উষ্ণতা ছাপিয়ে সবাই কম–বেশি কাঁপছি। রাতে মজা করতে করতে যাওয়ার জন্য কেবিন নেওয়া হয়েছিল। ভেবেছিলাম গল্প, কবিতা, গান, আড্ডা আর সঙ্গে চা চলতে থাকবে। আমি আমুদে মানুষ তাই কত স্বপ্নের জালই না বুনেছিলাম। কিন্তু বাস্তবতা হলো, ঘণ্টা খানেকের মাথায় ট্রেনের ছন্দে আমি ছাড়া সবাই ঘুমিয়ে পড়ল। সমস্যা শুধু আমার। নিজের বিছানা ছাড়া এমনিতেই ঘুম আসতে চায় না। কী আর করা! কানে হেডফোন দিয়ে ঢুকলাম গানের রাজ্যে।
তখন রাত বেশ গভীর। দরজা ঠেলে করিডরে দাঁড়ালাম। সরু, লম্বা করিডরটা সুনসান। কেউ নেই, কেবিনের দরজাগুলোও বন্ধ। সবার ঘুম দেখার চেয়ে করিডরের নীরবতা দেখতে ভালোই লাগছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি জোছনার মায়াবী আলো ধুয়ে দিচ্ছে চারপাশ। যেসব শব্দ রাতের একান্ত নিজস্ব, সেগুলো ভেঙে যাচ্ছে ট্রেনের ছন্দে। ট্রেনের দুলুনি সামলে করিডরে হাঁটছিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে একজন আসছে। কিন্তু আমরা দুজন তো পাশাপাশি হলে কেউ কোনো দিকে যেতে পারব না। তার ওপর শীতের কাপড় পরে দুজনেই প্রশস্ত হয়ে আছি। একটু ভাবনায় পড়ে গেলাম। ভয়ও করছিল।

আমরা যখন পাশাপাশি হলাম তখন চেষ্টা করলাম জানালার দিকে সরে থাকতে। যেটুকু পারা যায় আরকি। অবাক হয়ে অনুভব করলাম সে যেন দেয়ালের সঙ্গে মিশে গেল। পার হতে কোনো সমস্যাই হলো না। কিন্তু এমন তো হওয়ার কথা না। অপ্রয়োজনীয়ভাবে মেয়েদের শরীর ছুঁয়ে দেওয়া ঠেকাতে আমি তার চোখের দিকে তাকিয়ে ছিলাম। এমন সুন্দর চোখ আমি কোনো দিন দেখিনি। তার চেহারাটাও অন্য রকম। আমাদের চারপাশের মানুষের চেয়ে সুন্দর। আমার মাথা ঝিমঝিম করছিল অপরিচিত সুন্দর, সুবাসে। এরপর আর কিছু মনে নেই।
পরে শুনেছি আমি করিডরে পড়েছিলাম অচেতন হয়ে। অদ্ভুত বিষয় হলো, কোনো কিছু খোয়াও যায়নি। ফোন, গলার মালা, হাতের আংটি সবই ঠিক আছে। অচেতন হলাম নাকি করা হয়েছিল আজও জানি না। সে রাতের কথা মনে করলে তাকে কেন যেন মানুষ বলে মনে হয় না। সে যেন আমার করিডরে এসেছিল একটা ঘোরের মধ্যে আমাকে ফেলে রাখার জন্য।
উদ্যোক্তা, কাজীহাটা, রাজশাহী।